বিমানবন্দরেই চোরাচালানি চক্রের সহযোগী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Untitled-20
Untitled-20

মধ্যপ্রাচ্যভিত্তিক বাংলাদেশি চোরাচালানিরা শাহ আমানত বিমানবন্দরকেসোনা পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেন। এখান থেকে সোনার বার পাচারে সহযোগিতা করেন বিমানবন্দরেরই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত গুটিকয়েক কর্মচারী। ইতিপূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত নির্দেশনা দেওয়া হলেও তাঁরা বহাল তবিয়তেই আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালে শাহ আমানত বিমানবন্দরের কর্মচারীসহ ২৭ জনকে পণ্য পাচারসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দরের স্থানীয় প্রশাসনকে লিখিত নির্দেশনা দেওয়া হয় সে সময়। তবে তদন্তে দুর্বলতার কারণে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সেই চিহ্নিত চক্রের সদস্য মোমেন মোকশেদের বিরুদ্ধে সোনার বার পাচারে সহযোগিতার প্রমাণ পেয়েছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। তাঁকে বরিশাল বিমানবন্দরে বদলি করা হলেও কার্যত বড় ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। সোনার বার পাচারে জড়িত অন্যরাও আছেন বহাল তবিয়তে।
জানতে চাইলে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম প্রথম আলোকে বলেন, সোনার বার পাচারে সহযোগিতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিক বদলি করা হয়েছে মোমেন মোকশেদকে। অন্যদেরও নিবিড় তদারকিতে রাখা হয়েছে।
কাস্টম হাউসের হিসাব অনুযায়ী, বিমানবন্দরে এ বছর আটটি স্বর্ণের চালান ধরা পড়েছে। এসব চালানে আসা দুই হাজার ১২১ তোলা ৭২১ গ্রাম বা প্রায় ২৫ কেজি সোনার বার জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ১২ কোটি টাকা। এর মধ্যে গত সাড়ে তিন মাসে আটক হয় ছয়টি চালান। এ সংক্রান্ত মামলা হলেও পাচারের মূল উৎস শনাক্ত করতে পারেনি পুলিশ। পাচারে সহযোগী হিসেবে অনেকে কাজ করছেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ। জানতে চাইলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সোনার বার পাচারে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই ছিলেন বাহক। এ কারণে পাচারের মূল উৎস শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে বিমানবন্দরে কোনো যাত্রীর লাগেজ স্ক্যানিং ছাড়া বের হওয়ার সুযোগ না থাকলে সোনার বার পাচার করা সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি।
সূত্র জানায়, গত ২৩ জুলাই ১৭ কেজি ৪০০ গ্রাম সোনার বার ও গয়নাসহ আটক মীর শাহনেওয়াজকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাঁর দায়িত্ব ছিল বিমানবন্দরের শৌচাগার পর্যন্ত পৌঁছে দেওয়া। সেখান থেকে বিমানবন্দরে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নির্দিষ্ট ব্যক্তির কাছে ওই স্বর্ণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন। কিন্তু শৌচাগারে পৌঁছানোর আগে শাহনেওয়াজ ধরা পড়ায় বিমানবন্দরে কর্মরত সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এবার বিমানবন্দরের নিয়োজিত কর্মচারীদের সোনার বার পাচারে সহযোগিতার প্রমাণ মিলেছে। ২ নভেম্বর সোনার বার পাচার চেষ্টার ঘটনায় বিমানবন্দরের কর্মচারী মোমেন মোকশেদ জড়িত বলে সচিত্র প্রমাণ পেয়েছে এ সংক্রান্ত কমিটি। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত অন্য কর্মচারীদেরও দায়িত্বে অবহেলার প্রমাণ পায় কমিটি।
সূত্র জানায়, সোনার বারের লাগেজ নিতে আসা ফরহাদ হোসেনকে আটক রাখার নির্দেশনা দিয়েছিলেন বিমানবন্দরের কর্মকর্তা মো. আবদুল্লাহ আল ফারুক. আবু মো. ওমর শরীফ ও নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম। কিন্তু নির্দেশ অমান্য করে বিমানবন্দরে নিয়োজিত আনসার সদস্য মাহফুজুর রহমান, মো. শাহিন মিয়া ও সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিসি (আনসার) মো. ইলিয়াছ উদ্দিন ফরহাদ হোসেনকে ছেড়ে দেন। এরপর রাজস্ব কর্মকর্তারা মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় স্বর্ণবার আটক হওয়ার মিথ্যা বিবৃতি দিয়ে মূল ঘটনা আড়াল করার চেষ্টা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোমেন মোকশেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ আনা হয়েছে। আমি কখনোই এসব করিনি।’ সচিত্র প্রমাণ পাওয়ার বিষয়টিও ষড়যন্ত্রমূলক বলে তিনি মন্তব্য করেন।