বারিক বিল্ডিং থেকে কালুরঘাট পর্যন্ত সড়কে অনুসন্ধান চালিয়ে ৩২৩টি অবৈধ বিলবোর্ডের সন্ধান পেয়েছে চসিক
বিলবোর্ডে ঢেকে যাচ্ছে নগর
দেওয়ানহাট সেতুর ওপর দাঁড়িয়ে আশপাশে তাকালে ছোটবড় বিলবোর্ড আর সাইনবোর্ডে আটকে যাবে দৃষ্টি। চারপাশের সবুজ গাছগাছালি, সিআরবি আর বাটালি পাহাড়ের সৌন্দর্য খুঁজতে হবে বিলবোর্ডের ফাঁকে উঁকি দিয়ে।নগরের দেওয়ানহাট মোড়, জাকির হোসেন সড়ক, জিইসি মোড়, নিমতলা, সিইপিজেড এলাকাসহ সব গুরুত্বপূর্ণ মোড় ঢাকা পড়ে গেছে বিজ্ঞাপনী বিলবোর্ডে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সূত্র জানায়, ২০১২ সালের জুন পর্যন্ত নগরে পাঁচ হাজার ১৪১টি বিলবোর্ড বা সাইনবোর্ডের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে তিন হাজার ৬৬টি চসিকের নিজস্ব স্থানে এবং বাকিগুলো রয়েছে রেলওয়ে ও বন্দরসহ বিভিন্ন সরকারি সংস্থার জমিতে।সম্প্রতি নগরের বারিক বিল্ডিং থেকে কালুরঘাট পর্যন্ত সড়কে অনুসন্ধান চালিয়ে ৩২৩টি অবৈধ বিলবোর্ডের সন্ধান পেয়েছে চসিক। নগরে অনুমোদনহীন বিলবোর্ডের সংখ্যা আরও কয়েকগুণ বেশি হবে বলে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। চসিক অনুমোদিত বিলবোর্ড বা সাইনবোর্ডের সর্বোচ্চ আকার ২০ ফুট বাই ৪০ ফুট। বেশকিছু বৈধ এবং বেশির ভাগ অবৈধ বিলবোর্ডের আকার চসিকের নির্ধারিত মাপের চেয়েও বেশি।অবৈধ বিলবোর্ড বিষয়ে জানতে চাইলে, বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘সমিতির বৈধ সদস্য প্রায় ২০০। এর বাইরেও অবৈধ কিছু বিলবোর্ড ব্যবসায়ী আছেন। অবৈধ ব্যবসায়ীদের জন্য বৈধ ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন। চসিকের সঙ্গে বৈঠকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই উচ্ছেদ কার্যক্রমে আমরা সহযোগিতা করছি।’বিলবোর্ড ভাড়া দিয়ে খরচের একটা অংশ মেটায় সিটি করপোরেশন। চলতি অর্থ বছরে সাইনবোর্ড বাবদ চসিকের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে তিন কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে এই খাতে আয় হয়েছিল প্রায় দুই কোটি টাকা। তবে অবৈধ বিলবোর্ড ব্যবসায়ীরা কোনো ধরনের রাজস্ব না দিয়েই বিলবোর্ড ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি নাগরিকদের পক্ষ থেকে দাবি ওঠায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ। তবে অবৈধ বিলবোর্ড ব্যবসায়ীরা বার বারই উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছে। মোহাম্মদ মন্জুর আলম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০১০ সালের শেষ দিকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে উদ্যোগ নেন। তখন এর প্রতিবাদে বিলবোর্ড ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মেয়রের কার্যালয় ঘেরাও করেন। সর্বশেষ ১২ জুন নগরের জিইসি মোড়ে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েন নির্বাহী হাকিম নাজিয়া শিরীন। এরপর থানায় চসিকের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। তবে নাগরিকদের চাপ অব্যহত থাকায় এসব সত্ত্বেও উচ্ছেদ অভিযান থেমে যায়নি। ১৯ জুন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিকের সম্পাদকেরা মেয়রের সঙ্গে দেখা করে অবৈধ বিলবোর্ড অপসারণে তাঁদের সমর্থন জানিয়ে একটি স্মারকলিপি দেন।এ ব্যাপারে নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, শুধু যে অনুমোদনহীন সাইনবোর্ড বসানো হচ্ছে তাই নয়, অনুমোদন নিয়েও নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। যেসব বিশাল আকারের বিলবোর্ড বসানো হয়েছে তা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়তে পারে। সড়ক বিভাজকে খুঁটির ওপর যেসব সাইনবোর্ড বসানো হচ্ছে, তা পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কি না এবং সেক্ষেত্রে নকশা অনুসরণ করা হচ্ছে কি না তাও তদারক করতে হবে। পরিবেশ আন্দোলন সংগঠক শরীফ চৌহান বলেন, নগরের অধিকাংশ বিলবোর্ড প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছে। পাশাপাশি আলো বাতাস চলাচলেরও বাধার সৃষ্টি করছে। এ ক্ষেত্রে বিলবোর্ড স্থাপনে শর্ত লঙ্ঘিত হচ্ছে কি না তা খতিয়ে দেখতে হবে চসিককেই।’চসিকের প্রধান পরিদর্শক (সাইনবোর্ড) আবুল মনসুর অনুমোদনহীন বিলবোর্ড থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, অনুমোদিত আকারের চেয়ে বড় আকারের বিলবোর্ড যেমন আছে তেমনি অবৈধ বিলবোর্ডও আছে। এ বিষয়ে নীতিমালা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও বড় আকারের বিলবোর্ড নতুন অর্থ বছরে অনুমোদন দেওয়া হবে না।অবৈধ বিলবোর্ড উচ্ছেদের বিষয়ে আবুল মনসুর বলেন, উচ্ছেদের দায়িত্ব প্রকৌশলের বিভাগের সমন্বয়ে নির্বাহী হাকিমের। জিইসি মোড়ের ঘটনার পরও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।