বিমানবন্দরে বিদায়ের কান্না, মিলনের আনন্দ
শ্রাবণের বিকেলে ভাদ্রের মেঘ। সেই মেঘ ঝরে পড়ল আকাশের কান্না হয়ে। গাছগাছালির ফাঁকে, এদিকে-ওদিকে জটলা। কান্না ওইখানেও। লরি ঠেলে বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ছেন মধ্যবয়সী লোকটি। চার-পাঁচ বছরের ছেলেটি করুণ চোখে তাকিয়ে আছে, পাশে তাঁর মা। গ্রামীণ বধূটির চোখে চিকচিক করছে একবিন্দু জল। লোকটা অদৃশ্য হতেই আঁচলে মুখ ঢাকলেন সেই বধূ, ডুকরে কেঁদে উঠল শিশুটিও। অন্যদিকে ঠিক বিপরীত দৃশ্য! অধীর অপেক্ষায় শত শত মানুষ। দীর্ঘ পরবাস থেকে দেশে ফিরছেন প্রিয়জন। তাঁকে গ্রহণ করার জন্য পুরো পরিবারই চলে এসেছেন। স্বজনদের চোখে আনন্দের ঝিলিক। নিরাপত্তাকর্মীদের কোনো কথাই তাঁদের কানে যাচ্ছে না। কর্মীরা বাঁশি বাজিয়ে বার বার দূরে সরিয়ে দিচ্ছিলেন লোকজনকে। একজন তো বলেই বসলেন—‘সরেন, সরেন!! এতাক্কিন মানুষ আনন পরে না, ঘরের পেন্ডাগোনেরেও লই আইন্নুন। শুধু ডিস্টার্ব গরন! হতা হইলে নঅ হুনে।’ (সরে দাঁড়ান! এত মানুষকে আনতে হয়? ঘরের বাচ্চাদেরও নিয়ে এসেছেন, শুধু ডিস্টার্ব করে! কথা বললে শুনে না।’) এমন দৃশ্য প্রতিদিনই দেখা যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। যেখানে বিদায়ের কান্নায় ভারী হয় আশপাশ, আবার মিলনের আনন্দে মেতে ওঠেন মানুষ।৪ আগস্ট বিকেল পাঁচটা। বিমানবন্দরে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল অধিকাংশ যাত্রী দুবাই কিংবা ওমানে যাচ্ছেন। কেউ যাচ্ছেন শ্রমিক ভিসায়, কেউ দোকানে, বাগানে বা অন্য কোথাও চাকরি করবেন। কেউ কয়েক মাসের জন্য এসে আবার ফিরে যাচ্ছেন। কথা হলো মো. সাইফুল আলমের সঙ্গে, তাঁর বোনের স্বামী ওমানে যাচ্ছেন। ‘বিদায় দিতে এসে কেমন লাগছে আপনার?’ প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘স্বাভাবিকভাবে খারাপ লাগছে। উনি তিন বছর পর এসেছেন। বেশি দিন থাকায় বেশি কষ্ট হচ্ছে।’স্বামীকে বিদায় দিতে এসেছেন নুসরাত আকতার। রাত নয়টার ফ্লাইটে দুবাই যাবেন ঘরের মানুষটি। বললেন, ‘নতুন বিয়ে হয়েছে আমাদের। মাত্র দেড় মাস সংসার করেছি। ছুটি ফুরিয়ে গেছে বলে চলে যেতে হচ্ছে তাকে। ফিরবে এক বছর পর। জানি না যে ছুটি সে আমাকে দিয়ে যাচ্ছে তা কীভাবে কাটাব আমি।’ ছোট সুইটি তার মামাকে বিদায় দিতে এসেছে। সে এসেছে শিকলবাহা থেকে। লোহাগাড়ার আব্দুল হাকিম এসেছেন ছেলেকে বাড়ি নিয়ে যেতে। সঙ্গে এসেছেন তাঁর স্ত্রী জমিলা বেগম। ছেলেকে কাছে পেয়ে হাউমাউ করে কেঁদে ফেললেন তিনি। সবাই হাসছে আপনি কাঁদছেন কেন? কাঁদতে কাঁদতেই উত্তর দিলেন তিনি—‘আঁর দুধর মাছি বিদেশত কেন গরি গেইয়ে এই চিন্তায় আঁর ঘুম নঅ আছিল চোখত। প্লেইন বলে আকাশত চলে, আল্লায় জানে ক্যান গরি চলে। আঁই আঁর পোয়ারে ফেরত পাই আর বিদেশত যাইতাম নদ্যইম।’ (আমার দুধের বাচ্চা কীভাবে বিদেশে গেল সেই চিন্তায় আমার চোখে ঘুম ছিল না। প্লেন নাকি আকাশে চলে, আল্লাহ জানে কীভাবে চলে! আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি আর বিদেশে যেতে দেব না।)ছেলে মাকে জড়িয়ে ধরে বললেন, ‘মা আঁই ভালা আছিলাম। কষ্ট গরি টেঁয়া হামাইয়ি। এহন ঘর বানায়ম, বইনরে বিয়া দিয়ম।’তখনই গাড়ি নিয়ে এলেন তাঁর বাবা। কথা না বাড়িয়ে গাড়িতে মালপত্র তুলতে লাগলেন তিনজনেই।বাবা আসবে তাই মা ও চাচার সঙ্গে বিমানবন্দরে এসেছে ছোট্ট জিসান। তার মা জানালেন, জিসান ভূমিষ্ট হওয়ার আগেই তার বাবা বিদেশ চলে যায়। বাবা আসবে তাই এক সপ্তাহ ধরে এখানে আসার প্রস্তুতি নিয়েছে। জিসান বলল, ‘আমার বাবা ছবির মতন। ফোনে কত আদর করে বাবা। আজ আসলে আসল বাবাকে দেখব।’বিমানবন্দর এলাকায় জুস বিক্রি করে হালিম। সে বাবা-মার সঙ্গে থাকে পাশের চরবস্তি এলাকায়। সে জানায়, চার বছর ধরে এ ব্যবসা করে। প্রতিদিন ১০০-২০০ টাকা আয় করে। দোকান থেকে ১২ টাকায় পেপসি কিনে ১৫ টাকায় বিক্রি করে সে।এখানে মানুষ কাঁদে আর হাসে। এসব দেখে কেমন লাগে? ‘আমার বাবা কিছু করে না, তারে বিদেশ পাঠাই দিতে পারলে আমার মনে শান্তি আসত। আমি কিন্তু একদম কাঁদতাম না।’ বলে হালিম।বহির্গমনের সামনে একজন মহিলা মুখে কাপড় দিয়ে কাঁদছেন। স্বামী নিজের কান্না চেপে স্ত্রীকে হাসানোর চেষ্টা করছেন। মুঠোফোনে ছবি তোলার চেষ্টা করছেন বিদায় নেওয়ার আগে। কিন্তু স্ত্রী অবুঝ শিশুর মতো কাঁদছেন অঝোর নয়নে। ‘আমি যাচ্ছি, ভালো থেকো।’ কথাগুলো বলে সামনে এগিয়ে গেলেন। স্ত্রীর চোখে শ্রাবণধারা। তখনো কাঁদছে আকাশটা—বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারদিক।