আজকাল অনেকেই অল্প দিনের পরিচয়ে একে অপরকে ভালোভাবে না চিনে, না বুঝে বিয়ের সিদ্ধান্ত নেন। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত কি এত চটজলদি নেওয়া উচিত?আগেকার দিনে বিয়ের আগে বর-কনে দুজন দুজনকে না দেখে, এমনকি কোনো কথা না বলেও অভিভাবকদের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নিতেন। কিন্তু সময়ের আবর্তে বিভিন্ন ধরনের যোগাযোগমাধ্যমের সুবাদে বিয়ের আগেই দুজন দুজনের সম্পর্কে জানাশোনার সুযোগ সৃষ্টি হয়েছে। যেভাবেই বিয়ের কথা পাকাপাকি হোক না কেন, বিয়ের আগ মুহূর্তে হবু বর-কনে নিজেদের সময় দিয়ে জেনে নিতে পারেন পছন্দ-অপছন্দের বিষয়গুলো। আর যদি পূর্বপরিচিত হয়, তবুু আরও কিছুদিন সময় নিলে ভালো হয়। সময়টা হতে পারে অন্তত দুই থেকে তিন মাস। মনে রাখতে হবে, নিজের জীবনের বিশেষ কোনো সাফল্যের পাশাপাশি আড়ালের বিষয়গুলো নিয়েও খোলামেলা অলোচনা করা প্রয়োজন। যেমন: আগের প্রেম, আগের বিয়ে, কোনো বিশেষ দুর্বলতা, কোনো খাদ্য বা দ্রব্যের প্রতি আসক্তি, ছাত্রজীবনের স্বর্ণালি সময়, পেশাগত জীবনের দায়িত্ব-কর্তব্য, পরিবারের বিশেষ কোনো ঘটনা, পরিবারের কারও কোনো বিশেষ অসুস্থতা, ব্যক্তিগত বা পারিবারিক রাজনৈতিক মতাদর্শ ইত্যাদি। দেখা যায়, বিয়ে ভেঙে যেতে পারে, এই ভয়ে অনেকেই নিজের কিংবা পরিবারের নেতিবাচক দিকগুলো নিয়ে বিয়ের আগে আলোচনা করেন না। এটি করা মোটেও উচিত নয়। বিয়ের পর এসব বিষয় নিয়ে দুজনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এমনকি বিবাহবিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে।সমাজের নানা অসংগতির পাশাপাশি ব্যক্তিগত চাহিদা ও প্রাপ্তির টানাপোড়েনে বিয়ে যেন মানসিক চাপের কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে সবার।বিয়ের আগেই শুধু খোলামেলা অলোচনা নয়, যেকোনো ধরনের পারিবারিক টানাপোড়েনের সময়ও খোলামেলা আলোচনা করতে হবে। নতুন অবস্থায় অনেকে পারিবারিক সমস্যাগুলো গোপন করার চেষ্টা করেন। পরে সেগুলো অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মিথ্যার আশ্রয় নিয়ে সংসার শুরু করলে পরবর্তী সময়ে সত্য প্রকাশিত হলে ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো দুজন-দুজনের প্রতি শ্রদ্ধাশীল ও সহযোগী হলে, তাঁদের মধ্যে ভালোবাসা থাকলে এবং একটি সাধারণ মতাদর্শ থাকলে সহজেই যেকোনো পরিস্থিতি সামাল দেওয়া যায়। সব ক্ষেত্রে যে মতৈক্য হবে, তা নয়। সে ক্ষেত্রে দুজনকেই সহমর্মী হয়ে সমাধানের পথে এগিয়ে আসতে হবে।এ ছাড়া বিয়ের আগেই হবু স্বামী ও শ্বশুর-শাশুড়িকে পরিষ্কার করে বলতে হবে, বাড়ির বউয়ের চাকরি বা পড়াশোনা করাটাকে তাঁরা কীভাবে দেখছেন এবং সেটা চালিয়ে যেতে পরে তাঁরা কোনো বাধা হয়ে দাঁড়াবেন কি না। অনেক সময় দেখা গেছে, বিয়ের পর বাড়ির বউ চাকরি করবে কি না, উচ্চশিক্ষা নেবে কি না, তা নির্ভর করে শ্বশুরবাড়ির ওপর। এ ক্ষেত্রে প্রত্যেক মেয়ের উচিত তাঁর কর্মজীবন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিয়ের আগেই নিজের পরিবার ও হবু স্বামীর পরিবারকে অবহিত করা। আবেগের বশে এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে বিয়ে করা ঠিক না। অনেকে আবার বিয়ের আগের অবস্থার সঙ্গে পরের অবস্থার মিল খুঁজে না পেয়ে হতাশা ও মানসিক চাপে থাকেন। বিয়ের আগের মানুষটিকে ধীরে ধীরে অপরিচিত মনে হতে থাকে। অকারণে রাগ বা বিরক্তি প্রকাশ পায় এবং সংসারে অশান্তি দেখা দেয়, যা শুধু ব্যক্তিগত বা সাংসারিক জীবনেই নয়, কর্মজীবনেও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। সন্তান থাকলে তার জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তখন বিয়ে করাকে জীবনের একটা মহাভুল বলে মনে হতে পারে। এ অবস্থায় আবার হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। তানিয়া আফরিন