বিমানের ঢাকা-টোকিও ফ্লাইট

২৫ মে ২০১৪। জাপানের হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল বাংলাদেশ বিমানের ঝকঝকে তকতকে একটি বিমান। সেদিন ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সফরসঙ্গীদের নিয়ে চার দিনের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন জাপানে। দীর্ঘ আট বছর পর বাংলাদেশ বিমানের আবার জাপানে আগমন।
এক সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ছিল। ১৯৭৯ সালে বাংলাদেশ বিমানের ঢাকা-টোকিও ফ্লাইট চালু হয়েছিল। ১৯৮১ সালে সাময়িক বিরতির পর তা আবার চালু হয়। তখন ঢাকা-নারিতা রুটে সেই ফ্লাইট চলত। ২০০৬ সালে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। ১৯৯২ সালে অবশ্য এই ফ্লাইট নাগোয়া পর্যন্ত সমপ্রসারণ করা হয়েছিল। সেটিও পরবর্তীতে বন্ধ হয়ে যায়।
প্রায় দুই যুগ আগে আমি জাপানে এসেছিলাম বাংলাদেশ বিমানের ফ্লাইটেই। ২০০৬ সালে বিমান বন্ধ হওয়ার আগ পর্যন্ত দেশে যাতায়াত করতাম বিমানের ফ্লাইটেই। বিমানের সেবার মান অন্যান্য বিমান সংস্থার তুলনায় যথেষ্ট খারাপ ছিল। তার পরও বিমান বিমানই। এখন যখন হংকং, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, চায়না বা থাইল্যান্ড হয়ে আমাদের বাংলাদেশে যেতে হয়। আর তখনই মনে হয় এই বিড়ম্বনার প্রহর কখন কাটবে। কখন চালু হবে বাংলাদেশ বিমান আবার!
জাপানপ্রবাসী সাংবাদিক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর কভার করার সুযোগ হয়েছিল আমার। ওই সময়ের দু'টি বিশেষ মুহূর্ত আমার জন্যে বিশেষ স্মরণীয় বলে মনে হয়েছে। যখন প্রথম হানেদা বিমানবন্দরের ওপর বাংলাদেশ বিমান লেখা আমাদের বিমানটি চক্কর দিয়ে নিচে নেমে এসে আস্তে আস্তে রানওয়েতে থেমে গেল সেই মুহূর্তটি। তখন বারবার মনে হয়েছিল আহা, বাংলাদেশ বিমান যদি আবার চালু হতো।
দ্বিতীয় স্মরণীয় মুহূর্তটি হচ্ছে, ২৬ মে সন্ধ্যায় সোওরি-দাইজিন কানতে-এ দুই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনা ও চুক্তি সাক্ষর করার মুহূর্তটি প্রত্যক্ষ করার। ২০১০ সালেও তত্কালীন জাপানি প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর চুক্তি সাক্ষর অনুষ্ঠাটিতে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে পৃথিবীর বহু দেশের জাপান সফররত রাষ্ট্র ও সরকার প্রধানদের প্রেস কভারেজ করার সুযোগ হলেও স্বদেশের প্রধানমন্ত্রীর প্রেস কভার করার এই সুযোগটি আমার কাছে বিশেষ স্মরণীয়।
এবার আসি বিমান প্রসঙ্গে। আমাদের প্রধানমন্ত্রীকে জাপানে বাংলাদেশ দুতাবাসের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে সকল প্রবাসীর পক্ষ থেকে জাপানে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করার অনুরোধ জানান। বক্তৃতায় প্রধানমন্ত্রী নিজেও জানালেন শত প্রতিকূলতা সত্ত্বেও তিনিও চান ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালু হোক।
আশার কথা রাষ্ট্রদূত ও দূতাবাসের সবার প্রচেষ্টায় ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালু হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজও অনেকটা এগিয়েছে। অন্যান্য কিছু রাষ্ট্রীয় কাজের পাশাপাশি বিমান চালুর বিষয়ক আলোচনা ও প্রাথমিক চুক্তি সাক্ষর হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ২২ সেপ্টেম্বর জাপানে এসেছিলেন। তিনি জানিয়েছেন, নারিতায় বাংলাদেশ বিমানের যে স্লটটি ছিল সেটি আর চালু করা সম্ভব নয়। পরিবর্তে হানেদা বিমানবন্দরকেই বাংলাদেশ বিমানের নতুন গন্তব্য হিসেবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। ঢাকা-ব্যাংকক-হানেদা রুটটি চালু করার চেষ্টা চলছে। কিছুটা সময় লাগলেও বিমান আবার জাপানের আকাশে তার যাত্রাপথ সমপ্রসারণ করবে সেটা বলা যায়।
কদিন আগে টোকিওর জাইকা সেন্টারে বাংলাদেশ বিষয়ক একটি প্রদর্শনীতে রাষ্ট্রদূত জনাব মোমেন আমাকে তার এই আশাবাদের কথা জানালেন। সঙ্গে সঙ্গে এটাও মনে করিয়ে দিলেন, এই ফ্লাইট অব্যাহত রাখতে প্রবাসী সকলের সহযোগিতা দরকার। ইতালিতে তিনি অনেক চেষ্টাতদ্বির করে বিমানের ঢাকা-মিলান ফ্লাইট চালু করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেটা আর চালু রাখা যায়নি।
বিমানের দুর্নীতি নিয়ে অনেক কথা শোনা যায়। বলা হয় এ কারণেই বিমান লাভ করতে পারছে না। পাশাপাশি অনেক রুটে যাত্রী না থাকার কারণেও ক্ষতি বাড়ছে। জাপানে বিমানের ফ্লাইট চালু হলে আমরা বাংলাদেশিরাই সবচেয়ে বেশি সুবিধা ভোগ করব। জাপানপ্রবাসী সকলের প্রতি আমার আহ্বান বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হলে দেশে যাওয়া ও ফিরে আসার সময় এই ফ্লাইটে ভ্রমণ করুন। এ ছাড়া বিমানের লোকজন যাতে জাপানে দুর্নীতি ও অনিয়ম করার সুযোগ না পায় সে দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
জাপানপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের এই দাবিটিকে মর্যাদা দেওয়ার জন্যে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
কাজী ইনসানুল হক
টোকিও, জাপান