বিরান রাতগুলো
যে দুঃখ দেয় দুঃখ কি তাকেও কম পোড়ায়? দুঃখ জাগানিয়া রাতগুলো এপাশ ওপাশ করেই কাটায় সুনীল। ভেতরে পাথরচাপা কষ্টগুলো মাঝে মাঝেই তার আবরণ হারায়। দুচোখ ভরে ওঠে জলে। ঢেউহীন নিস্তরঙ্গ উদাস বালক মনে সুনীল একলা একা হাঁটে। যুদ্ধ ও প্রেম কোেনা কালেই তো পরিকল্পনামতো হয়নি। প্রেম আর যুদ্ধ দুটোর হাত ধরেই তাই গত কমাস এগিয়েছিল সুনীলের জীবন। যুদ্ধের দামামা বাজলে শহুরে লোকেরা বাসাবাড়ি ছাড়লেও গ্রামে তার আছর পড়ে দিন কয়েক পর।
পারুলবালা যেদিন নিজ চোখে পাঞ্জাবিদের দেখলেন তার পরদিন স্বামী আর ছোট দুসন্তান নিয়ে আশ্রয় নেন সীমান্তের ওপারে গোমাঘাটে সুধীরনাথের বাড়িতে।
সুনীল তারও মাসখানেক আগে সীমান্ত পাড়ি দিয়ে যুদ্ধে যায়। পারুলবালা ক্যাম্পে খবর পাঠান বড় ছেলে সুনীলের কাছে। সুনীল সে যাত্রায় না ফিরলেও মাস দেড়েক পর গুটিবসন্ত নিয়ে তাকে ফিরে আসতে হয় গোমাঘাটে বাবা–মায়ের কাছে।
একদিন মা পারুলবালাই পরিচয় করিয়ে দেন, এ পারমিতা। নিশ্চল, স্নিগ্ধ চোখের পারমিতার সাথে অল্পেই ভাব হয় সুনীলের।
যুদ্ধময়দানে থাকতে না পারা যে দিনগুেলা তার বিক্ষিপ্ত আয়নার মতো টুকরো টুকরো হয়ে গিয়েছিল সে দিনগুেলাতে আঙুলের স্পর্শ পড়তে থাকে পারমিতার। পারমিতা হয়ে ওঠে কাছের জন। ঝড়ের এমন দিনগুেলাতে চুপিচুপিই তাদের অবগাহন। ছোপ ছোপ আগুনের মোহনায় ভালোবেসে হাত বাড়ায় সুনীল। পরানের গহিনে পারমিতার ভালোবাসা কাচের চুড়ির মতো করে বেজে যায়। সুনীল পারমিতাকে বলে ‘কাঁচা ধানের দুধমুখী শিষ যেদিন দুলবে স্বাধীন দেশের হাওয়ায় সেদিন তুমিও পাশে থেকো।’
কিন্তু পতঙ্গ হয়ে পুড়তে হয় এমন ভালোবাসাকে। চকিতে পরোয়ানা জারি হয় ভালোবাসার। সুধীরনাথ অনিশ্চিত দেশে কোনোভাবেই ছাড়বেন না তার মেয়েকে। নতুন দেশে ফিরে আসে সুনীলরা। ওপারে পারমিতা।
পারমিতার চুপচাপ কথাগুলো সুনীলের কতটা প্রয়োজন তা এই বিরান রাতগুেলা ছাড়া কে বেশি জানে! সারাক্ষণ পোড়ে সুনীল। উদাসীন এ রাতগুলো তাকে বিঁধতে থাকে চোরাকঁাটায়।