বিমানসেনা হতে পারেন এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ বাংলাদেশ বিমানবাহিনীর মূলমন্ত্র। ১৯৭১ সালে এ বাহিনীর যাত্রা শুরু। দেশের আকাশসীমা বহিঃশত্রুর হাত থেকে রক্ষায় নিবেদিত এ বাহিনীর প্রত্যেক সদস্য। আকাশসীমার অতন্দ্রপ্রহরী হিসেবে কাজ করেন তাঁরা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় নিরাপত্তায় সব সময় থাকতে হয় প্রস্তুত। শুধু যে আকাশসীমা রক্ষা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত থাকেন তা নয়, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারকে সহযোগিতা করেও প্রশংসা কুড়িয়েছে এই বাহিনী। শুরুতে ছিল অল্পসংখ্যক সদস্য ও মাত্র তিনটি বিমান। বর্তমানে এই বাহিনীতে বিভিন্ন পদে প্রায় ১৪ হাজার কর্মকর্তা ও বিমানসেনা কর্মরত। যুক্ত হয়েছে প্রয়োজনীয়সংখ্যক যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার । বহুমুখী ও চ্যালেঞ্জিং এই পেশায় আসার আগ্রহ অনেকের। গৌরবোজ্জ্বল এই বাহিনীর বিমানসেনা হওয়ার সুযোগ এসছে। সম্প্রতি পত্রপত্রিকায় বিমানসেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মানে শুরু হয়ে গেছে নিয়োগ-প্রক্রিয়া।জানা যায়, টেকনিক্যাল ট্রেডের (কারিগরি শাখা) গ্রুপে এবং বি ও নন টেকনিক্যাল শাখায় নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। ফলে বিমানসেনা হিসেবে বাংলাদেশ বিমানবাহিনীতে পেশাজীবন শুরু করার সুযোগ পাবেন আগ্রহী তরুণ-তরুণীরা।পেশা হিসেবে যেমন: বাংলাদেশ বিমানবাহিনীতে পেশা সামাজিকভাবে সম্মানের ও গৌরবের। দেশের সেবা, ব্যক্তিত্ব বিকাশ, উন্নত জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিভার প্রস্ফুটন, আকাশে ঘুরে বেড়ানো, বিদেশযাত্রাসহ নানা কারণে এই পেশা আকর্ষণীয়। বাংলাদেশ বিমানবাহিনীর (বিমানবাহিনী সদর দপ্তর) রিক্রুটমেন্ট পরিদপ্তরের উপপরিচালক উইং কমান্ডার হুমায়ুন বলেন, যাঁরা দুঃসাহসিক অভিযানে অংশ নিয়ে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে চান এবং বিমানে বিভিন্ন দেশ ভ্রমণ করতে চান, তাঁদের জন্য বাংলাদেশ বিমানবাহিনীতে কাজ একটি বড় সুযোগ। এ ছাড়া এ বাহিনীতে নিয়োগ পেলে দেশের সেবা করার সুযোগ পাওয়া যায়। সামাজিক মর্যাদা ও সুশৃঙ্খল জীবন, নিশ্চিত পেশা, চাকরির নিরাপত্তাসহ নানা কারণে বাংলাদেশ বিমানবাহিনীর বিমানসেনা পদে চাকরি করতে চান অনেকেই।আবেদনের যোগ্যতা: বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যেকোনো বিভাগে চাকরি পেতে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক ও অন্যান্য যোগ্যতা থাকতে হবে আপনার। বাংলাদেশ বিমানবাহিনীর রিক্রুটমেন্ট পরিদপ্তর সূত্রে জানা যায়, বিমানসেনার কারিগরি শাখা ‘এ’র জন্য প্রার্থীর মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) উচ্চতর গণিতসহ ন্যূনতম জিপিএ-২.৫০ থাকতে হবে। কারিগরি শাখা ‘বি’র জন্য বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং জিপিএ-২.৫০। আর নন টেকনিক্যাল ট্রেডে যেকোনো শাখার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিমানসেনা পদের আবেদনের বিস্তারিত যোগ্যতা, আবেদন-প্রক্রিয়া, কোন এলাকায় কবে নিয়োগ চলবে ইত্যাদি তথ্য পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। বাংলাদেশ বিমানবাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, রিক্রুটমেন্ট পরিদপ্তর, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা থেকে সব তথ্য পাওয়া যাবে। এ ছাড়া www.baf.mil.bd ঠিকানার ওয়েবসাইটেও তথ্য পাওয়া যাবে।