অনেকের মতো প্রযুক্তিজগতের বিশ্বসেরা ব্যক্তিদের নামেও চালু রয়েছে নানা কথা, নানা গল্প-গুজব। এমন সব মিথ বলা হয় এসব ব্যক্তির নামে, যা শুনে হয়তো অনেকেই বিশ্বাস করে ফেলেন। বিষয়গুলো সত্য নয়, বরং পুরোই গুজব। গুজবের এ তালিকা থেকে মুক্তি পাননি বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসও। বিশ্বসেরা ধনীদের তালিকায় একাধিকবার শীর্ষে থাকা বিল গেটসের নানা ধরনের গুজবের মধ্যে আলোচিত পাঁচটি মিথ নিয়ে লিখেছেন নুরুন্নবী চৌধুরী
বিল গেটসের পাঁচ মিথ
১ বিদ্যালয়ে কিছুই শিখতে পারে না শিশুরা!বিল গেটস নিজের কর্মজীবনে অনেক বক্তৃতা দিয়েছেন। এর মধ্যে যেমন পেশাজীবন ছিল, তেমনি বিদ্যালয়ে শিশুদের উৎসাহ প্রদানকারী বক্তৃতাও ছিল। এর মধ্যে একটি মিথ হচ্ছে, বিল একবার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বলেছেন, শিশুরা বিদ্যালয়ে কিছুই শিখতে পারে না! এ বিষয়ে বিলের একটি তালিকাও রয়েছে, যেখানে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা রয়েছে বলেও মিথটি বেশ আলোচিত। বিষয়গুলো সত্যি নয়। বিলের এমন কোনো তালিকা কখনোই ছিল না। এমন একটি তালিকা ছিল চার্লস শেকস নামের একজন শিক্ষকের। তিনি ডাম্পিং ডাউন আওয়ার কিডস ও ৫০ রুলস কিডস ওনট লার্ন ইন স্কুল নামের দুটি বই লিখেছিলেন। দ্বিতীয় বইয়ে তিনি মূলত তুলে ধরেছেন—কোন বিষয়গুলো আসলে বিদ্যালয়ে নয়, পরিবারের কাছ থেকেই শেখা উচিত। বিল বইটি পড়েছিলেন এবং এর উদাহরণ বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরতেন। আর এ বিষয়টিই বলা হচ্ছিল, বিল এমন একটি তালিকা তৈরি করেছেন, যাতে বলা আছে, শিশুরা বিদ্যালয়ে কিছুই শিখতে পারে না! পুরো বিষয়টিই একটি মিথ।২ অ্যাপলের জিইউআই প্রযুক্তি চুরি করেছেন বিল!১৯৮৮ সালে অ্যাপল ইনকরপোরেটেড মাইক্রোসফটের বিরুদ্ধে একটি মামলা করে। মামলার অভিযোগে বলা হয়, মাইক্রোসফটের উইন্ডোজে ব্যবহার করা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (জিইউআই) অ্যাপলের ম্যাকিন্টোশ অপারেটিং সিস্টেম থেকে চুরি করা। একই মামলায় অ্যাপল অপারেটিং সিস্টেমের আরও ২০০ জিইউআই উপাদানের মিল তুলে ধরে, যার বিষয়ে মাইক্রোসফটের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। আলোচিত এ মামলা সম্পর্কে সে সময়ে বিল গেটস বলেছিলেন, ‘আমরা উইন্ডোজে জিইউআই কোথাও থেকে নিইনি। এর আইডিয়া, কার্যক্রম পুরোপুরি মাইক্রোসফটের প্রকৌশলীদের করা।’ ১৯৯৩ সালে এ মামলার নিষ্পত্তি হয় এবং মাইক্রোসফটের পক্ষে রায় হয়। যদি এ বিষয়ে গুজব রয়েছে, অ্যাপলের জিইউআই চুরি করেছেন বিল! এ বিষয়ে অ্যাপল ইনকরপোরেশনের সব অভিযোগের বিপক্ষে নিজেদের প্রমাণ তুলে ধরেন মাইক্রোসফটের আইনজীবীরা। তাঁরা প্রমাণ করেন, উইন্ডোজে ব্যবহূত জিইউআই মাইক্রোসফটের প্রকৌশলীদের হাতেই তৈরি। তাই বলা যায়, এটিও একটি মিথ।৩ ৬৪০ কিলোবাইটের র্যামই একজন ব্যবহারকারীর জন্য যথেষ্ট!১৯৮০ সালের শুরুর দিকে অনুষ্ঠিত একটি কম্পিউটার মেলায় বিল গেটস বলেছেন, ‘একজন সাধারণ ব্যবহারকারীর জন্য ৬৪০ কিলোবাইটের র্যামই যথেষ্ট। এর বেশির প্রয়োজন হয় না!’ বিল গেটসের নামে এ বক্তব্য প্রকাশিত হয় বিভিন্ন জায়গায়। বিষয়টি বিলে নজরে এলে তিনি এর ব্যাখ্যায় বলেন, ‘এটা পুরোই গুজব। আমি এ বিষয়ে কিছুই বলিনি। এমন একটি ফালতু বিষয় নিয়ে আমি বলার কথা কখনো ভাবিইনি! এ বিষয়টি সময়ের ওপর নির্ভর করে। কে কোন সময়ে কী কাজ করবেন আর তাঁর কম্পিউটারে কী ধরনের কাজ করবেন, তার ওপর নির্ভর করে কম্পিউটারের যন্ত্রাংশ কেমন হবে। যাঁরা গুজবটি ছড়িয়েছেন, তাঁদের মতে, বিল হয়তো ব্যবসায়ী হিসেবে ভালো। তাঁর প্রযুক্তিজ্ঞান তেমন শক্ত নয়! সে ক্ষেত্রে তিনি এমন কথা বলতেই পারেন! সেই থেকে ৬৪০ কিলোবাইটের র্যামের বিষয়টি প্রযুক্তিদুনিয়ায় ঘুরছে। পুরো বিষয়টি যে বিল গেটস বলেননি, কিংবা বিষয়টি পুরোই গুজব, সেটি বলার অপেক্ষা রাখে না। বিল নিজেকে শুধু ব্যবসায়ীই নন, বরং প্রযুক্তির মানুষ হিসেবেই নিজেকে পরিচিত করে তুলেছেন। তাই বলা যায়, এটিও বিলের নামে একটি গুজবই।৪ এ ই-মেইলটি ফরোয়ার্ড করুন, বিল আপনাকে অর্থ দেবে!যাঁরা ই-মেইল ব্যবহার করেন যোগাযোগের জন্য, তাঁদের জন্য এমন ই-মেইল পাওয়া নতুন কিছু নয়। বিশ্বের অনেক জনপ্রিয় ব্যক্তির নামেই এ ধরনের মেইল আসে, যা বলা হয় নির্দিষ্ট সংখ্যার মানুষকে ফরোয়ার্ড করুন। বিনিময়ে যে ব্যক্তির নাম বলা হয়, তিনি আপনাকে অর্থ দেবেন। শুধু তা-ই নয়, অনেক ক্ষেত্রে বলা হয় বিভিন্ন জনপ্রিয় গেজেট পুরস্কার দেওয়া হবে। এসব মেইলে বলা হয়, আপনি আপনার হটমেইল, এওএলে যাঁদের ই-মেইল ঠিকানা আছে, তাঁদের পাঠান আর বিনিময়ে প্রতিটিতে ১০০ ডলার করে পাবেন! অনেকে এ ই-মেইল পেয়ে ভাবতে থাকেন, হতেও পারে! বিল হয়তো নিজের প্রতিষ্ঠানের পণ্য প্রচারণার ক্ষেত্রে এমন উদ্যোগ নিতে পারেন! তবে বিষয়টি সত্যি হলে হয়তো কিছুটা কাজ হতো। তবে বিষয়টি পুরোই গুজব। অনেক ক্ষেত্রেই বিভিন্ন প্রতিষ্ঠান স্প্যাম ছড়ানো কিংবা সস্তা প্রচারণার জন্য এসব মেইল ফরোয়ার্ড করে থাকে! বিলের নামে আপনি যদি কখনো এমন মেইল পান, নিশ্চিত থাকতে পারেন, বিষয়টি পুরোই গুজব।৫ বিভিন্ন স্থানে এক হাজার ডলার ফেলে দেন বিল!একাধিকবার বিশ্বসেরা ধনী হয়েছেন বিল গেটস। তাঁর বিশাল সম্পদ নিয়ে সাধারণ মানুষের রয়েছে নানা ধরনের আলোচনা। বিলকে নিয়ে থাকা গুজবের মধ্যে একটি হচ্ছে বিভিন্ন স্থানে তিনি এক হাজার করে ডলার ফেলে দেন, যাতে কারও কাজে লাগে! মূল ব্যাপারটি হচ্ছে, একবার বিল অসতর্ক থাকায় পকেটে থাকা এক হাজার ডলার মাটিতে পড়ে যায়। কাজের তাড়া থাকায় বিল বিষয়টি খেয়াল না করেই গাড়ির দিকে যেতে থাকেন। পেছনে থাকা এক ব্যক্তি বিলকে এ বিষয়টি জানাতে একাধিকবার দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেন। বিল বিষয়টি লক্ষ করেননি। সেই থেকে ছড়িয়ে পড়ে এই গুজব। নিজের অনেক সম্পদ থাকলেও বিল অযথা খরচের ব্যাপারে কখনোই উৎসাহী ছিলেন না। তাই অযথা বিভিন্ন স্থানে ডলার ফেলে রাখার বিষয়টিও সত্য নয়। একটি একটি গুজবই বটে।হাউস্টাফওয়ার্কস ডট কম অবলম্বনে