বিয়ে থেকে শেখা

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম আলোচনায় আসেন তাঁর বই দ্য ওয়ার্ল্ড অ্যাট ইওর ফিট-দিয়ে। তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে আছে বিশ্বজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরি করার কার্যক্রম ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’। সাবিরুল লিখেছেন তাঁর বিয়ের অভিজ্ঞতা।
২০১৫, যে বছরটা চলছে; সেটা প্রত্যেককেই কিছু না কিছু দেবে। কেউ কেউ হয়তো এ বছর জীবনের সব থেকে বড় কিছুও অর্জন করে ফেলবেন। সব পাওয়া না-পাওয়ার ভিড়ে এ বছর আমিও অসম্ভব আনন্দ, মুগ্ধতা আর আশীর্বাদ নিয়ে শুরু করেছি একটা নতুন জীবন। আমার বিবাহিত জীবন!
অনেকের জন্যই আমার বাঙালি মেয়েকে বিয়ে করা ঘিরে অনেক বিস্ময় ছিল। ২০১৪ সালের ২২ ডিসেম্বর আমি যখন নাবিলা জাহান নামে এক বাঙালি মেয়েকে বিয়ে করি, তখন অনেকেরই মনে হয়েছিল আমি কখনোই সুখী হতে পারব না। অথচ এই বাঙালি নাবিলাই আমার জীবনের সব থেকে সুন্দর আর ভালোবাসাময় নারী।
বিয়ে যে আমাদের পৃথিবীর সবকিছুর সঙ্গে বিবাহিত জীবনের তুলনা করতে শেখায়, সেটা আমি বিয়ের এক মাসের মধ্যেই বুঝে গেছি। পেশাদার এই বিশ্ব আমাদের প্রায়ই একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক তৈরি করতে শেখায়। যোগাযোগ রাখা, সম্পর্ক তৈরি করা আর তা চালিয়ে নেওয়াকে তো এখানে বিশেষভাবে উল্লেখ করা যায়। আর যদি বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর কথা ওঠে, তখন যোগাযোগের আলাদা গুরুত্ব কিন্তু অবশ্যই আছে!
একজন আরেকজনের সঙ্গে অর্থপূর্ণ কথা বলা, সমস্যাগুলো বলা আর একসঙ্গে সেটার সমাধান খুঁজে বের করা—এসবের মাধ্যমে আমরা চারটি খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখি: সম্মান, বিশ্বাস, বন্ধুত্ব আর ভালোবাসা।
আপনি যখন আপনার বিবাহিত জীবনকে কাজের দুনিয়ার সঙ্গে তুলনা করবেন তখন একটু খেয়াল করলেই দেখবেন, সম্মান ব্যাপারটাই আপনার জন্য একটা বিশাল সুযোগ করে দেবে। আপনি এখান থেকেই শিখতে পারবেন একই সঙ্গে কীভাবে সম্পর্ক তৈরি করা আর অন্যের মূল্যবোধকে সম্মান দেওয়ার কাজটি হয়।
বিশ্বাস যে একটা সম্পর্কের সব থেকে শক্তিশালী দিক সেটা আমি নিজের জীবন থেকেই শিখেছি। তা সেটা সঙ্গীকে বিশ্বাস করার ব্যাপারই হোক আর কাজের জায়গায়ই হোক। বিশ্বাস সব সময়ই দুজন মানুষের মধ্যে যোগাযোগ করতে আর সেটা দৃঢ় করতে সাহায্য করে।
এই বিশ্বাস আপনাকে পথ দেখাবে বন্ধুত্বের। বিবাহিত জীবন আদতেই বন্ধুত্বের একটা শক্তিশালী বন্ধন। আর এই বন্ধুত্বই আপনাকে খুশি রাখবে। যেকোনো সমস্যার সামনে দাঁড়াতে সহায়তা করবে। এমনকি কঠিন সময়ে কী করে হাসতে হয়, সেটাও এই বন্ধুত্ব থেকেই আপনি শিখে ফেলবেন। আর যারা ‘ক্যারিয়ারের ক্ষেত্রে বন্ধুত্বের কী কাজ’ ভাবছেন, তাঁদের মনে রাখতে হবে আপনার বন্ধুত্ব করার আর তা চালিয়ে নেওয়ার ক্ষমতা শুধু ব্যক্তিগত জীবনেই নয়, কাজের জায়গায়ও সম্পৃক্ত। এই চাওয়াটা প্রত্যেকটা মানুষের সহজাত স্বভাব!
আমার স্ত্রী আমার জীবনের সবকিছু। আমার শক্তি, কাজ করার স্পৃহা, সব থেকে ভালো বন্ধু এমনকি আমার কাজও। ঠিক একই রকম যেন সেও ভাবতে পারে, সে দায়িত্ব কিন্তু আমারই। এটাই হচ্ছে সেই মূল্যবোধ, যা সুখে থাকার জন্য একজন আরেকজনকে ভালোবাসতে শেখানোর ইচ্ছা তৈরি করে। আর সুখের কাঙাল তো মানুষ সব সময়ই।
জীবনে সবকিছুর ওপরে যা থাকে, তা হলো মানুষকে ভালোবাসা, যোগাযোগ করতে শেখা, একজন আরেকজনকে শ্রদ্ধা করা, বিশ্বাস আর বন্ধুত্ব। এসব শুধু আপনাকে ব্যক্তিগত জীবনেই সুখে রাখবে না বরং আপনার পেশাগত জীবনেও সফল হতে শেখাবে।
তাই আমি বলি, ‘আপনি জীবনের যে স্টেজেই থাকুন, এটুকু নিশ্চিত করুন যে এই গুণগুলো আপনার মধ্যে আছে। পৃথিবী মানুষকে শুধু কাজের জন্যই ভালোবাসে না, মানুষটা কেমন সে জন্যও ভালোবাসে। আর এসবের সঙ্গে এটা আপনার স্ত্রীর চোখে আপনাকে সেরা ভালোবাসার মানুষ হিসেবে তুলে ধরবে যে স্বপ্ন আপনার বরাবরই ছিল!’
ইংরেজি থেকে অনূদিত