নিয়োগ-প্রক্রিয়া: বাংলাদেশ বিমানবাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শামীম জানান, বাংলাদেশ বিমানবাহিনীর বিমানসেনা পদের নিয়োগ-প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। ধাপগুলো হচ্ছে প্রাথমিক লিখিত পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা ও সবশেষে মৌখিক পরীক্ষা। নির্ধারিত তারিখে নির্ধারিত জায়গায় শুধু সংশ্লিষ্ট এলাকার আগ্রহী প্রার্থীদের নিয়ে নিয়োগ-প্রক্রিয়া চলে। প্রাথমিক লিখিত পরীক্ষা এক দিন হবে। স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা পরের দিন সম্পন্ন হয় বলে জানা য়ায়। পুরো নিয়োগ-প্রক্রিয়া শেষ করে দ্বিতীয় দিনই নির্বাচিত সদস্যদের তালিকা চূড়ান্ত করা হয় এবং তাঁদের প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিতে বলা হয়। তবে এরই মধ্যে প্রার্থীর প্রদত্ত তথ্য যাচাই-বাছাই করতে তাঁর ঠিকানায় তদন্ত করা হবে।প্রাথমিক লিখিত পরীক্ষা: নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক লিখিত পরীক্ষা। টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের লিখিত পরীক্ষার বিষয়ে পার্থক্য রয়েছে।আইকিউ পরীক্ষা: টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল সব প্রার্থীর বুদ্ধিমত্তা পরীক্ষা (আইকিউ) দিতে হবে। সবার পরীক্ষা একসঙ্গে হবে। সময় ৫০ মিনিট। মোট নম্বর ১০০। বহুমুখী নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ধরনের প্রশ্ন হবে।ইংরেজি: আইকিউ পরীক্ষায় উত্তীর্ণহলেএকই দিনে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট নম্বর ৫০। সময় ৬০ মিনিট। পরীক্ষা হবে বর্ণনামূলক ধরনের প্রশ্নে। ইংরেজিতে এসএসসির পাঠ্যক্রম অনুযায়ী প্রশ্ন হবে। সব প্রশ্ন থাকে ইংরেজি ব্যাকরণ থেকে।গণিত ও পদার্থ: গণিত ও পদার্থ বিষয়ের পরীক্ষা কেবল কারিগরি শাখার প্রার্থীদের জন্য। তবে অবশ্যই ইংরেজিতে পাস করতে হবে। বর্ণনামূলক প্রশ্নে সময় ৬০ মিনিট। মোট নম্বর ৫০। এসএসসি পাঠ্যক্রম থেকে প্রশ্ন হয়ে থাকে।ডাক্তারি ও স্বাস্থ্য পরীক্ষা: বাংলাদেশ বিমানবাহিনীর বিমানসেনা নির্বাচনের দ্বিতীয় ধাপ হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। প্রাথমিক লিখিত পরীক্ষায় যাঁরা পাস করবেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা পরের দিন। একই জায়গায় হবে এ পরীক্ষা। বাংলাদেশ বিমানবাহিনীর রিক্রুটিং মেডিকেল অফিসারদের (নিয়োগ শাখার চিকিৎসা কর্মকর্তা) দ্বারা পরিচালিত হয়। এখানে তাঁদের শারীরিক ফিটনেস, শারীরিক যোগ্যতাসহ নানা দিক পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে।মৌখিক পরীক্ষা: রিক্রুটিং লিডার ডাক্তারি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিয়ে থাকেন। মৌখিক পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদের প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিতে বলা হবে।প্রশিক্ষণ: বিমানসেনাদের প্রাথমিকভাবে ৩৬ সপ্তাহের বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে হয়। প্রশিক্ষণ হবে মৌলভীবাজারের শমশেরনগর বিমানবাহিনীর প্রশিক্ষণ স্কুলে। বুনিয়াদি প্রশিক্ষণে বিমানবাহিনী সম্পর্কে ধারণা, শৃঙ্খলা, শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা হয় প্রত্যেক সদস্যকে। থাকে বিমানের ওপর বিশেষ গুরুত্ব। সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে তাঁকে ‘এয়ারক্র্যাফটম্যান-২’ পদে নিয়োগ দেওয়া হবে।বেতন-ভাতা ও পদোন্নতি: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা পান বিমানসেনা। বিনা মূল্যে থাকা, খাওয়া, চিকিৎসা, হ্রাসকৃত মূল্যে রেশন, যাতায়াত ভাতা, অবসর ভাতাসহ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাওয়ার সুযোগ পাবেন তাঁরা। রয়েছে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুবিধা। একজন এয়ারক্রাফটম্যান পদোন্নতি পেয়ে লিডিং এয়ারক্র্যাফটম্যান, কর্পোরাল, সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত হতে পারেন।বাংলাদেশ বিমানবাহিনী এক উজ্জ্বল নাম। এই বাহিনীর সদস্য হয়ে আপনি হতে পারেন তার অংশীদার। পাবেন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে। তাই আপনিও এ সুযোগ নিতে পারেন।কৃতজ্ঞতা: আইএসপিআর, বিমানবাহিনী গোয়েন্দা পরিদপ্তর