বিলে পানি ঘরে হাহাকার
নিজ জমির আলে বসে আছেন কৃষক আলতাফ হোসেন (৪৯)। বিষণ্ন মন। বিলে পানি আর পানি। এবার আমন বুনতে পারেননি। সারা বছরের খোরাকের জোগান নেই। কাছে যেতেই দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘ঘরত খানা নাই। বউ-পোয়া উয়াস। অভাবে ত আঁরে আঁধারের মতো ছাই ফেলাইয়্যি (ঘরে খাবার নেই। স্ত্রী-সন্তান উপোস। অভাব আমাকে অন্ধকারের মতো ছেয়ে ফেলেছে)।’ গত ২৩ অক্টোবর দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা তালুকদারপাড়া বিলে কথা হয় আলতাফ হোসেনের সঙ্গে। তিনি জানান, চাষ করে পরিবারের সারা বছরের খাদ্যের জোগান হতো। সংসারের খরচও চলত। কিন্তু জলাবদ্ধতায় এবার সবকিছু নষ্ট হয়ে গেছে। সব কৃষক গোলায় ধান তুলছেন। আর খাওয়ার মতো তাঁর ঘরে কিছুই নেই। পোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কবির জানান, জলাবদ্ধতার কারণে বিলের ২০০ কৃষকের আমন ধানের চাষ নষ্ট হয়ে গেছে। ফলে কৃষক পরিবারগুলোতে এখন খাদ্যাভাব দেখা দিয়েছে। এসব কৃষক পরিবারে এবার কোরবানির ঈদের আনন্দও ছিল না। বিষয়টি উপজেলা মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন কাজের সময় কাপ্তাই সড়কের পাশে ৩০ ফুট প্রশস্ত নালাটি ভরাট হয়ে সরু হওয়ায় স্বাভাবিক গতিতে পানি চলাচল করতে পারে না। ফলে তালুকদারপাড়া বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ নিয়ে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ওয়াসা কর্তৃপক্ষ কোনো রকম পদক্ষেপ নেয়নি। জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘বিলের জলাবদ্ধতা নিরসনে নালার সংস্কারকাজ চলছে। তবে সময়মতো সংস্কারকাজ না হওয়ায় বিলের কিছু কৃষক ক্ষতির শিকার হয়েছেন। এ জন্য দুঃখ প্রকাশ করছি।’বিলের কৃষক আমজাদ আলী (৫১) জানান, বিলে এক একর ২০ শতক ফসলি জমি রয়েছে তাঁর। এসব জমিতে উৎপাদিত ইরি, বোরো এবং আমন ফসল দিয়ে পুরো বছর সংসারের খরচ মেটাতেন। আমন ধান ঘরে না ওঠায় সংসারের খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি। বউয়ের স্বর্ণালংকার ও বাঁশগাছ বিক্রি করে খাবার জোগাতে হচ্ছে। ফলে এবার কোরবানি দেওয়াও সম্ভব হয়নি। একই কথা বলেছেন কৃষক লিয়াকত আলী (৩৯), ওসমান গণি (৪৪), মাহাবুব আলম (৪৬), সরফরাজ মিয়া (৬২) সহ আরও অনেকে। তাঁরা খাদ্যসহায়তা দেওয়ার দাবি জানান।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, পোমরা তালুকদারপাড়া বিলের প্রায় ৩০০ একর জমির আমন ফসল নষ্ট হয়ে গেছে। এসব বিলের প্রায় ২০০ কৃষকের ঘরে আমন ফসল ওঠেনি। অথচ এই কৃষক পরিবারগুলো জমির ধান চাষের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। ফসল উৎপাদন ছাড়া এসব কৃষক পরিবারের আয়ের অন্য কোনো পথ নেই।উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, বিলের কৃষক পরিবারগুলোতে এখন খাদ্যাভাব চলছে। চলতি মৌসুমে আমন ধান ঘরে না ওঠায় কৃষক পরিবারগুলো এখন বাজার থেকে চাল কিনে খাচ্ছে। বেশির ভাগ পরিবারের আয়ের কোনো পথ না থাকায় খেয়ে না খেয়ে সদস্যরা মানবেতর জীবন যাপন করছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্যসহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে।