বিলেতে বাংলা গানের গৌরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিনদেশি শিক্ষার্থী শিশুদের সঙ্গে গৌরী চৌধুরী
ভিনদেশি শিক্ষার্থী শিশুদের সঙ্গে গৌরী চৌধুরী

গৌরী চৌধুরী যুক্তরাজ্যপ্রবাসী বাংলা গানের শিল্পী। ২৮ বছর ধরে তিনি বিলেতে বাংলা গানের সুর ছড়িয়ে দিচ্ছেন। রবীন্দ্র, নজরুল, আধুনিক, লোক—সব ধরনের গানেই সমান পারদর্শী। ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতির পশ্চিমা ভূখণ্ডে বাংলা গান করেন, গান শেখান। ফেরি করে বেড়ান বাঙালি সংস্কৃতি। কেবল যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাঙালি সন্তানেরা নয়, শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ শিশুদের কণ্ঠেও তুলে দিচ্ছেন বাংলা গান। লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালে গৌরীর নেতৃত্বে ব্রিটিশ শিশু-কিশোরেরা হাজির হয় বাংলা গান নিয়ে।
১৭ জুলাই কথা হচ্ছিল গৌরী চৌধুরীর সঙ্গে। কথায় কথায় শিল্পী শোনালেন তাঁর জীবনের নানা কথা। গৌরী চৌধুরীর জন্ম সুনামগঞ্জের ছাতকে। খুরমা দক্ষিণ ইউনিয়নের খুরমা গ্রামে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। বাবা গোপিকা রঞ্জন চৌধুরী গানপাগল ছিলেন। মা লীলাবতী চৌধুরীর গানের গলাও ছিল বেশ ভালো। সুরের সঙ্গে গৌরীর মিতালি সেই ছোট্টবেলা থেকে। পাঁচ বোন, দুই ভাইয়ের মধ্যে গৌরী চতুর্থ। স্বামী স্বপন নন্দী ও দুই সন্তান নিয়ে পূর্ব লন্ডনের গ্যান্টসহিলে এই শিল্পীর বসবাস।

প্রথম হারমোনিয়াম
বয়স যখন মাত্র ছয় বছর, তখন বাবা প্রথম হারমোনিয়াম কিনে দেন। বড় বোনদের সঙ্গে ভর্তি করিয়ে দেন গানের আসর স্থানীয় কনকচাঁপা খেলাঘরে। বাসায় গান তালিম নিয়েছেন ওস্তাদ কিরণ সুধা চক্রবর্তী ও বিজয় লক্ষ্মী তালুকদারের কাছ থেকে। গৌরী চৌধুরী জানান, প্রখ্যাত লোকশিল্পী রামকানাই দাশ খেলাঘরে এসেছিলেন এক কর্মশালায় ক্লাস নিতে। সেখানে গৌরীর কণ্ঠে মুগ্ধ হন তিনি। সম্ভাবনা দেখতে পেয়ে রামকানাই দাশ নিজে উৎসাহী হয়ে গৌরীকে বাসায় গিয়ে তালিম দিতেন। ১৯৮৪ সালে সিলেট বেতারের শিশুদের অনুষ্ঠান ‘কিশোরলয়ে’ অডিশন দিয়ে সুযোগ পান গান করার।

