খবর: বর্তমানে দেশে ২ কোটি ৫৪ লাখ ছাগল রয়েছে। গত ৩০ জুন জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক এ তথ্য দেন। (সূত্র: প্রথম আলো, ৩০ জুন ২০১৫)
প্রিয় ব্যাঁ,
প্রথমেই আমার কলিজার কাছ থেকে বের হওয়া ভালোবাসা গ্রহণ করো। তুমি নিশ্চয়ই ভাবছ, এই মোবাইল ফোন আর ইন্টারনেটের যুগে আমি কেন চিঠি লিখতে বসেছি! বসেছি কারণ, আমাদের ছাগসমাজের বিখ্যাত জ্ঞানতাপস ছাগভ্যা বলেছিলেন, ‘মনের ভাব প্রকাশের সর্বাধিক সহজ আর কার্যকরী পদ্ধতি হইল পত্র! মাত্র একখানা পত্রে যাহা বলা সম্ভব, দিবসরাত্রি ম্যাঁ ম্যাঁ করিয়া তাহা বলা সম্ভব নয়!’ তাই আমি আমার হৃদয়ের ছাইচাপা কথা বলার জন্য পত্রের সাহায্য নিলাম।
আমি জানি, তুমি পেপার-পত্রিকা আজকাল একেবারেই পড়ো না। সারা দিন টিভিতে হিন্দি সিনেমা আর সিরিয়াল দেখলে তা সম্ভবও নয়। কিন্তু একটা তথ্য তোমাকে না জানিয়েও পারছি না যে দেশে নীরব বিপ্লব ঘটে গেছে। তুমি জানো না, দেশে গবাদিপশু–শুমারি হয়েছে। আর সেই শুমারিতে জানা গেছে, ছাগলের সংখ্যা আড়াই কোটির একটু বেশি! আ-ড়া-ই কো-টি! তুমি বিশ্বাস করতে পারো! বলা যায় বাম্পার ফলন! আমরা এখন নতুন বিশ্বের মুখোমুখি। নতুন দিনের মুখোমুখি। নতুন বিপ্লবের মুখোমুখি! অথচ এই বিপ্লবে কোনোভাবে আমরা অংশগ্রহণ করতে পারি নাই।
প্রশ্ন করতে পারো, কী সেই অংশগ্রহণ! উত্তর একটাই—বিয়ে। আমরা দুজন দুই শহরে থাকি, দেখা হয় কালেভদ্রে। তখন হয়তো লেজ দুলিয়ে দুজনে দুটো কাঁঠালপাতা খেতে যাই কোনো গাছের তলে। আর না হলে তুমি তোমার সেলফি তুলে তুলে ভরিয়ে দাও ওয়াল আর আমি সেখানে খালি লাইক দিয়ে যাই। তোমার ছবির লাইক সংখ্যা বাড়াতে আমি তেরোটা ফেসবুক অ্যাকাউন্ট চালাই। আগে তোমার সেলফি থাকত একার, এখন দেখি তোমার সঙ্গে আরেকটা কেউ থাকে। কে সে, তা আমি জানি না; তবু তার ছবিতেও আমি লাইক দিয়ে যাই।
কিন্তু এখন দূর থেকে লাইক দিয়ে আর কত দিন? আমরা যদি একসাথে থাকতাম, আমরা যদি বিয়ে করে ফেলতাম, আমাদের যদি সন্তান হতো, তাহলে দেশে ঘটে যাওয়া আড়াই কোটির এই নীরব বিপ্লবে আমাদের সরব অংশগ্রহণ থাকত। আমরাও ম্যাঁ ম্যাঁ করে বলতে পারতাম, এই সংখ্যায় আমরাও অংশীদার! আমরা তা পারি নাই, এটা আমাদের লজ্জা!
কিন্তু এই লজ্জা থেকে আমরা মুক্ত হতে পারি, ব্যাঁ! চটজলদি আমরা শুভদিন দেখে যদি বিয়েটা সেরে ফেলতে পারি! দেখো, আমরাও বিপ্লবী হয়ে উঠব তখন। আমাদের প্রথম লটের সন্তানদের নামও আমি ঠিক করে রেখেছি। চিঠিতে লিখতে লজ্জা লাগছে, বিয়ের দিন তোমার কানে ফিসফিস করে বলব।
ওগো, তুমি কি আমাকে বিয়ে করে দেশ ও দশের সেবা করার সুযোগ করে দেবে? উইল ইউ ম্যারি মি?
তোমার সম্মতি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দ্রুত উত্তর দিয়ো।
তোমার, শুধুই তোমার,
ব্যাঁ ব্যাঁ
চিঠির উত্তর
বেআক্কেল ব্যাঁ ব্যাঁ,
ছাগলামির একটা সীমা থাকা দরকার! তুমি জানো না দেড় বছর আগে আমার বিয়ে হয়ে গেছে? সেই বিয়েতে তুমি পেটভরে খৈল-ভুষি আর কচি ঘাস খেয়ে আনন্দে তিড়িংবিড়িং করে নাচোনি? আমাকে বলোনি, তোমার বর তো দারুণ হ্যান্ডসাম! নাকি তোমার মাথায় কিছুই নেই? তুমি কোন আক্কেলে আমাকে বিয়ের প্রস্তাব দাও? তুমি আসলেই একটা ছাগল!
ইতি
ব্যাঁ