একি! এ যে প্রবল প্রমত্তা নদী!পাহাড়ি ঢলের জল দ্রুতবেগে নেমে আসছে নদীতে, আশপাশের তীর ভেঙে মাটির ঢেলা মিশিয়ে নিচ্ছে নিজের সঙ্গে, তারপর ঘন দুধ-চায়ের রং নিয়ে বয়ে চলেছে আনন্দে। এই কি সেই সোমেশ্বরী! যাকে দেখে দমে গিয়েছিল মন!আগেরবার বিরিশিরি এসেছিলাম এপ্রিলের শেষে। তখন প্রায় শুকনো নদীটি পার হয়েছিলাম হেঁটে। একদিকে খেয়ানৌকা, অন্যদিকে হেঁটেই নদী পার হওয়া। এলাকার মানুষ দুভাবেই নদী পার হচ্ছিল। এবার আগস্টে দেখি তার ভয়াল রূপ। স্রোতস্বিনী নদীটি যেন দুকূল ভাসিয়ে ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে, থামবে না আর!সূর্য ওঠেনি তখনো, আমাদের ১৬ জনের দলটি এরই মধ্যে নদী দেখার জন্য পথে নেমেছে। আকাশ যখন অন্ধকার ফুঁড়ে রক্তিম বর্ণের সূর্যকে আহ্বান করল তার কিরণ ছড়িয়ে দিতে, তখন অপার্থিব হয়ে উঠল আমাদের সামনের পৃথিবী। বোদলেয়ারের আশ্চর্য চলিষ্ণু মেঘদলই যেন আকাশে হাজির! কোমল সূর্যের আঁচ বাঁচিয়ে তারা যেন আকাশের সঙ্গে মিলবে। আগের দিন বিকেল পাঁচটায় রওনা হয়েছিলাম মাইক্রোবাসে। পথে দুবার চা খাওয়ার জন্য থামা। ধারণা ছিল চার ঘণ্টায় পৌঁছে যাব। কিন্তু পথ যেন আর শেষ হয় না। আমাদের সঙ্গে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পাস করা তমা, যে কিনা উত্তরার পর আর কিছুই চেনে না। ফলে ওর কাছে পুরো পথটাই নতুন। আহ! প্রতিটি পথ যদি ওর মতো নতুন চোখে দেখতে পেতাম!এই দলে আছেন মূলত এবিসি রেডিওতে নতুন যোগ দেওয়া নিউজ টিমের সদস্যরা। একসঙ্গে প্রশিক্ষণ করা-করানোর সুবাদে আমাদের মধ্যে বেশ একটা হার্দিক যোগাযোগ তৈরি হয়েছে। একটি ছোট্ট ছুটির ফাঁকে বিরিশিরি যাওয়ার ভাবনা ছিল আমাদের, সেটারই বাস্তবায়ন হচ্ছে এবার।রাত ১২টার দিকে মাইক্রোবাস পৌঁছাল বিরিশিরির ওয়াইএমসিএতে। এখানেই থাকা-খাওয়ার ব্যবস্থা। সবজি, মুরগি আর ডাল দিয়ে অসাধারণ ডিনার হলো। সারা রাত চলল মাতাল করা গান। ভোররাতে গিটার বাজিয়ে সবাই মিলে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি করার পরই সোমেশ্বরীর তীরে আসা। নদীর তীরে সূর্যোদয় দেখার আনন্দ পেতে চাইছিলেন সবাই। পথের ধারেই ছিল একটি রেস্তোরাঁ। পরোটা ভাজা হচ্ছে। সঙ্গে ডাল। ডিম দেওয়া যাবে কি না জিজ্ঞেস করতেই একজনকে পাঠিয়ে দেওয়া হলো ডিমের খোঁজে। ১৬টি হাঁসের ডিম তক্ষুনি হাজির। বেশ মজা করে শেষ হলো নাশতার পালা। ওয়াইএমসিএতে ফিরে একটু বিশ্রাম নেওয়ার জন্য চোখ বুজতেই রাজ্যের ঘুম চোখে। কিন্তু দলের সর্বকনিষ্ঠ সদস্য ১১ বছরের শৌনক এসে সেই ঘুমের বারোটা বাজিয়ে দিল। বলল, ‘এক দিনের জন্য এসেছি আমরা। আগে ঘুরে তারপর ঘুম।’সবাই মেনে নিল সে কথা। স্নান সেরে আবার পথে।এবার একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আমরা সুসং দুর্গাপুরের সাদা মাটির পাহাড়, বিজয়পুর ফাঁড়ি আর রাণীখং চার্চ দেখব বলে রিকশা ঠিক করতে চাইলাম। কিন্তু দেখা গেল এখানেও পৌঁছে গেছে সিন্ডিকেটের হাওয়া। একজন নেতাগোছের রিকশাচালকের ইশারায় অন্য সব রিকশাচালক গোঁ ধরে বসল, এই ভ্রমণে তাদের প্রত্যেককে দিতে হবে ৪০০ টাকা করে। এ সময় এগিয়ে এল মোটরসাইকেলের দল। এরাও ভাড়া খাটে। সঙ্গে থাকা মেয়েরা রিকশা ভ্রমণে আগ্রহ দেখাল। স্থানীয় একজন বললেন, খেয়ানৌকায় নদী পার হয়ে যদি রিকশা নেওয়া হয়, তাহলে অন্তত ৮০০ টাকা সাশ্রয় হবে। তথাস্তু, উপজাতীয় সাংস্কৃতিক একাডেমির পাশ দিয়ে খেয়াঘাটের দিকে আমাদের যাত্রা শুরু হয়। ততক্ষণে আকাশে সূর্য, বিন্দু বিন্দু ঘাম কপালে।