নানা কর্মসূচির মাধ্যামে পটিয়ায় বিমান হামলা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৬ এপ্রিল পটিয়া থানার মোড়সহ আশপাশের এলাকায় হানাদার পাকিস্তানিরা বিমান হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ সময় ১৮ থেকে ২০ জন লোক মারা যান। দিনটি উপলক্ষে ১৬ এপ্রিল বিকেলে পটিয়া থানার মোড়ের অস্থায়ী শহীদ স্মৃতি বেদিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে পটিয়া মুক্তিযোদ্ধা সংসদ, গৌরব সংসদ ও সনাক ইয়েস গ্রুপ। একই দিন পশ্চিম গৌবিন্দারখীল এলাকায় একই পরিবারের নিহত তিনজন শহীদের স্মৃতিস্থানেও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় গৌরব সংসদ। পরে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সভাপতি এস এম এ কে জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র হারুনুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দীন আহমদ, অধ্যাপক আবদুল আলীম, সনাক সভাপতি কবি শেখর নাথ, সাংবাদিক শরীফ চৌহান, হারুনুর রশিদ ছিদ্দিকী, আবদুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগ নেতা আইয়ুব বাবুল, প্রভাষক অভিজিত বড়ুয়া, সিপিবি নেতা শ্যামল দে, জাফর আহমদ প্রমুখ।