বিলবোর্ডে পাত্র চেয়ে বিজ্ঞাপন!

পাত্র চেয়ে বিলবোর্ডে দেওয়া একটি বিজ্ঞাপন চীনের শেংডু শহরের অনেক জায়গাতেই এখন শোভা পাচ্ছে। অবাক করা এ বিজ্ঞাপনটি দিয়েছেন বিয়ের জন্য দীর্ঘদিন পারিবারিক চাপে থাকা হুয়াং লিজুয়ান নামের ২৮ বছর বয়সী এক তরুণী।
শেংডু শহরের বহু মানুষজনকেই অবাক করেছে লিজুয়ানের পাত্র চেয়ে বিলবোর্ডে দেওয়া এ বিজ্ঞাপন। আর এ ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে চীনের এ শহরটিতে।
অবশ্য চীনের গণমাধ্যমগুলো জানিয়েছে, বিলবোর্ডে যে তরুণীর ছবি রয়েছে তিনি নিজেই এ বিজ্ঞাপন দিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিয়ের জন্য চাপে থাকা হুয়াং লিজুয়ান এ বিজ্ঞাপন দিয়েছেন নেহাত নাচার হয়েই। মধ্য চীনের শেংডু শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সবখানেই এখন চোখে পড়ছে ওই বিলবোর্ড। তাতে শোভা পাচ্ছে সাদা গাউন পরে ঘোড়ার পিঠে সওয়ার লিজুয়ানের ছবি। পাশে লেখা, ‘আমার বাড়ি, গাড়ি এবং সঞ্চয় আছে, আমি সঠিক বর আর সুখী ২০১৪-এর জন্য অপেক্ষা করছি।’
শহরে ভাসা গুঞ্জনের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমেও আলোড়ন তুলেছে এই বিলবোর্ড। এর পরিপ্রেক্ষিতে লিজুয়ানের সঙ্গে যোগাযোগ করলে তাইওয়ানভিত্তিক সংবাদপত্র ওয়েস্ট চায়না টাইমসকে লিজুয়ান জানিয়েছেন, তিনি নিজেই এ বিজ্ঞাপন দিয়েছেন। কেমন পাত্র পছন্দ পত্রিকাটিকে তাও জানিয়েছেন তিনি। ওই তরুণীর ভাষায়, ‘বরকে হতে হবে পরিচ্ছন্ন, ইতিবাচক মনোভাবের, অভিভাবকদের প্রতি যত্নশীল এবং দায়িত্ববান; অবশ্য তাঁকে সুদর্শন হতেই হবে এমন কোনো কথা নেই।’
শেংডুর এই বিজ্ঞাপনী বিলবোর্ডগুলোর প্রতিদিনের ব্যয় প্রায় ১ লাখ ৬৫ হাজার ডলার। কিন্তু একটি আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মী লিজুয়ান সম্ভবত বিনা খরচাতেই এ বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাচ্ছেন। লিজুয়ানের নিয়োগদাতা প্রতিষ্ঠানের ভাড়া করা এই বিলবোর্ডগুলো সাময়িক সময়ের জন্য খালি পড়ে ছিল এবং তাঁর বস তাঁকে পাত্র খোঁজার বিজ্ঞাপনের জন্য এগুলো ব্যবহার করতে দিয়েছেন।
চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম সাইটগুলোতে এই বিজ্ঞাপন নিয়ে তোলপাড় চললেও অনেকেই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধারণা প্রবল যে এটা কোনো বিপণন সংস্থার কৌশল!
চীনে ছেলেরাই সাধারণত পাত্রী খোঁজা নিয়ে বিপাকে থাকেন বলে ‘পাত্র চেয়ে’ এমন বিজ্ঞাপন বেশ অস্বাভাবিক। চীনের এক সন্তাননীতি এবং পুত্রসন্তানের প্রতি আগ্রহ মিলিয়ে দেশটিতে নর-নারীর সংখ্যায় ভারসাম্যহীনতা প্রকট আকার ধারণ করছে।