রিকশা ঠিক করে ফেলা হলো ৩০০ টাকা করে। মোট আটটি রিকশা যাবে সার বেঁধে। প্রথমেই সাদা মাটির পাহাড়। যে চীনামাটির প্লেটে আমরা খাবার খাই, সেগুলো এই সাদা মাটির পাহাড়ের মাটি দিয়েই তৈরি হয়। আগেরবার দেখেছিলাম পাহাড় কেটে যে গভীর জলাশয় তৈরি হয়েছে, তার জলে নানা রঙের বাহার। কিন্তু রিকশাওয়ালারা জানিয়ে দিল, এখন সে জল ঘোলা। তবে পাহাড়ের গায়ে লেগে থাকা বিচিত্র মাটির রং দেখা যাবে ঠিকই।একটি সরু নদী পার হতে হলো নৌকায় করে। সাইফ বলল, ‘এ জার্নি বাই রিকশা অন বোট’। একেক নৌকায় চারটি করে রিকশা পার হয়ে গেল। নদীর ধারে বুনো ফুল পেয়ে দলের মেয়েরা তা মাথায় পরে নিল।এবার সাদা মাটির পাহাড়। আসলে টিলা। আমরা দৃষ্টি একটু প্রসারিত করলেই দেখতে পাচ্ছি কুয়াশায় ঘেরা মেঘালয়। মেঘালয়ের পাহাড়ের পাশে এই টিলাগুলোকে খুবই ক্ষুদ্র মনে হয়, কিন্তু এ মুহূর্তে টিলাতেই পাচ্ছি পাহাড়ের স্বাদ।এবার যাত্রা বিজয়পুর ক্যাম্পের দিকে। এটাই জিরো পয়েন্ট। বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলে আমরা ডান দিক দিয়ে উঠে পড়ি পাহাড়ে। সোমেশ্বরী এখানে আরও উদার, আরও বিশাল। দূরে দেখা যায় ভারত। আমরা এখানে বসে মৃদুমন্দ বাতাসে শরীর জুড়িয়ে নিই। তারপর চলে যাই আরেক পাহাড়ে। সেখানে সাধু যোসেফের ধর্মপল্লি রাণীখং। ওপরে ওঠার জন্য সিঁড়ি আছে। পুরো পথে বয়ে চলে কথার ফুলঝুরি। বিভিন্ন মন্তব্যে হাসতে হাসতে পেটে খিল। সাদা মেঘের পাশ দিয়ে ভেসে যাচ্ছে কালো মেঘ। জল ঢালবে বোধহয়। রিকশায় ফিরতে ফিরতে মনে হয়, আহার, পাহাড়ের ওপর গারোদের গুচ্ছগ্রাম দেখে আসা হলো না। কী অনায়াস ভঙ্গিতে আদিবাসী মেয়েরা সাইকেল চালিয়ে যাচ্ছে, দেখে মন ভরে যায়। ওয়াইএমসিএতে ফেরার পরই শুরু হলো ঝুমবৃষ্টি। খাবার পর্বের পর সবাই সে বৃষ্টিতে স্নান করল। এবার ফেরার পালা। আবার মাইক্রোবাস। চেনা পথে ফিরে আসা।বিরিশিরি বা সুসাং দুর্গাপুর যেন এক এক অচেনা জগৎ। এ রকম আকাশ, এ রকম পাহাড়-নদীর সহাবস্থান, আদিবাসীদের বাড়ি, চার্চ, সবুজ প্রান্তর—একই জায়গায় এতটা মনোরমভাবে দেখা যাবে আর কোথায়? ঝড় আর ঝমঝম বৃষ্টির আগে আদিবাসীরা যে ধ্বনি উচ্চারণ করে সবাইকে সতর্ক করে দেয়, তা কি আর কোথাও শোনা যাবে?ফিরে আসার পথে ভালোলাগার অনুভূতি জড়িয়ে রইল শরীর-মনে। কীভাবে যাবেনআরও এক মাস সরাসরি বিরিশিরির বাস পাওয়া যাবে না। এখন মহাখালী থেকে বাসে উঠলে আপনাকে জারিয়া নামিয়ে দেওয়া হবে। সেখান থেকে মোটরসাইকেলবা অটোরিকশায় বাকি পথ। নেত্রকোনার পথেশ্যামগঞ্জে নেমে মোটরসাইকেলেও যাওয়া যায়। থাকতে পারেন ওয়াইডব্লিউসিএ, ওয়াইএমসিএ কিংবা উপজাতি সাংস্কৃতিক একাডেমিতে। আগে থেকে ঘর ঠিক করে যাওয়া ভালো।