খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক হুমায়ুন কবীর ২০০৫ সালে দীঘিনালা পরিদর্শনে এসে আক্ষেপ করে বলেছিলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বদলির খবরে খুশি হয়েছিলাম। মনে করেছিলাম যান্ত্রিক নগর আর সিসাযুক্ত হাওয়ায় নিঃশ্বাস নেওয়া থেকে মুক্তি পাব। কিন্তু এখানে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যের বনঘেরা বৃক্ষরাজি আর চোখে পড়ে না। চারিদিকে শুধু ন্যাড়া পাহাড় আর পাহাড়। নিঃশ্বাস নিলে শীতল নয় পাওয়া যায় গরম বাতাস।’ একসময়ের পাহাড়ি অরণ্যে ঘেরা দীঘিনালার পরিবর্তনের কথা স্থানীয় কিংবা বাইরে থেকে আসা মানুষের মুখে এভাবেই শোনা যায়। খাগড়াছড়ির দীঘিনালার পাহাড়গুলোতে এখন আর বৃক্ষ নেই। ইটভাটা ছাড়াও ছয় শতাধিক তামাক চুল্লিতে পোড়ানো হয় কাঠ। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কাটা হয় পাহাড়। কর্তিত পাহাড় থেকে মাটি এসে ভরাট হয়ে গেছে নদী। এসব নানা কারণে পরিবেশের ওপর পড়েছে বিরূপ প্রভাব। আর তা প্রতিনিয়ত টের পাচ্ছে এখানকার মানুষ। দিন দিন এখানকার তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এ বছর তাপমাত্রা উঠেছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। ইতিপূর্বে এমন গরম আর পড়েনি বলে বাসিন্দারা জানান। সরেজমিনে উপজেলার বিভিন্ন দূর্গম এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় পাহাড় বৃক্ষশূন্য ন্যাড়া। দুর্গম রাইন্যাপাড়ার ৭৫ বছরের বলয় দাশ বৈষ্ণব বলেন, ‘১৯৮৬ সালে বিরাজমান পরিস্থিতির কারণে ভারতে শরণার্থী হয়ে যখন যাচ্ছিলাম তখন চারপাশের পাহাড়গুলো ছিল পরিপূর্ণ বন। ১৯৯৮ সালে ফিরে এসে দেখি সেই বন আর নেই।’ বসু ফ্রুটস ভ্যালির মালিক তুষার কান্তি বসু বলেন, ‘এখন পরিবেশ যে বিপর্যয়ের দিকে যাচ্ছে তা আমরা হারে হারে টের পাচ্ছি। কিছু ব্যক্তি ক্ষণিকের লাভের আশায় বনের বৃক্ষ কেটে ধ্বংস করেছেন।’ সাবেক তামাক চাষি মো.সফিক বলেন, ‘আমাদের দীঘিনালায় ছয় শতাধিক তামাক চুল্লি রয়েছে। একটি তামাক চুল্লিতে প্রচুর পরিমাণ কাঠের প্রয়োজন হয়। পরিবেশের ক্ষতি হচ্ছে জানতে পেরে এখন আর তামাক চাষ করি না।’ কয়েকজন ট্রাক্টর চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমরা উপজেলার বিভিন্ন স্থান থেকে পাহাড়ের মাটি পরিবহন করি। পাহাড়ের মালিকেরাই পাহাড় কেটে মাটি বিক্রি করেন। এ ক্ষেত্রে আমরা সজাগ থাকি প্রশাসনের কোনো লোক আসছে কিনা। অনেক সময় গাড়ি নিয়ে পালিয়ে যাই।’ দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, ‘এখানকার পরিবেশ রক্ষার বিষয়টি নিয়ে কেউ ভাবেন না। পরিবেশ দিবস আসলে একটি এক ঘণ্টার আলোচনা সভা, শোভাযাত্রা করেই দায়িত্ব শেষ। যদি কোনো সংস্থা থেকে জরিপ করা হয় তাহলে বোঝা যাবে সমতলের চেয়ে পাহাড়ের পরিবেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে। এখানে জেলা ও উপজেলা পর্যায়ে সীমিত আকারে হলেও পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম চালু করা অবশ্যই প্রয়োজন।’