বিল অন্তর্ধান রহস্য
নিউটন গতিসূত্র আবিষ্কার করেছিলেন আর আমি আবিষ্কার করলাম, কাজীপাড়া থেকে ফার্মগেট পর্যন্ত হেঁটে যেতে ঠিক ৫৫ মিনিট লাগে। নিউটনের আবিষ্কারের পেছনে কী প্রেরণা ছিল জানি না, আমার প্রেরণা ছিল অভাব। দুটি টাকা বাঁচানোর জন্য আমি ফার্মগেট পর্যন্ত হেঁটেই যেতাম। মুসা ইব্রাহীম ছাড়া আমার অন্য বন্ধুরা এই ঘটনা শুনে অস্থির হয়ে পড়ল। কেউ বলল, বেতনের টাকায় আসলেই সংসার চলে না, পাশাপাশি একটা টিউশনি করো। কেউ পরামর্শ দিল, আরে টাকা তো ইন্টারনেটেই আছে, আউটসোর্সিং করো। কেউ ব্রেকিং নিউজ দেওয়ার ঢঙে ফিসফিসিয়ে বলল, আরে টাকা কামানোর খুবই সহজ ট্রিকস আছে। খুব টপ সিক্রেট। ছোট অ্যাকুরিয়াম কিনে গোল্ডফিশ পালেন। এরা একবারে কয়েক হাজার ডিম দেয়। তবে খেয়াল রাখবেন, ডিম দেয় ভোরের দিকে। প্রতিটা শিশু গোল্ডফিশ প্রাইমারি শেয়ার স্টাইলে ২০ টাকা করে কাঁটাবনে ছেড়ে দেবেন। এভারেস্ট একাডেমির ফর্ম নিয়ে এসে মুসা বলল, এটা পূরণ করে ফেল, আগামী বছর তুই এভারেস্টকে ফার্মগেট জ্ঞান করে হাঁটা শুরু করবি, দেখবি হয়ে গেছে। আমি শুধালাম, এই হাঁটা কি কাজীপাড়া থেকেই শুরু করব? মুসা হতাশ হয়ে কেটে পড়ল।এমন সময় অবতারের ভূমিকায় এলেন একজন চৌকস, মেধাবী তরুণ। তিনি ব্যাটমানের মতো শক্তিশালী, সুপারম্যানের মতো ক্ষমতাবান আর স্পাইডারম্যানের মতো কৌশলী। তরুণের নাম নাই বা বললাম। তবু কাহিনি যেহেতু এগিয়ে নিতেই হবে, সেই তরুণের একটা নাম দেওয়া দরকার। ধরা যাক, তার নাম সাদাচুল। এই সাদাচুল মহাশয় আমার আর্থিক সমস্যা নিরসনে চারটি সহজ ধাপ বাতলে দিলেন। চারটি ধাপ যথাক্রমে: ১. ঘরে বসে হাসির লেখা লিখবেন ২. লেখা জমা দেবেন৩. সেই লেখা ছাপা হবে৪. বিল হবে, টাকা গুনে বাড়ি চলে যাবেন। তিনি আরও যোগ করলেন, আপনি আমার পাতায় লেখালেখি শুরু করেন। আমি পরদিনই একটা লেখা নিয়ে তাঁর দপ্তরে গেলাম। লেখাও ছাপা হলো। পরদিনই গেলাম টাকা চাইতে। তিনি বললেন, আরে, এত ব্যস্ত হচ্ছেন ক্যানো? পত্রিকার প্রেস টাকা ছাপে না, ছাপায় পত্রিকা, টাকা ছাপায় বাংলাদেশ ব্যাংক। তবে হতাশ হবেন না, আমাদের তরুণ সমাজের মূল সমস্যা হচ্ছে হতাশা। মাস শেষ হলেই টাকা পেয়ে যাবেন, চিন্তা কইরেন না। যথারীতি মাস শেষে তাঁর অফিসে হানা দিলাম। তিনি বললেন, আরে ভাই, আরেকটা লেখা দ্যান। তাহলে দুটো লেখার বিল একসঙ্গে হবে। একটা লেখায় আর কত বিল হবে, দুটো লেখার বিল দিয়ে একটা রাউন্ড ফিগার করে দেব, যান আরেকটা লেখা নিয়ে আসেন। একটি গোলগাল, লক্ষ্মীপনা রাউন্ড ফিগারের মোহে আমি আরেকটি লেখা দিলাম। ছাপাও হলো, মাসও পার হলো। যথাসময়ে আমি হত্যে দিয়ে পড়লাম বিলের জন্য। সেই সময় ওই বিভাগীয় সম্পাদকের সঙ্গে আমার নিম্নলিখিত কথোপকথন হলো:- কী ব্যাপার, নতুন লেখা আনছেন?