
টারজানের গল্প কে না জানে৷ গাছের ওপর সে বানিয়েছিল নিজের বসতঘর৷ কিন্তু ক্যাম্পবেলের গল্পটা কি জানেন? গল্প নয়, সত্যি৷ ৬৪ বছর বয়সী ক্যাম্পবেল পরিত্যক্ত এক বিমানকেই বানিয়েছেন তাঁর বসবাসের দ্বিতীয় ঠিকানা! বছরের ছয় মাস বিমান-বাড়িতেই কাটে তাঁর৷

পুরো নাম ব্রুস ক্যাম্পবেল৷ বাস করেন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমের এক রাজ্য ওরেগনে৷ শুরুতে তাঁর মূল পরিকল্পনা ছিল একটি মালবাহী ভ্যানকে বসতঘরে পরিণত করা৷ কিন্তু ভেবে দেখলেন, ভ্যানের চেয়ে একটি বিমান অধিকতর আকর্ষণীয় হতে পারে৷ এই ভাবনা অবশ্য তাঁর মাথায় আসে মিসিসিপির একজন নরসুন্দর এমনটা করেছেন শোনার পর৷ খবরটা শোনার পর ক্যাম্পবেল আর কালক্ষেপণ করেননি৷ কিনে ফেলেছেন একটি পরিত্যক্ত ৭২৭ বোয়িং বিমান৷ আর লেগে পড়েছেন বিমানটিকে কীভাবে বসতঘরে রূপ দেওয়া যায়, সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষায়৷ রাত-দিন কাজ করে পরিত্যক্ত বিমানটিকে বসবাসের উপোযোগী করেছেন তিনি৷ ককপিট থেকে ফ্লাইটের সিঁড়ি, লাইটিং, এমনকি শৌচাগার—সবকিছুই নতুন করে তৈরি করেছেন৷ তবে বিমানের মূল কাঠামো আছে অপরিবর্তিত৷ দীর্ঘমেয়াদি এই কাজে তাঁর ঘুমানোর নিয়ম ছিল, ‘যেখানেই রাত সেখানেই কাত’৷ একটা মাদুরের ওপর ঘুমাতেন, স্নান করতেন এক ক্ষণস্থায়ী ঝরনার জলে আর খাবার বানাতেন মাইক্রোওভেনে৷ বেশির ভাগ সময় খেতেন খাদ্যশস্য আর বোতলজাত খাবার৷ বসতঘরে রূপ দেওয়া সেই বিমানটির পাশে দাঁড়িয়ে ক্যাম্পবেল স্মিতহাস্যে বলেন, ‘এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমি মানুষের অভ্যাস বদলাতে যাচ্ছি৷’

ক্যাম্পবেলের এই প্রয়াসের মাধ্যমে সব মানুষের অভ্যাস বদল করা সম্ভব কি না, সে বিষয়ে অবশ্য যথেষ্ট সন্দেহ পোষণ করেছেন বিমান বাহিনীর রিসাইকেলিং অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র৷ তাঁর ভাষায়, এই পদ্ধতিতে কতগুলো বিমান বাসযোগ্য করা সম্ভব, তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না৷
তবে এ ঘটনার পর শিল্পনেতাদের সংস্থা ‘আফরা’ বিমানকাঠামো ও ইঞ্জিনের টেকসই ব্যবহারের ওপর মনোনিবেশ করেছে৷ পরিসংখ্যান অনুযায়ী, পরবর্তী তিন বছরের মধ্যে আনুমানিক এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ বিমান ভেঙে ফেলা হবে এবং পরবর্তী দুই দশকে প্রতিবছর ৫০০ থেকে ৬০০ বিমান পরিত্যক্ত হবে৷ আফরার মুখপাত্র মার্টিন টুড বলেন, ‘আমরা চাই সেগুলো পুনরুদ্ধার করে পরিবেশবান্ধব টেকসই ফ্যাশনে পরিণত করতে৷’
মানুষ বাসাবদলের কথা ভাবে আর ক্যম্পবেল নাকি বিমানবদলের কথা ভাবছেন৷ শিগগির তিনি বোয়িং ৭৪৭ কিনবেন বলে মনস্থির করেছেন!
মারুফ ইসলাম
সূত্র: ডেইলি মেইল