বিলেতের ঈদ: হৃদয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদ রাতে ঘটা করে বন্ধুরা মিলে ঈদের চাঁদ দেখা, ভোরবেলায় সবার আগে ঘুম থাকে উঠে পুকুরের পানিতে গোসল, সেলামি পাওয়ার আশায় দাদাবাড়ি থেকে নানাবাড়ি ছুটে চলা, বাবার হাত ধরে ঈদগায়ে পায়ে হেঁটে নামাজ পড়তে যাওয়া, কিংবা ঈদ-সন্ধ্যায় বন্ধুরা মিলে আড্ডা, হই হুল্লোড়—আজ শুধু স্মৃতিপটে আঁকা এক ছবি। বর্ষাকালের ঈদ বয়ে আনত নতুন মাত্রা। গ্রামের সবাই মিলে বড় নৌকা নিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার আনন্দ, ভাষায় প্রকাশ করার মতো ভাষাজ্ঞান আমার নেই। এ যেন এক আনন্দমেলা। 


ঘটা করে বন্ধুরা মিলে ঈদের চাঁদ দেখা আর হয়ে উঠে না। বিলেতে, হয়তো বাংলাদেশেও এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ঈদের চাঁদ দেখার অভিলাষ অথবা আনন্দ কোনোটাই প্রকট নয়। প্রজন্ম আমার প্রযুক্তিনির্ভর, অনলাইন, ফেসবুক কিংবা টুইটারে চোখ বুলিয়ে খুঁজে নিচ্ছে ঈদের দিনক্ষণ। ভালোবাসার ঘটেছে রূপান্তর অথবা বদলে গেছি আমি নিজেই।

বিলেতে চাঁদ রাতের আনন্দ খুঁজতে বের হলাম একদিন। গন্তব্য পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোড আর গ্রিন স্ট্রিট। লোকসমাগম দেখে মনে হলো আমি যেন বাংলাদেশের নিউমার্কেটের কোনো এক গলিতে এসে পড়লাম। বাংলায় কথা বলা আর বাংলাদেশি পণ্যের ব্যাপক আয়োজন হোয়াইট চ্যাপেল রোডে। ঈদ আনন্দের কিছুটা আবহ পেলাম এখানে। এক কাপ চা, তারপর গন্তব্য গ্রিন স্ট্রিট।

লোকসমাগমে গ্রিন স্ট্রিট হোয়াইট চ্যাপেলের চেয়ে কিছুটা এগিয়ে। রাস্তার দুই পাশে খোলা আকাশের নিচে বসেছে মেহেদির দোকান। মেহেদি দিয়ে হাতে, নখে আঁকা হয় বিভিন্ন চিত্র। মেহেদির দোকান চাঁদ রাতের এক বিশেষ আয়োজন, চলবে মাঝরাত পর্যন্ত, অন্য কোনো দিন এর দেখা মেলা দায়।

এখানেও ভোর হয়। পড়া হয় ঈদের নামাজ। বন্ধুদের বাসায় বেড়াতেও যাওয়া হয়। দেশে যেমন ঈদ আনন্দের ফোয়ারা বয়ে যেত অথবা এখনো বয়ে চলে, এখানকার যান্ত্রিক জীবনে ঈদ বন্ধুদের সঙ্গে একত্র হওয়ার একটা উপলক্ষ মাত্র। জীবন আর জীবিকার সন্ধানে পরবাসী আমি, হৃদয়ে বাংলাদেশ।