বিলেতে বাংলাদেশের প্রথম কার্টুন প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হইচই ফেলে দেওয়ার মতোই ব্যাপার। এই প্রথমবারের মতো সুদূর লন্ডনের বুকে হয়ে গেল বাংলাদেশি কার্টুনিস্টদের আঁকা কোনো কার্টুন প্রদর্শনী। গত ১৮ সেপ্টেম্বর দেশের জনপ্রিয় স্যাটায়ার ম্যাগাজিন উন্মাদ-এর উদ্যোগে লন্ডনের হোয়াইট সিটির বার্লিংটন ডেনস একাডেমিতে আয়োজিত হলো ‘বাংলাদেশ’ শিরোনামের এই কার্টুন প্রদর্শনী। এতে স্থান পেয়েছিল উন্মাদ-এর সম্পাদক আহসান হাবীব, কার্টুনিস্ট মেহেদী হক, তন্ময়, মিতু, রাজীব ও মোরশেদ মিশুর আঁকা মোট ২৫টি কার্টুন। এ প্রদর্শনীর শিরোনাম ‘বাংলাদেশ’ হলেও বাংলাদেশের পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক কার্টুনও তুলে ধরা হয়েছিল এতে। এই হলো ঘটনা।আর রটনা হলো, রটনা মানে সেখানে উপস্থিত একমাত্র কার্টুনিস্ট প্রতিনিধি তন্ময়ের ভাষ্য আর কী! তাঁর মুখ থেকে যতটুকু শোনা গেল তা হচ্ছে, মাত্র এক দিনের জন্য আয়োজিত এ প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত করার সঙ্গে সঙ্গেই পাওয়া যায় আশাতীত সাড়া। দেশি-বিদেশি দর্শকের পদচারণে মুখর হয়ে ওঠে মিলনায়তন, বিক্রিও হয়েছে বেশ কিছু কার্টুন। এ প্রসঙ্গে কার্টুনিস্ট তন্ময় বলেন, ‘আমাদের দেশে মানুষ এখন কার্টুনের প্রতি আগ্রহী হয়ে উঠছে, সন্দেহ নেই। কিন্তু ও দেশে কার্টুনের যে বাজার ও বাজারদর রয়েছে, তা দেখে বারবারই মনে হচ্ছিল, আমাদের দেশে কবে এ রকম কার্টুনের কদর হবে, যখন মানুষ তৈলচিত্রের মতোই একটি কার্টুন নিজস্ব সংগ্রহে রাখবে?’ তন্ময়ের মতো এ ইচ্ছা সব কার্টুনপ্রেমীর। কার্টুন-উন্মাদনায় মেতে উঠুক দেশের সবাই—কামনা রইল এটাই।