বিলাতের ছারপোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশেখর বসুর ‘উপেক্ষিতা’ গল্পের কাহিনি মনে আছে?সেই যে গল্পের নায়ক চটক রায় এক বর্ষণমুখর সন্ধ্যায় হবু বাগদত্তার বাসা থেকে একরকম পালিয়ে বেঁচেছিল? কারণ আর কিছুই নয়; যে চেয়ারে বসে শ্রীমান চটক রায় শ্রীমতী গরিমা গাঙ্গুলীর গান শুনছিল, তাতে ছিল শয়ে শয়ে ছারপোকা।ছারপোকার এমন অত্যাচারের কথা বাংলাদেশে আকছারই শোনা যায়। বছর কতক আগে দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে যখন থাকতাম, ছারপোকার জন্য মাসিক বরাদ্দ ছিল ২৫ টাকা। ছারপোকা নিধনের বিশেষ চক কেনার জন্য ছিল সেই বরাদ্দ। অবশ্য এই অত্যাচার খুব অস্বাভাবিক মনে হতো না। দেশে ছারপোকা কামড়াবে, মশা কামড়াবে, তেমন কায়দামতো পেলে কোলাব্যাঙও কামড়াবে—এতে অবাক হওয়ার কী আছে? কিন্তু শ্রীমান চটক রায় যে দেশে দীর্ঘ পাঁচ বছর থেকে ‘এটিকেট’ অধ্যয়ন করে গেল, সেই বিলাতে পড়তে এসে ছারপোকার খপ্পরে পড়ব—এমনটা কখনো আশা করিনি।এ দেশে আসার দ্বিতীয় দিনেই, লন্ডন থেকে ইয়র্কের ট্রেনে চেপে ছারপোকার সঙ্গে পরিচয়। ট্রেনের দেয়ালে সতর্কবাণী সাঁটানো: ‘বিওয়্যার অব বেডবাগস’। দুবার পড়ি পোস্টারখানা। ভুল দেখছি না তো! বিলাতেও ছারপোকা! শুধু দ্বিতীয় নয়, তৃতীয় বা চতুর্থ দিনেও এমন সতর্কবার্তা চোখে পড়ল। এবার ইয়র্ক থেকে ম্যানচেস্টারগামী ট্রেনে। কৌতূহল চাপতে না পেরে বন্ধুবর মামনুন হাসানকে জিজ্ঞেস করলাম, ‘কাহিনি কী?’ মামনুন ভাই তিন বছর ধরে আছেন ইয়র্কে। ছারপোকা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তিনি তথ্যের ঝাঁপি খুললেন। জানালেন, সাম্প্রতিক সময়ে ব্রিটেনে ছারপোকার উৎপাত চরম আকার ধারণ করেছে। কোনো বাসাবাড়িতে বেডবাগস জনসংখ্যা বিস্ফোরণ ঘটিয়েছে খবর পাওয়ামাত্র সিটি কাউন্সিলের লোকজন অস্ত্রশস্ত্রসমেত (ছারপোকা মারার ওষুধ) হামলে পড়ছে সেখানে। অনেকে নাকি বাসাবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে এমন বেয়াড়া কীটের কারণে।কথাগুলো গল্পের মতো শোনাচ্ছিল। কিন্তু নেটে ব্রিটেনের বেডবাগস নিয়ে গুগল করে দেখলাম (গুগল শব্দটা ইংরেজিতে ক্রিয়াপদ হিসেবে বহুল ব্যবহূত হচ্ছে। বাংলাতেও চেষ্টা করে দেখলাম), কথাগুলো মিথ্যা নয়। আশির দশকে মনে করা হতো, ব্রিটেন থেকে ছারপোকা সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে। কিন্তু গত ছয় মাসেই এ দেশে ছারপোকার উৎপাত বেড়েছে ২৪ শতাংশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। পশ্চিমা শহরগুলোর মধ্যে নিউইয়র্কেই এত কাল ছারপোকার মহামারির কথা শোনা যেত। ব্রিটেনে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের কাজ করে এমন একটি প্রতিষ্ঠান রেনটোকিল ধারণা করছে, ২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর মোটামুটি সারা দুনিয়াতেই ছারপোকা ছড়িয়ে পড়বে ব্রিটেনে আসা দর্শনার্থীদের কল্যাণে। ব্রিটেনে ছারপোকার উপদ্রব বাড়লেও এ সম্পর্কে যে লোকজনের জ্ঞানে ঘাটতি আছে, তা পত্রিকা পড়ে বোঝা গেল। যেমন, বিলাতের লোকজনের ধারণা, খালি চোখে ছারপোকা দেখা যায় না! পাঠকদের জ্ঞাতার্থে তাই একটি পত্রিকা জানাচ্ছে, ছারপোকা খালি চোখে দৃশ্যমান এবং একটি প্রাপ্তবয়স্ক ছারপোকার দৈর্ঘ্য এক ইঞ্চির পাঁচ ভাগের এক ভাগ! ব্রিটেনে অবশ্য বেডবাগ নিয়ে একটা ঘুমপাড়ানি গানই আছে— ‘নাইট নাইট, স্লিপ টাইট, ডোন্ট লেট দ্য বেড বাগস বাইট’। কিন্তু সেটা ছিল আগলা জমানার। বর্তমান জমানায় কেন বাড়ছে ছারপোকা? অনেকেই বলেন, জলবায়ু পরিবর্তন আর পৃথিবীর ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠার সঙ্গে ছারপোকা বৃদ্ধির একটা সম্পর্ক আছে। পৃথিবী যতই উষ্ণ হচ্ছে, ভয়ানক কীটপতঙ্গগুলো ফিরে আসছে আরও শক্তিমান হয়ে। যে কারণেই হোক, ছারপোকার সমাধান খুঁজতে ব্যস্ত কীটনাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। ব্যাপারটা ছোট হোক কিংবা বড়, গবেষণা ছাড়া এক কদমও আগে বাড়ে না পশ্চিমারা। কাজেই ছারপোকা নিয়েও নতুন গবেষণা শুরু হয়েছে। বছর বছর কী হারে বাড়ছে ছারপোকার আক্রমণ, ছারপোকার আচরণ, এমনকি ছারপোকার সংজ্ঞা—এসব নিয়ে চলছে নিরন্তর গবেষণা। ব্রিটেনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে মাঠে নামানো হয়েছে হোটেল-রেস্তোরাঁয় ছারপোকা খুঁজে বের করার জন্য। অন্যদিকে নিউইয়র্কে তো রীতিমতো আইনই পাস হয়েছে যে বাসাভাড়া নিতে এলে বাড়িওয়ালা অবশ্যই ভাড়াটেকে বেডবাগ সম্পর্কে অবহিত করতে বাধ্য থাকবেন। সব মিলিয়ে, বেডবাগ ব্রিটিশদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই বেলায় আমাকেও একটু চিনচিনে ব্যথার কারণ অনুসন্ধান করতে হচ্ছে। বিছানায় বসে আয়েশ করে কোলের ওপর ল্যাপটপ রেখে লিখছিলাম। মনে হচ্ছে, বিছানার চাদরটা উল্টে দেখতে হবে। কাজেই...।হাসান মূর্তাজা, যুক্তরাজ্য থেকে