বান্দরবানের সপ্তম শ্রেণির এক কিশোরীর বাল্যবিবাহ ভেস্তে গেছে প্রশাসনের উদ্যোগে। শহরের বালাঘাটা এলাকায় ২২ আগস্ট এই বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোরীকে উদ্ধার করেন। পরে জেলা প্রশাসকের অনুরোধে ওই মেয়ের বাবা-মা বিয়ে ভেঙে দিয়ে তাকে বিদ্যালয়ে পাঠাতে রাজি হন।
বিয়ে বন্ধ হওয়ায় দরিদ্র পরিবারের মেয়েটিকে পড়ার খরচ হিসেবে প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ফলে বিয়ের পিঁড়ি থেকে আবার লেখাপড়ায় ফিরতে পারল সে।
বান্দরবান পৌরসভার বালাঘাটার কাউন্সিলর আবুল খায়ের বলেন, বালাঘাটা এলাকায় বসবাসকারী ওই কিশোরীর সঙ্গে ২০ বছর বয়সের এক শ্রমিকের বিয়ে ঠিক হয়। ইউএনও বিয়ের আসরে পুলিশ নিয়ে এলে বিয়েটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু মেয়েটির বাবা-মা গরিব হওয়ায় তাঁরা তাঁদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। ফলে প্রশাসনের লোকজনের অনুপস্থিতিতে গোপনে বিয়ে হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু জেলা প্রশাসকের উদ্যোগে শেষে তা হয়নি। তিনি ছেলে, মেয়ে উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে নিজের বাসভবনে বৈঠক করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝান। পাশাপাশি মেয়েটির পড়াশোনার খরচ দেওয়ার প্রতিশ্রুতিও দেন। এতে অভিভাবকেরা রাজি হওয়ায় বিয়ে ভেস্তে যায়।
বান্দরবান সদরের ইউএনও ইসমাইল হোসেন বলেন, ১৪ বছরের ওই কিশোরীর সঙ্গে ২০ বছরের কাঠমিস্ত্রির বিয়ে ঠেকানো যাচ্ছিল না। পরে জেলা প্রশাসক তাঁর বাসভবনে দুই পক্ষের অভিভাবকদের ডেকে বিয়ে বন্ধে উদ্বুদ্ধ করেন। প্রশাসনের পক্ষ থেকে মেয়েটির পড়াশোনার খরচ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়।
কিশোরীর মা-বাবা বলেন, জেলা শহরের একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে তাঁদের মেয়ে। এই বিয়েতে প্রথমে রাজি হননি তাঁরা। এখন মেয়ে শিক্ষাবৃত্তি পাচ্ছে। পড়তেও পারবে। তাই বিয়ে বন্ধ হওয়ায় এখন খুশি তাঁরা।
জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন, কিশোরীর মা-বাবা দরিদ্র হওয়ায় এই বিয়েতে রাজি হয়েছে। অভিভাবকদের বাল্যবিবাহের কুফল ও আইন সম্পর্কে জানানো হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন মেয়েটির দায়িত্বও নিয়েছে। সে এইচএসসি পাস করা পর্যন্ত মাসিক দুই হাজার টাকা করে বৃত্তি পাবে।