বিলীন হচ্ছে বেড়িবাঁধ, বাড়ছে ঝুঁকি

জুলাই মাসে ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে ভেঙে যায় মহেশখালীর মাতাবাড়ীর ষাটমারার আধা কিলোমিটার বেড়িবাঁধ। এরপর স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেছিলেন। এখন সমুদ্রের জোয়ারের তোড়ে সেই বাঁধ টিকছে না। স্বেচ্ছাশ্রমে তৈরি করা বাঁধটি যেকোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে।
এদিকে আনোয়ারার গোদারপাড়ে প্রায় ২০০ মিটার বেড়িবাঁধের একই হাল। শঙ্খের ভাঙনে বেড়িবাঁধটি বিলীন হতে চলেছে। উপজেলার বরুমচড়া ও জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম এই বেড়িবাঁধ সড়কটি।
বেড়িবাঁধ বিলীন হলে হুমকির মুখে পড়বে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের ছয় ও আনোয়ারার তিন গ্রামের মানুষ। এই নিয়ে আতঙ্কে দিন কাটছে তাঁদের।
মহেশখালী: মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের বেড়িবাঁধের দৈর্ঘ্য তিন কিলোমিটার। এই বাঁধের এক কিলোমিটার এখন বিলীন হতে চলেছে। ইতিমধ্যে পশ্চিমে সাইরার ডেইল ও ষাইটমারা অংশে বাঁধের অর্ধেকের বেশি অংশ ভেঙে গেছে। গত ৩০ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে এই চিত্র পাওয়া যায়।
স্থানীয় লোকজন জানান, বাঁধ ভেঙে গেলে তলিয়ে যাবে সাইরার ডেইল, নয়াপাড়া, মাঝির ডেইল, হংস মিয়াজিপাড়া, মগডেইল ও মিয়াজিপাড়া গ্রাম।
সাইরার ডেইলের বাসিন্দা মোহাম্মদ কামাল হোছাইন বলেন, ভাঙা বাঁধে স্থানীয় লোকজন কয়েকবার মাটি দিলেও তা রক্ষা করা যাচ্ছে না। সর্বশেষ গত সপ্তাহে ভাঙা বাঁধে মাটি দিয়ে সংস্কার করা হয়। পরে এক দিন না যেতেই আবার ভেঙে যায়। ফলে জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার না করলে পুরো ইউনিয়ন সাগরে বিলীন হয়ে যাবে।
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজার কার্যালয় সূত্র জানায়, ১৯৮৫ সালে মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিম পাশে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এরপর ২০০৪ সালে প্রায় এক কিলোমিটার বাঁধ সাগরে বিলীন হয়ে যায়। পরে ২০০৫ সালে ভেঙে যাওয়া বাঁধ সংস্কার করা হলেও এক বছর ধরে আবারও বাঁধে ভাঙন ধরে। গত তিন মাস ভাঙন তীব্র হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। বাঁধটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ইতিমধ্যে মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নের ভাঙা বাঁধ মেরামতের জন্য ৬৭ কোটি ৫৩ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বানের মাধ্যমে ভাঙা বাঁধগুলো মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।

আনোয়ারা: বরুমচড়ার কানুমাঝির হাট থেকে ভরাচর ও গোদারপাড় হয়ে জঁুইদণ্ডী পর্যন্ত শঙ্খ পাড়ের বাঁধটি ব্যবহৃত হচ্ছে সড়ক হিসেবে। কিন্তু বাঁধের গোদারপাড়ের মাঝখানের অংশে এখন ভাঙছে।
সরেজমিনে দেখা গেছে, বাঁধ ভেঙে সড়ক অর্ধেক বিলীন হয়ে গেছে। বাকি আছে সামান্য অংশ। ওই অংশ দিয়ে কোনো রকমে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছে এলাকাবাসী। বাঁধ বিলীন হলে পাশের ভরাচার, বরুমচড়া ও খুরুস্কুল গ্রামে ঢুকে পড়বে শঙ্খের পানি।
বরুমচড়ার ভরাচর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম (২৭) বলেন, ‘গত বর্ষায় বাঁধের কিছু অংশ ভেঙে গেলে আমরা স্বেচ্ছাশ্রমে সংস্কার করি। কিন্তু বর্তমানে যেভাবে ভাঙন বাড়ছে তাতে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে চলাচল।’
জুঁইদণ্ডীর বাসিন্দা ও বরুমচড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মনজুরুল হক বলেন, ‘বাঁধ বিলীন হলে আমাকে ১০ কিলোমিটার ঘুরে বিদ্যালয়ে যেতে হবে।’
স্থানীয় লোকজন জানান, গোদারপাড় এলাকার শাহ মোহছেন আউলিয়া খালটি শঙ্খে মিশে বরুমচড়া আর জুঁইদণ্ডীকে পৃথক করেছে। ওই খালের পূর্ব পাশে বরুমচড়া আর দক্ষিণ-পশ্চিমে জঁুইদণ্ডীর অবস্থান। কয়েক বছর আগে ভাঙনে ওই খালের ওপর নির্মিত জলকপাটটিও (স্লুইস গেট) বিলীন হয়ে যায়। এখন বিলীন হচ্ছে বাঁধ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গোদারপাড়ের দক্ষিণ অংশে ২০১১-১২ অর্থবছরে এক কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার এলাকায় সিসি ব্লক বসানো হয়। বাকি অংশ অরক্ষিত থেকে যায়।
বরুমচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বেড়িবাঁধটি সংস্কারের দাবিতে পাউবোসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। দ্রুত এটি সংস্কার করা না হলে দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ হয়ে যাবে।’
এ প্রসঙ্গে পাউবোর উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, গোদারপাড়সহ আনোয়ারা উপজেলার ভাঙনকবলিত বিভিন্ন এলাকার সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার করা হবে।