বিমান সেনা পদে চাকরির সুযোগ

বিমান সেনা হিসাবে প্রভোস্ট এবং গ্রাউন্ড কমবেটিয়র পদে আবেদনের সুযোগ পাবেন শুধু পুরুষ প্রার্থীরাই l ছবি: সংগৃহীত
বিমান সেনা হিসাবে প্রভোস্ট এবং গ্রাউন্ড কমবেটিয়র পদে আবেদনের সুযোগ পাবেন শুধু পুরুষ প্রার্থীরাই l ছবি: সংগৃহীত

বিমান সেনা পদে লোক নেবে বাংলাদেশ বিমানবাহিনী। সম্প্রতি বিমান সেনার জন্য প্রভোস্ট এবং গ্রাউন্ড কমবেটিয়র পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রভোস্ট এবং গ্রাউন্ড কমবেটিয়র পদে আবেদনের সুযোগ পাবেন শুধু পুরুষ প্রার্থীরাই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন-প্রক্রিয়া, জেলাভেদে আবেদন করা যাবে ২৬ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

বিমানবাহিনীতে প্রভোস্ট এবং গ্রাউন্ড কমবেটিয়র পদে আবেদনের জন্য আবেদনকারীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ ৩.৫০ নিয়ে পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি উভয় পদে আবেদনের জন্যই আবেদনকারীর উচ্চতা হতে হবে কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি, বুকের মাপ হতে হবে ৩০ থেকে ৩২ ইঞ্চি, ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। এ ছাড়া আবেদনকারীর চোখের দৃষ্টি হতে হবে ৬/৬ অথবা বিধি অনুযায়ী। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে। শিক্ষাগত ও শারীরিক যোগ্যতার পাশাপাশি আগামী ৩০ মার্চ, ২০১৭ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৬ থেকে ২১ বছরের মধ্যে।

আবেদনের নিয়ম

বিমানবাহিনীতে প্রভোস্ট এবং গ্রাউন্ড কমবেটিয়র পদে আবেদনের জন্য দুটি পদ্ধতি রয়েছে। সরাসরি আবেদনপত্র সংগ্রহ করে অথবা অনলাইনে আবেদন ফরম পূরণ করে। সরাসরি আবেদনের জন্য আবেদনকারীকে সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফের অনুকূলে ১৫০ টাকা মূল্যের মেশিন রিডেবল পে-অর্ডারের বিনিময়ে প্রতি কার্যদিবসে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত সময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পে-অর্ডার অবশ্যই অগ্রণী, সোনালী, রূপালী, টিবিএল ও জনতা ব্যাংক শাখায় পরিশোধযোগ্য হতে হবে। আবেদনপত্র সংগ্রহ করা যাবে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, যশোরের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক, টাঙ্গাইলের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর, বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার, মৌলভীবাজারের বাংলাদেশ বিমানবাহিনী র‍্যাডার স্টেশন, বগুড়ার বাংলাদেশ বিমানবাহিনী র‍্যাডার স্টেশন, লালমনিরহাটের বাংলাদেশ বিমানবাহিনী তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট এবং মৌলভীবাজারের বাংলাদেশ বিমানবাহিনী স্টেশন শমশেরনগরে। আবেদনপত্র নিজ নিজ জেলার পরীক্ষার কমপক্ষে একদিন আগে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে পরীক্ষার দিন সঙ্গে করে নিয়ে আসতে হবে।

অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে www.joinbangladeshairforce.mil.bd এই ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর Apply Now ট্যাবে ক্লিক করে সেখানে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রের মূল্য বাবদ ১৫০ টাকা টেলিটক, বিকাশ অথবা ট্রাস্ট ব্যাংক মোবাইল মানি (টিবিএমএম), ভিসা ডেবিট অথবা ক্রেডিট কার্ড (কিউ-ক্যাশ মেম্বার ব্যাংক কার্ড) ব্যবহার করে পরিশোধ করা যাবে। এ ক্ষেত্রে Apply Now ট্যাবের নিচে How to Apply ট্যাবে ক্লিক করে সেখানে প্রাপ্ত নিয়মাবলি অনুসরণ করতে হবে। অনলাইন আবেদনপত্রে সদ্য তোলা রঙিন ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনপত্র সম্পন্ন করার পর পরীক্ষার দিন কেন্দ্রে আবেদনপত্রের সঙ্গে সব সংযুক্তির কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে। অনলাইনে http://bit.ly/2efdO7P এই ঠিকানায় সংযুক্তির তালিকা পাওয়া যাবে।

পরীক্ষা এবং নিয়োগ পদ্ধতি

বিমানবাহিনীতে প্রভোস্ট এবং গ্রাউন্ড কমবেটিয়র পদে আবেদনের জন্য সঠিকভাবে আবেদনপত্র পূরণের পর নির্ধারিত দিনে সকাল আটটায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষা আগামী ২৬ অক্টোবর, ২০১৬ এবং খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের পরীক্ষা আগামী ২৭ অক্টোবর, ২০১৬ তারিখে বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরোনো বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১৫১৫ ঠিকানায় সকাল আটটা থেকে শুরু হবে। এ ছাড়া বিমানবাহিনী কর্তৃক আগে প্রকাশিত তারিখেও পরীক্ষা নেওয়া হবে।

প্রভোস্ট এবং গ্রাউন্ড কমবেটিয়র, উভয় পদের জন্যই আবেদনকারীদের মধ্য থেকে লিখিত পরীক্ষা (আইকিউ, ইংরেজি), শারীরিক যোগ্যতা পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ৩৬ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে প্রভোস্ট ট্রেডে চৌকস চালচলনের অধিকারী প্রার্থীদের এবং গ্রাউন্ড কমবেটিয়র ট্রেডে সুঠাম শারীরিক গঠন এবং কষ্টসহিষ্ণু প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা

চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বাংলাদেশ বিমানবাহিনীর বেতন স্কেল অনুযায়ী নির্দিষ্ট হারে বেতন এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিশেষ সুবিধা হিসেবে উচ্চতর শিক্ষা, বিদেশে প্রশিক্ষণ, ইউএন মিশন, রেশন, বাসস্থান, চিকিৎসাসহ সন্তানের বিএএফ শাহীন কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে (এএফএমসি) অধ্যয়নের সুযোগ পাবেন।

বিস্তারিত জানতে যোগাযোগ

বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র

পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫

ওয়েবসাইট: www.joinbangladeshairforce.mil.bd