বিলীন হচ্ছে ঝাউবাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরে ঢেউয়ের তোড়ে উপড়ে পড়ছে ঝাউগাছ। ছবিটি গত শুক্রবার টেকনাফের মহেশখালীয়াপাড়া সৈকত এলাকা থেকে তোলা  প্রথম আলো
সাগরে ঢেউয়ের তোড়ে উপড়ে পড়ছে ঝাউগাছ। ছবিটি গত শুক্রবার টেকনাফের মহেশখালীয়াপাড়া সৈকত এলাকা থেকে তোলা প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপকূলে সরকারিভাবে সৃজিত ঝাউবাগান সাগরে বিলীন হয়ে যাচ্ছে। ঢেউয়ের আঘাতে কয়েক মাসে দুই হাজারের বেশি ঝাউগাছ উপড়ে পড়েছে। এতে হুমকির মুখে পড়েছে সংশ্লিষ্ট এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ। উপকূল রক্ষায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকার গ্রামগুলো সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে চলতি বছর ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে সাগর উপকূলের ৩০০ একর ঝাউবাগানের চার হাজারের বেশি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, সাবরাং, সদর ও বাহারছড়া ইউনিয়নে ৫৮ কিলোমিটার এলাকার মধ্যে অধিকাংশ স্থানে ঝাউবাগান রয়েছে। সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ভাঙনের মুখে পড়েছে সংশ্লিষ্ট এলাকা। কোনো কোনো স্থানে উপড়ে পড়া ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় লোকজন।
এসব গাছ ব্যবহূত হচ্ছে নৌকা, জালের খুঁটি ও জ্বালানি হিসেবে। এ ব্যাপারে বন বিভাগের নীরবতায় উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। বন বিভাগ গাছগুলো মজুত করে নিলামের ব্যবস্থা নিলে সরকার বিপুল অঙ্কের রাজস্ব পেত বলে মন্তব্য করেন তাঁরা।
উপকূলীয় বন বিভাগ সূত্র জানায়, ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর উপকূলীয় বন বিভাগ হাদুরছড়া, খুরেরমুখ, মহেষখালীয়াপাড়া, লম্বরী, তুলাতলি, রাজারছড়া, নোয়াখালী, কচ্ছপিয়া, বড়ডেইল, মাথাভাঙা, শীলখালী ও শামলাপুর এলাকার ৫২৫ হেক্টর ভূমিতে ঝাউগাছ রোপণ করে। অন্যদিকে, ২০০৩-০৪ সালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও সৈকতের বিভিন্ন এলাকায় ৩০০ একর বাগান সৃজন করে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম ও বাহারছড়ার ইউপির চেয়ারম্যান মাওলানা হাবিব উল্লাহ জানান, সাগরের ঢেউ টেকনাফের বিশাল ঝাউবাগানে প্রতিনিয়ত আঘাত হানছে। এতে এলাকার কয়েক কিলোমিটার বাগানের ঝাউগাছ সাগরে বিলীন হয়ে গেছে।
পাশাপাশি সৈকতের বালুর বাঁধ ভেঙে যাওয়ায় যেকোনো সময় পুরো এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকার ঝাউবাগন উপড়ে পড়ায় পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এখনই ব্যবস্থা না নিলে উপকূলীয় এলাকাকে পরিবেশবিপর্যয়ের হাত থেকে রক্ষা কঠিন হয়ে পড়বে।
উপকূলীয় বন বিভাগ টেকনাফের রেঞ্জ কর্মকর্তা মো. দেলোয়ার ইসলাম জানান, জলবায়ু পরিবর্তনের পর থেকে সৈকতের বালুর বাঁধ ভেঙে ঝাউবাগানে জোয়ারের পানি আঘাত করছে। এতে প্রতিদিন ২০-১৫টি গাছ উপড়ে পড়ছে। পর্যাপ্ত লোকবল না থাকায় গাছগুলো নিয়মিত পাহারার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এ কারণে তা চুরি হয়ে যাচ্ছে। বাগান রক্ষার উদ্যোগ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।