- না রে ভাই, বিল নিতে আইছি।- ওহ্ হো। ভেরি স্যাড নিউজ। বিল যিনি দেবেন, মানে অ্যাকাউন্ট্যান্ট, উনি তো ছুটিতে গেছেন। আপনে সামনের মাসে একবার যোগাযোগ করেন। তবে এই সময়টা কাজে লাগান, অলস বসে থাইকেন না। আরও কয়েকটা লেখা দ্যান। বেশি লেখা মানে বেশি টাকা। পুরো টাকা একবারে পেলে আপনি স্থায়ীভাবে দারিদ্যের এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারবেন। হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, দারিদ্র্যের চেয়ে দারিদ্র্যের দুষ্টচক্র বেশি ভয়ংকর। মানুষ দারিদ্র্য মোকাবিলা করতে চায়, কিন্তু দরিদ্রসীমা চিহ্নিত করতে পারে না। ফলে দরিদ্র হতদরিদ্র হয়, ধনীক শ্রেণীর বিকাশ ঘটে। এই চক্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ব্যাপারটা ধরতে পারছেন?আমি প্রবল জোরে মাথা নাড়লাম। এই মাথা নাড়াই কাল হলো, তিনি উৎসাহভরে সম্পদের সুষম বণ্টন, টেকসই উন্নয়ন, জিডিপি গ্রোথ ইত্যাদি বিষয়ে এত জ্ঞানগর্ভ লেকচার দিলেন যে আমি বাসায় ফিরে আরও তিনটি লেখা একটানে নামিয়ে ফেললুম। সেই লেখা তিনটিও যথাসময়ে প্রকাশিত হলো। আরেকটা মাসও পার হলো। এবার বিভাগীয় সম্পাদক মহোদয় নিজেই ছুটিতে চলে গেলেন।আমি টাকার আশা ছেড়ে দিয়েছি। এখন কাজীপাড়া থেকে ফার্মগেট ৫০ মিনিটেই মেরে দিতে পারি, হেঁটে। পুনশ্চ ১: গতকাল ওই পত্রিকার বিভাগীয় সম্পাদক সাদাচুল মহোদয় ফোন দিয়েছিলেন। আমার পাঁচটি লেখার বিল হয়েছে। সেই টাকাও তিনি তুলে ফেলেছেন। তবে এই টাকাটি আপাতত আমাকে দেওয়া হচ্ছে না। জাতির বৃহত্তর স্বার্থে এই টাকাটি তিনি পদ্মা সেতু নির্মাণের জন্য আমার পক্ষ থেকে দান করবেন বলে নিয়ত করেছেন। বিন্দু থেকে সিন্ধু হলে আমরা নিজেরাই শুধু পদ্মা সেতু কেন, নতুন করে একটা পদ্মা নদীও বানিয়ে ফেলতে পারব। তিনি আরও বললেন, আমি যেন অতিদ্রুত এ বিষয়টাকে হাইলাইট করে আরেকটা লেখা লিখে ফেলি।পুনশ্চ ২: আজ কাজীপাড়া থেকে ফার্মগেট যেতে আমার ৭০ মিনিট লেগেছে। দুটো জায়গার দূরত্ব কি অটোমেটিক বাড়ছে না আমার হাঁটার গতি কমছে, এটা এখনো ধরতে পারছি না।