বিরক্তিকর সঙ্গ আর নয়
বিরক্তিকর মানুষদের সঙ্গ এখনই ছেড়ে দিন। এ রকম সঙ্গ মানুষের স্বাভাবিক চিন্তাশক্তি নষ্ট করে দেয়। কাউকে পছন্দ বা অপছন্দ করার বিষয়টি মস্তিষ্কের চিন্তা-প্রক্রিয়াকে প্রভাবিত করে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞানীরা জানান, বেশির ভাগ সময় অন্য কোনো ব্যক্তিকে দেখে আমাদের মস্তিষ্ক একধরনের প্রতিক্রিয়া (মিরর ইফেক্ট) তৈরি করে। অর্থাৎ আমাদের মস্তিষ্কের কয়েকটি অংশ অন্য কোনো ব্যক্তির চলাফেরার ওপর নির্ভর করে। সেই ব্যক্তিটি যদি বিরক্তিকর কেউ হয়, তা হলে মনে হবে সময় খুবই আস্তে আস্তে পার হচ্ছে, এমনকি সেই ব্যক্তিটি দ্রুত কাজ করলেও।গবেষকেরা বলছেন, যখন কেউ অপছন্দনীয় কারও কাছে থাকেন তখন তিনি পছন্দের কারও সঙ্গে তাঁর তুলনা করেন। এটি মস্তিষ্কের মিরর ইফেক্টের কারণে হয়। বিরক্তিকর মানুষের উপস্থিতির সময়ে কেবল এমন পার্থক্য লক্ষ করা যায়। পরীক্ষার জন্য গবেষকেরা কয়েকজন ইহুদিকে দুই দলে ভাগ করে নেন। বিরক্তিকর পরিস্থিতি তৈরির জন্য একদলকে নব্য-নাৎসি হিসেবে দেখানো হয়। এতে তাঁরা স্বভাবতই প্রচণ্ড বিরক্ত হন। তাঁদের মস্তিষ্কের কর্মকাণ্ড রেকর্ড করা হয়। অপর দলকে দেখানো হয় উদারপন্থী হিসেবে। তাঁদের মস্তিষ্কের কর্মকাণ্ড রেকর্ড করে প্রথম দলটির সঙ্গে তুলনা করা হয়। এতে দেখা যায়, বিরক্তিকর কর্মকাণ্ড দেখে মানুষের চিন্তাশক্তি কমে। দ্য টাইমস অব ইন্ডিয়া।