পানছড়িতে চেঙ্গী ও পূজগাং নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে মন্দির, সেতু ও বিদ্যালয়। দিন দিন ভাঙন তীব্র হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে আতঙ্কে দিন কাটছে নদীপারের হাজারো মানুষের।স্থানীয় লোকজন জানান, গত নয় থেকে ১০ বছর ধরেই এ নদী ভাঙছে। প্রতিবছর বর্ষায় নদীগর্ভে তলিয়ে যায় বসতঘর ও ফসলি জমি। তবে এবার ভাঙন তীব্র। বৃষ্টি হলে রুদ্রমূর্তি ধারণ করে নদী। তাঁরা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।সাবেক ইউপি সদস্যা রমা দেবী চাকমা ও শিক্ষক তন্টু চাকমা বলেন, এবারের বর্ষায় চেঙ্গীর ভাঙনে চেঙ্গী ইউনিয়নের হারুবিল করপ চন্দ্র চাকমার দুই কানি, লোগাং লেন্ডিয়াপাড়ার কালা চাঁদ চাকমার দেড় কানি ও অনিলপাড়ার অমর চাকমার এক কানি ধানিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, চেঙ্গী নদীর ভাঙনের কারণে হুমকির মুখে রয়েছে পানছড়ি-দুধুকছড়া সড়কে লোগাং বাউরপাড়া গ্রাম্য বাজারসংলগ্ন বেইলি সেতু, লোগাং সেতু, মহামুনি বৌদ্ধমন্দির, পানছড়ি উচ্চবিদ্যালয়, চেঙ্গী ইউনিয়ন পরিষদ কার্যালয়, দেবেন্দ্র কার্বারিপাড়া ও হারুবিল করপ চন্দ্রপাড়া। এদিকে পূজগাং নদীর ভাঙনে পূজগাং সেতু ও বেশ কয়েকটি পাড়া ভাঙনের মুখে রয়েছে। পানছড়ির উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ক্ষতির পরিমাণ বাড়বে। ইতিমধ্যে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলে কয়েকবার জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী স্বপন বড়ুয়া বলেন, ‘ভাঙন রোধে কোন কোন স্থানে ব্যবস্থা নিতে হবে তা আমরা জানি না। এ ব্যাপারে এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিবেদন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’