গৌরী চৌধুরী
গৌরী চৌধুরী

চলে এলেন বিলেতে
১৯৮৮ সালে বাংলাদেশে বন্যাদুর্গতদের জন্য তহবিল গঠনের লক্ষ্যে লন্ডনে গানের অনুষ্ঠানের আয়োজন করলেন লুটনের বাসিন্দা সাইদুল ইসলাম খান। সিলেট থেকে এক শিল্পী দলের সঙ্গে আসেন গৌরী চৌধুরী। তখন তাঁর বয়স ১৮ বছর। যুক্তরাজ্যের বিভিন্ন শহর ঘুরে গান করে প্রবাসীদের মনে জায়গা করে নেন। যুক্তরাজ্যে তখনকার বাংলা সাহিত্য-সংস্কৃতির সংগঠন ‘বাংলাদেশ সেন্টার’ গানের শিক্ষক হিসেবে নিয়োগ দেয় গৌরীকে। গৌরী থেকে গেলেন বিলেতে। শেখানোর পাশাপাশি নিজে এখানে হিমাংশু গোস্বামীর কাছে গান শিখলেন। ১৯৯৮ সালে মাত্র পাঁচটি হিন্দি গান জানা গৌরী লন্ডনে ভারতীয় টিভি চ্যানেল জিটিভির আয়োজনে ‘সারেগামা’ অনুষ্ঠানের কোয়ার্টার ফাইনালে উঠে যান। সনু নিগমের উপস্থাপনায় ওই অনুষ্ঠানের বিচারক ছিলেন জগজিৎ সিং, মেহেদি হাসান, গোলাম আলী ও রুনা লায়লার মতো দুঁদে শিল্পীরা। তিনি ২০০১ সালে মুম্বাই গিয়ে জিটিভির ‘অন্তক্ষরী’ প্রতিযোগিতায় অংশ নেন।
১২ দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের পক্ষে গৌরী চৌধুরী ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডস’ জিতে নেন।
ধীরে ধীরে তাঁর পরিচিতি ছড়িয়ে পড়ল ইউরোপের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের কাছে। এখন ইউরোপের বিভিন্ন দেশে প্রতি মাসে তাঁর দু–তিনটি করে অনুষ্ঠান থাকে। ২৩ জুলাই তাঁর ইতালিতে গাওয়ার কথা।

বাঙালি পরিবারের শিশুদের সঙ্গে গৌরী চৌধুরীর কাছে গানের তালিম নেয় ভিন্ন ভাষার শিশুরাও। ছবি: সংগৃহীত
বাঙালি পরিবারের শিশুদের সঙ্গে গৌরী চৌধুরীর কাছে গানের তালিম নেয় ভিন্ন ভাষার শিশুরাও। ছবি: সংগৃহীত

বাংলা গানের সুরে
স্থানীয় স্কুলগুলোতে গান শেখানোর জন্য পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ২০০১ সালে গৌরীকে ‘এশিয়ান মিউজিক টিচার’ হিসেবে নিয়োগ দেয়। তিনি বাংলা গানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলেন। এখনো দুটি বিদ্যালয়ে সপ্তাহে তিন দিন করে গান শেখান। আর মাসে চার থেকে পাঁচ দিন শেখান ‘নিউহ্যাম ইয়াং পিপল কোয়্যার’–এ। নিউহ্যামের ৪০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এই কোয়্যার। বিদ্যালয়গুলোর গানের শিক্ষকদেরও গান শেখাতে হয় গৌরীকে। এই গানের দলের সদস্যরা লন্ডনের অভিজাত হলগুলোতে ‘ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যাল’–এ বাংলা গান নিয়ে হাজির হন, যার নেতৃত্ব দেন গৌরী। ১৮ জুলাই লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ছিল তেমন একটি আয়োজন।
গৌরী বলেন, ‘৫ থেকে ৬৫ বছর বয়সী ৩৫ জন শিক্ষার্থী এখন আমার কাছে গান শিখছে। অপেক্ষমাণ আছে আরও অনেকে।’ সংগীতশিক্ষার এ কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘সুরালয়’ নামে একটি বিদ্যালয় গড়তে চান তিনি। তাঁর একমাত্র অ্যালবাম ও টেমস নদী, ১৯৯২ সালে এইচএনবি থেকে প্রকাশিত হয়েছে।

নিজের সংস্কৃতি ভিন দেশে
‘ব্রিটিশ শিশুদের দিয়ে বাংলা গান গাওয়াতে পারব, এমনটা কল্পনার বাইরে ছিল।’ বললেন গৌরী চৌধুরী। যোগ করলেন, তাদের অনেক যত্ন করে অর্থ বুঝিয়ে দিয়ে গান শেখাতে হয়। বাঙালি নতুন প্রজন্মের শিশুরা বাংলা গান শেখায় আগ্রহী। ওদের মুখে এখন শোনা যায় আমার সোনার বাংলা কিংবা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান। এসব গানের ইতিহাসও তারা জানে। গৌরী বলেন, ‘নিজের ভাষা ও সংস্কৃতিকে ভিন দেশে ছড়িয়ে দেওয়ার যে আনন্দ তা আর কিসে পাই, বলুন।’