বার্ষিক বিমান ওঠানামার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার হার্টজফিল্ড-জ্যাকসন বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর। ২০০৫ ও ২০০৬ সালে বিমানবন্দরটিতে যথাক্রমে নয় লাখ ৮০ হাজার এবং নয় লাখ ৭৬ হাজার বিমান ওঠানামা করে। দ্বিতীয় অবস্থানে থাকা শিকাগো বিমানবন্দরে উল্লিখিত বছর বিমান ওঠানামার সংখ্যা যথাক্রমে নয় লাখ ৭২ হাজার এবং নয় লাখ ৫৮ হাজার। যাত্রীর আসা-যাওয়ার বিষয়টি বিবেচনায় নিলেও হার্টজফিল্ড-জ্যাকসন বিমানবন্দর বিশ্বের প্রথম স্থান অধিকারী। এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান বেইজিং বিমানবন্দরের। ২০১০ সালে বিমানবন্দর দুটি দিয়ে যথাক্রমে সাত কোটি ৪৯ লাখ এবং ছয় কোটি ২০ লাখ যাত্রী যাতায়াত করে। যুক্তরাষ্ট্রের টেনেসির মেম্ফিস আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো পরিবহনে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর। ২০০৯ সালে বিমানবন্দরটি দিয়ে ৩৬ লাখ ৯৭ হাজার কার্গো পরিবহন হয়। একই বছর দ্বিতীয় অবস্থানে থাকা হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পরিবহনের সংখ্যা ৩৩ লাখ ৮৫ হাজার। চীনের কামদো বাংদা বিমানবন্দরের রানওয়ে সবচেয়ে লম্বা; প্রায় পাঁচ হাজার ৫০০ মিটার। আর রাশিয়ার উলিয়ানভস্ক ভস্তকনি বিমানবন্দরের রানওয়ে সবচেয়ে চওড়া—১০৫ মিটার। লিচটেনস্টেইন, এন্ডোরা, ভ্যাটিকান সিটি, স্যান ম্যারিনো ও মোনাকো সিটি—দেশগুলোতে কোনো বিমানবন্দর নেই।উইকিপিডিয়া অবলম্বনেসামসুল আলম