বোর্ডের ওপর ঝুঁকে কিউ (পুল খেলার লাঠি) দিয়ে বল আঘাত করে সেটাকে পকেটে ফেলছেন কেউ। কেউ বা টেবিলের পাশে দাঁড়িয়ে মজে গেছেন হাসি-ঠাট্টায়। না, কোনো হলিউডি সিনেমা নয়, নগরের বিভিন্ন বিলিয়ার্ড সেন্টারে গেলে এখন এই দৃশ্য চোখে পড়বে। গত কয়েক বছরে ছয়-সাতটি বিলিয়ার্ড সেন্টার গড়ে উঠেছে নগরে। এসব বিলিয়ার্ড সেন্টারে ভিড় জমাচ্ছেন তরুণেরা। অনেকে কৌতূহলবশত আসছেন, আবার অনেকের কাছে খেলাটা দাঁড়িয়েছে নেশায়। তাঁরা নিয়মিত আসেন, আড্ডা দেন এসব সেন্টারে।নগরের তরুণেরা মিমি সুপার মার্কেটে ক্লাব থারটি সেভেন (৩৭), জিইসির মোড়ে বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার (বিবিসি) ও স্কারপিয়েল, আগ্রাবাদ সিঙ্গাপুর মার্কেটে ছুটি স্পোর্টস জোন, চকবাজার বিলিয়ার্ড জোন (সিবিজেড) এবং আলমাসে হ্যাঙশুতে পুল খেলার জন্য ভিড় করেন। নগরের বিভিন্ন বিলিয়ার্ড সেন্টারে বিলিয়ার্ড, পুল ও স্নুকার—তিন ধরনের খেলা চালু আছে। পুল খেলার টেবিল নয় ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট চওড়া। স্নুকার ও বিলিয়ার্ড টেবিলের দৈর্ঘ্য ১২ ও প্রস্থে ছয় ফুট। তিনটি খেলার মধ্যে পুলই অপেক্ষাকৃত সস্তায় খেলা যায়। পুল খেলতে ২০ থেকে ২৫ টাকা, স্নুকার খেলতে ৬০ টাকা এবং বিলিয়ার্ড খেলার জন্য ঘণ্টাপ্রতি ২০০ টাকা গুনতে হয়। সম্প্রতি মুন্নি প্লাজার চতুর্থ তলায় ক্লাব থারটি সেভেনে গিয়ে দেখা যায় স্নুকারপ্রেমী তরুণদের জমজমাট আড্ডা। এখানে রয়েছে পাঁচটি পুল ও একটি স্নুকার বোর্ড। সবগুলো বোর্ডেই খেলা চলছিল। ইস্পাহানী কলেজের ছাত্র সৈকত ও মামুন পুল খেলছিলেন। তাঁরা জানান, পুল খেলা বেশ উপভোগ করেন তাঁরা। এ জন্য নিয়মিতই এখানে খেলতে আসেন। খেলার নিয়ম-কানুনও তেমন কঠিন নয় বলে জানালেন তাঁরা। চকবাজার বিলিয়ার্ড জোনে (সিবিজেড) খেলতে আসা মো. রাফি জানান, তাঁরা বিলিয়ার্ড বেশ পছন্দ করেন। বিলিয়ার্ডে তিনটি বল থাকে। দুজন খেলোয়াড় দুই রঙের বল নিয়ে খেলেন। প্রতিপক্ষের বল দিয়ে নিজের বল পকেটে পাঠাতে হয়। বল পকেটে ফেলতে পারলে পাওয়া যায় দুই পয়েন্ট। এভাবে এক ঘণ্টা সময়ের মধ্যে যার পয়েন্ট বেশি তাকে বিজয়ী ঘোষণা করা হয়। স্নুকার ও পুল খেলার নিয়মটাও মজার বলে জানালেন তিনি। স্নুকারে লাল বল থাকে ১৫টি ও অন্যান্য রঙের বল থাকে ছয়টি। খেলোয়াড়েরা লাল বল পকেটে ফেলে এরপর রঙিন বল ফেলেন। পুল খেলায় বল থাকে ১৬টি। এর মধ্যে একটি কিউ বল (যেটি দিয়ে অন্য বল খেলা হয়)। বাকি ১৫টি বলের মধ্যে সাতটি করে বল দুই খেলোয়াড়ের জন্য বরাদ্দ থাকে। প্রত্যেক প্রতিযোগী তাদের জন্য নির্ধারিত বলগুলো ফেলতে পারলে গেমবল ফেলতে পারবেন। যিনি গেমবল আগে ফেলেন তিনি খেলায় জিতে যান। জিইসির মোড়ে অবস্থিত বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টারে (বিবিসি) পুল, বিলিয়ার্ড ও স্নুকার তিন ধরনের খেলারই সুযোগ আছে। এই সেন্টারের স্বত্বাধিকারী সেলিম হোসেন জানান, এসব খেলার সরঞ্জাম বেশ ব্যয়বহুল। একটি বিলিয়ার্ড বা স্নুকার বোর্ডের দাম পাঁচ থেকে ছয় লাখ টাকা। পুল খেলার টেবিলের দাম দুই থেকে আড়াই লাখ ও একটি কিউয়ের দাম পাঁচ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে। ব্যয়বহুল বলে বাড়িতে বসে এসব খেলার সুযোগ নেই। তাই নগরে এসব সেন্টার গড়ে উঠছে।