বাঘাইছড়ির মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দু ঘাট-কদমতলী সড়ক। ১৫ কিলোমিটারের সড়কটির বারিবিন্দু ঘাট এলাকায় আধা কিলোমিটার অংশ ভেঙে বিলীন হয়ে গেছে কাচালং নদে। ওই অংশে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন তুলাবান ও কদমতলী গ্রামের মানুষ।
এদিকে বিলীন হচ্ছে নদীপাড়ের ঘরবাড়ি ও ফসলি জমি। গত দুই মাসে বারিবিন্দু ঘাটের আশপাশের আটটি বসতঘর ও দু্ই একর ফসলি জমি চলে গেছে নদীগর্ভে।
এবারের বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাচালং নদের ভাঙন বেড়েছে। এ নিয়ে আতঙ্কে আছেন নদীপাড়ের লোকজন।
সরেজমিনে দেখা গেছে, বারিবিন্দু ঘাট এলাকায় ভাঙন তীব্র। যাতায়াতের একমাত্র সড়ক নদে বিলীন হওয়ায় লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন নদ পাড় হয়ে। ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কে আছে নদীপাড়ের শতাধিক পরিবার।
ভাঙনে বসতঘর হারানো প্রশান্তময় চাকমা বলেন, ‘নদী এমনভাবে আগে ভাঙেনি। এবার বর্ষায় রুদ্রমূর্তি ধারণ করেছে। বসতভিটা হারিয়ে এখন আশ্রয় নিয়েছি পাঁচ কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায়। অনেকের আমনখেতও নদীতে বিলীন হয়ে গেছে।’
তুলাবান গ্রামের বাসিন্দা সুমন চাকমা বলেন, ‘কয়েক দিন পরপর বৃষ্টি হচ্ছে। আর তীব্র হচ্ছে নদীর ভাঙন। আমার ঘর থেকে নদীর দূরত্ব এখন প্রায় ১০০ গজ। কখন যে ঘর বিলীন হয়ে যায় সেই আতঙ্কে আছি।’
মারিশ্যা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে উপজেলায় বন্যা হয়। সে সময় বারিবিন্দু ঘাট এলাকায় সামান্য ভাঙন দেখা দেয়। তখন থেকে ভাঙন শুরু হয়। এরপর থেকে প্রতিবছর নদ ভেঙেছে। এবার তীব্র আকার ধারণ করেছে। গত মে মাসের শুরুতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চট্টগ্রাম কার্যালয় থেকে প্রতিনিধিদল বারিবিন্দু ঘাটের ভাঙন এলাকা পরিদর্শন করেছে। প্রতিনিধিদলের পরামর্শে ১২ মে পাউবোর প্রকৌশলী বরাবর দরখাস্ত দেওয়া হয়। এরপর আর কোনো খবর নেই।
মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টন্টমুনি চাকমা বলেন, ভাঙনের শুরুতেই জেলা পরিষদ, পাউবোসহ সংশ্লিষ্ট সবাইকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু কেউ কর্ণপাত করেনি। সে সময় রক্ষা দেয়াল দিয়ে ভাঙন রোধ করা যেত। এখন ভাঙন রোধ করতে গেলে কয়েক কোটি টাকা প্রয়োজন হবে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পর্যায়ক্রমে তুলাবান গ্রামে কয়েক শ ঘর ভেঙে যাবে। ইতিমধ্যে দুই মাসে আটটি বসতঘর ও দুই একর ফসলি জমি বিলীন হয়ে গেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা বলেন, ‘পাউবোর প্রতিনিধি দল পরিদর্শনে এসে আশ্বাস দিয়েছে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেবে। আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।’
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বুষকেতু চাকমা বলেন, জেলা পরিষদে বারিবিন্দুঘাট এলাকার ভাঙনের বিষয়ে একাধিকার বলা হয়েছে। কিন্তু ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার মতো সামর্থ্য এই মুহূর্তে জেলা পরিষদের নেই। যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে পাউবোর প্রকল্প ছাড়া সম্ভব নয়।