বিলবোর্ডের হাতছানিতে দিগভ্রান্ত চালক!

পথে-ঘাটে বিজ্ঞাপনের বিলবোর্ডগুলোতে যৌন আবেদনময় ছবি এবং ইঙ্গিতপূর্ণ বার্তা লেখা থাকলে গাড়িচালকেরা দিগভ্রান্ত হয়ে পড়তে পারেন। এ থেকে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। ফিলিপাইনের সাম্প্রতিক এক গবেষণার ফল থেকে এ আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইন্দো-এশিয়ান নিউজ এ খবর জানিয়েছে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোরেল উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি নগরের সড়কগুলোতে বাণিজ্যিক বিজ্ঞাপনে যৌনতার হাতছানি নিয়ে এ গবেষণা করেছে। গবেষণার জন্য পরিচালিত এক জরিপে তাঁরা দেখেছেন, এসব বিজ্ঞাপন চালকদের মনোযোগ বিচ্ছিন্ন করে এবং গাড়ির গতি কমিয়ে দেয়। আর অনেক দুর্ঘটনার কারণও গাড়িচালকদের এমন মনোযোগ-বিচ্ছিন্নতা।
‘মেট্রো ম্যানিলা ডেভেলপমেন্ট অথরিটি’ জানিয়েছে, যৌন আবেদনময় ছবি এবং ইঙ্গিতময় কথাবার্তা লেখা বিজ্ঞাপনের বিলবোর্ডগুলো জননিরাপত্তার জন্য হুমকি বয়ে আনতে পারে। সড়কগুলোতে যানবাহনের গতি কমিয়ে দিতে ও দুর্ঘটনার হার বাড়িয়ে দিতে পারে।
দেশটির সড়ক যোগাযোগ কর্তৃপক্ষের সাবেক পরিচালক মেলভিন নাভারো এই গবেষণার সঙ্গে সহমত পোষণ করেন। নাভারো বলেন, ‘লোকজন যৌন আবেদনময় ছবিগুলো ভালো করে দেখার চেষ্টা করে বলে এসব বিজ্ঞাপনের কারণে যানবাহনের গতি কমে যায়। এমনকি দুর্ঘটনা না ঘটলেও বিপুলসংখ্যক যানবাহনের ভিড়ে এক মুহূর্তের মনোযোগ-বিচ্ছিন্নতাও মহাসড়কে যান চলাচলের গতি শ্লথ করে দিতে পারে।’
গবেষণা প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, কিছুদিন আগে কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের এমন এক গবেষণায়ও বলা হয়েছে, বাণিজ্যিক বিলবোর্ডগুলোতে আবেদনময় ছবি ও ইঙ্গিতপূর্ণ কথাবার্তা গাড়িচালকদের আচরণকে প্রভাবিত করে।
এ ছাড়া, কিছুদিন আগে ইতালির মিলানে একটা মহাসড়কের পাশ থেকে বিশালাকার একটা বিলবোর্ড সরিয়ে ফেলার কথাও উল্লেখ করা হয় প্রতিবেদনে। আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী মডেল বেলেন রড্রিগেজের আবেদনময় ছবিওয়ালা ওই বিজ্ঞাপনটি চালকদের মনোযোগ বিচ্ছিন্ন করছিল বলে দেখতে পাওয়ার পর পুলিশ বিলবোর্ডটি সরিয়ে ফেলে।