বিমানবন্দর সড়কে নড়বড়ে বেইলি সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের বিজয়নগর পোড়াপাড়া এলাকার বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুটিকে ঘিরে দুর্ঘটনায় গত চার বছরে চারজন নিহত ও অনেকে আহত হয়েছেন। স্থানীয় লোকজন জানান, প্রতিদিন অতিরিক্ত পণ্যবোঝাই গাড়ি চলাচলের কারণে সেতুটি নড়বড়ে হয়ে উঠেছে।জানা গেছে, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর কর্ণফুলী নদীর মোহনার ১৫ নম্বর ঘাটের কাছে বিমানবন্দর সড়কের ওপর আট ফুট প্রস্থের একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে যানবাহন চলাচল বেড়ে গেলে ২০০০ সালে ওই সেতু ঘেঁষে নির্মাণ করা হয় আরও একটি বেইলি সেতু। বিমানবন্দর থেকে পতেঙ্গা পর্যন্ত বিভিন্ন পণ্য নিয়ে শত শত যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে। সেতুর নড়বড়ে অবস্থার কথা স্বীকার করে ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সালেহ আহমদ বলেন, ‘২০০০ সালে কমিশনার থাকাকালীন সময়ে এটিকে আমরা দুই লাইনে উন্নীত করি। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা চাই সেতুটি দ্রুত পাকা করা হোক।’সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের কাছের সেতুর দুইদিকেই ভারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। একের পর এক যানবাহন চলার কারণে সেতু পার হতে পথচারীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অনেককে ঝুঁকি নিয়ে দৌড়ে সেতুটি পার হতে দেখা যায়।এই সড়কে চলাচলকারী মাইক্রোবাস চালকদের অভিযোগ, সেতুটির আশপাশে কোনো আলোর ব্যবস্থা এবং সড়ক চিহ্নিতকরণ ফলক না থাকায় রাতের বেলা প্রায়ই দুর্ঘটনা ঘটে। তা ছাড়া, গাড়ি চলাচলের সময় সেতুটি ভয়ংকরভাবে কাপতে থাকে। স্থানীয় পোড়াপাড়া আর্ট স্টেটের প্রতিষ্ঠাতা আবু নাসের জানান, তাঁরা এক জরিপ চালিয়ে দেখেছেন এই সেতুকে ঘিরে গত চার বছরে দুর্ঘটনায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। গত জানুয়ারিতে বিজয়নগর এলাকার বাসিন্দা রিকশাচালক সাইদুল হক একটি বাসের ধাক্কায় সেতুর নিচে পড়ে গিয়ে পঙ্গু হয়ে যান।সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে ৪১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নুরুল আবছার বলেন, ‘সেতুটি পাঁচ টনের যান চলাচলের উপযোগী হলেও এর চেয়েও অনেক বেশি পরিমাণের ভারী যানবাহন এর ওপর দিয়ে চলাচল করছে। তবে শিগগিরই এটির দুপাশে ‘ওভার পাইপ’ লাগানো হবে যাতে এ ধরনের যান চলাচল করতে না পারে। তা ছাড়া, ভবিষ্যতে সেতুটি পাকা করার পরিকল্পনা আছে।’