বিলবোর্ডের মাপে কারসাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশন অনুমোদিত পরিমাপের বহির্ভূত বিলবোর্ড গড়ে তোলা হয়েছে নগরের বিভিন্ন স্থানে। ছবিটি লাভলেন মোড় থেকে তোলা l জুয়েল শীল
সিটি করপোরেশন অনুমোদিত পরিমাপের বহির্ভূত বিলবোর্ড গড়ে তোলা হয়েছে নগরের বিভিন্ন স্থানে। ছবিটি লাভলেন মোড় থেকে তোলা l জুয়েল শীল

নগরের আন্দরকিল্লায় ৯৬ বর্গফুট আকৃতির অনুমোদন নিয়ে স্থাপন করা হয়েছে ৪৫০ বর্গফুটের বিলবোর্ড। এক পাশের বদলে বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে দুই পাশে। সেই হিসাবে দুই পাশে ৯০০ বর্গফুটের ভাড়া ঠিকই নিচ্ছে বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠান অ্যাডভ্যালি। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশনকে প্রতিষ্ঠানটি রাজস্ব দিচ্ছে ৯৬ বর্গফুটের।
স্থানীয় ও রাজস্ব নিরীক্ষা অধিদপ্তরের নিরীক্ষায় বিষয়টি ধরা পড়েছে। গত বছরের ডিসেম্বরে সিটি করপোরেশনের ২০১৩-১৪ অর্থবছরের হিসাব নিয়ে নিরীক্ষা করা হয়।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, এভাবে সিটি করপোরেশনের অনুমোদিত পরিমাপের চেয়ে অতিরিক্ত আকারের ১৩২টি বিলবোর্ড লাগানো হয়েছে নগরে। এ কারণে করপোরেশন ২০১৩-১৪ অর্থবছরে প্রায় ৪১ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে করপোরেশনের বকেয়া আছে প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আদায় না করায় ক্ষতি হয়েছে ২৬ লাখ টাকা।
করপোরেশন প্রতি বর্গফুট বিলবোর্ডে রাজস্ব পায় ৫০ টাকা।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের হিসাব অনুযায়ী, নগরে বৈধ বিলবোর্ডের সংখ্যা ৪২৯টি। গত ডিসেম্বরে জরিপ চালিয়ে নীতিমালা মানা হয়নি, এমন বিলবোর্ডের তালিকা করে সিটি করপোরেশন।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, অনেকে অবৈধভাবে ও পরিমাপ-বহির্ভূতভাবে বিলবোর্ড স্থাপন করেছে। এতে নিরীক্ষা আপত্তি উঠেছে। বিষয়টি সমাধান করার জন্য প্রধান রাজস্ব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বলেন, ‘অনেক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিলবোর্ডের বিপরীতে কর দিচ্ছে না। ফলে ১৫ শতাংশ ভ্যাট আদায় করা সম্ভব হচ্ছে না। নতুন মেয়র দায়িত্ব নিলে বকেয়া কর আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
১০ প্রতিষ্ঠানের ১৩২টি পরিমাপ-বহির্ভূত বিলবোর্ড: নিরীক্ষা আপত্তিতে দেখা যায়, চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় অনুমোদিত পরিমাপের চেয়ে অতিরিক্ত আকারের বিলবোর্ড রয়েছে ১০টি প্রতিষ্ঠানের। এর মধ্যে নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর মালিকানাধীন অ্যাডভ্যালির ১১টি, গ্লোবাল মিডিয়ার পাঁচটি ও সাইনি আর্টের ২১টি পরিমাপ-বহির্ভূত বিলবোর্ড আছে। এ ছাড়া মহিউদ্দিন বাচ্চুর স্ত্রী জিন্নাত আখতারের ওয়ান্ডার ভিউয়ের ২৬টি ও নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশাদুল আলমের দুটি প্রতিষ্ঠান ডিজিটাল কনসেপ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাডভারটাইজিং ১ এবং ২-এর আছে ৪৬টি। গার্ডেন অ্যাকটিভিশন পাঁচটি, দেশ অ্যাডভারটাইজিং পাঁচটি এবং চারু কারু অ্যাডের রয়েছে চারটি বিলবোর্ড। চিটাগাং আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুজিব রহমানের মালিকানাধীন অ্যাডওয়ের নয়টি পরিমাপ-বহির্ভূত বিলবোর্ড আছে।
নিরীক্ষা আপত্তি প্রতিবেদন অনুযায়ী, পরিমাপ-বহির্ভূত বিলবোর্ড স্থাপন করায় অ্যাডভ্যালির কাছে করপোরেশনের বাড়তি পাওনা ৪ লাখ ৫ হাজার টাকা।
গ্লোবাল মিডিয়া পরিমাপ-বহির্ভূতভাবে ৯০০ বর্গফুট আকৃতির বিলবোর্ড স্থাপন করেছে। এতে প্রতিষ্ঠানটির কাছে করপোরেশনের বাড়তি পাওনা প্রায় দুই লাখ টাকা।
ওয়ান্ডার ভিউ ৯৬ বর্গফুটের ১৮টি এবং ৪৫০ বর্গফুটের আটটি অনুমোদন নিলেও স্থাপন করেছে ৯০০ বর্গফুটের বিলবোর্ড। এতে প্রতিষ্ঠানটির করপোরেশনের পাওনা দাঁড়ায় ১১ লাখ ৭০ হাজার টাকা। কিন্তু প্রতিষ্ঠানটি দিয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা। অ্যাডওয়ে নয়টি বিলবোর্ডের জন্য পরিশোধ করেছে ২১ হাজার টাকা। কিন্তু বাড়তি পরিমাপের জন্য দুই লাখ টাকা পরিশোধ করেনি। সাইনি আর্ট আকার পরিবর্তন করে ২১টি বিলবোর্ড স্থাপন করেছে। এতে মোট ৯ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব হলেও পরিশোধ করেছে ১ লাখ ৮৩ হাজার টাকা।
ডিজিটাল কনসেপ্ট অ্যান্ড অ্যাডভারটাইজিং ম্যানেজমেন্ট ১ ও ২-এর পরিমাপ-বহির্ভূত ৪৬টি বিলবোর্ডের জন্য ৯ লাখ ২০ হাজার টাকা দিয়েছে। প্রতিষ্ঠানটি সাড়ে ১১ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে।
পরিমাপ-বহির্ভূত বিলবোর্ড স্থাপন করে গার্ডেন অ্যাক্টিভিশন ১ লাখ ১২ হাজার টাকা, দেশ অ্যাডভারটাইজিং দুই লাখ টাকা এবং চারু ও কারু অ্যাড এক লাখ টাকা ফাঁকি দিয়েছে।
যোগাযোগ করা হলে মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার পরিমাপ-বহির্ভূত কোনো বিলবোর্ড নেই। বিলবোর্ডের আকার সংশোধন করে করপোরেশনের অনুমতি নিয়েছি। সেভাবেই ট্যাক্স পরিশোধ করছি।’
পরিমাপ-বহির্ভূত বিলবোর্ড স্থাপনের বিষয়টি অস্বীকার করে আরশাদুল আলম বলেন, ‘করপোরেশন যেভাবে বরাদ্দ দিয়েছে, সেভাবেই বিলবোর্ড স্থাপন করেছি।’