পৃথিবী থেকে অনেক প্রাণী হারিয়ে গেছে। অনেক প্রাণী বিলুপ্তির পথে। বিলুপ্তপ্রায় প্রাণীগুলোকে বঁাচিয়ে রাখতে হবে। নিজেদের প্রয়োজনে বন-জঙ্গল থেকে প্রাণী হারিয়ে যেতে দেওয়া যাবে না।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিশ্ব বন্য প্রাণী দিবসের সভায় বক্তারা এসব কথা বলেন। ‘বন্য প্রাণী সংরক্ষণে তরুণদের কণ্ঠে কণ্ঠ মিলাই’ স্লোগানে ৪ মার্চ দিবসটি পালন করা হয়। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এবং বেসরকারি সংস্থা ক্রেল প্রকল্পের যৌথ আয়োজনে সকালে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ডুলাহাজারা উদয়ন স্কুলের মাঠ থেকে শুরু হয়ে ডুলাহাজারা কলেজ ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উদয়ন স্কুল, ডুলাহাজারা উচ্চবিদ্যালয়, ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে আলোচনা সভা, বন্য প্রাণীবিষয়ক দিকনির্দেশনামূলক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা এস এম গোলাম মাওলা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল লতিফ মিয়া। সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ আহসান, এ এইচ এম রায়হান সরকার, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. কেরামত আলী মল্লিক, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ ইউসুফ, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের সহকারী বন সংরক্ষক মো. জাহাঙ্গীর আলম, ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মোরশেদুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল লতিফ মিয়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।