বিল্ডিংকম্প
এবার ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার সময় গ্রামের সবার কাছ থেকে একটু ঘটা করেই বিদায় নিয়ে এসেছি। পায়ের ধুলোবালি উপেক্ষা করে পা ছুঁয়ে সালামও করে এসেছি কাউকে কাউকে। একজন শ দুয়েক টাকা পেত। কদিন আগেও চিন্তা করেছিলাম মেরে দেব। কিন্তু এবার সেটা পরিশোধ করে এসেছি। আমার এহেন বদলে যাওয়ার পেছনে দিনবদলের স্লোগান কাজ করেছে, এমনটি ভাবার কোনো কারণ নেই। একটা বিষয়ই কাজ করেছে, সেটা হলো টিভির ব্রেকিং নিউজ, যেখানে বারবার জানানো হচ্ছিল ভূমিকম্পের খবর। তা দেখে সত্যি সত্যি আমার খবর হয়ে যাচ্ছিল। কিন্তু খবর হলেও তো কিছু করার নেই, ঢাকায় ফিরতেই হবে; আর ঢাকায় ফেরা মানেই বাঘের মুখে পড়া। এই বাঘ যেহেতু দুদকের মতো নখদন্তবিহীন নয়, অতএব, বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। তাই সবার কাছ থেকে শেষবিদায় নিয়ে আসা আরকি। ঈদে নতুন কেনা পাঞ্জাবিটাও চেয়ে নিয়ে গেল একজন। তার কথা হচ্ছে, ‘ওপরে যখন বিল্ডিং ভেঙে পড়বে, তখন তো শুধু শুধু দামি পাঞ্জাবিটা নষ্ট হবে। তার চেয়ে ভালো আমাকে দিয়েই দেন।’ কী আর করব, দিয়ে দিলাম। এরই মধ্যে উপদেশও মিলল কয়েকজনের কাছ থেকে। একজন বলল, ঢাকায় ফিরেই যাতে শক্ত কাপড়ের একটা মশারি কিনে নিই। শক্ত কাপড়ের মশারি টানিয়ে ঘুমালে নাকি ছাদ ভেঙে পড়লেও শরীরের ওপর সরাসরি পড়তে পারবে না। আরেকজন বলেছে, খাটটা যেন দরজার কাছাকাছি এনে ঘুমাই, যাতে ভূমিকম্প শুরু হলে দৌড়ে বের হতে দেরি না হয়। আর ভূমিকম্প শুরু হয়েছে কি না, এটা আগেভাগে টের পাওয়ার জন্য টেবিলের ওপর একটা টিন বা স্টিলের কৌটা রেখে দিতে বলেছে। যখন ঝনাৎ করে কৌটাটা পড়ে যাবে, তখন বুঝতে হবে ভূমিকম্প শুরু হয়ে গেছে এবং তখনই দৌড় শুরু করতে হবে। এই উপদেশটা অবশ্য আমার কাছে ভালোই লেগেছিল। তাই ঢাকায় এসেই টেবিলের ওপর একটা কৌটা রাখলাম। খাটটাও আনলাম দরজার কাছে। রাত তখন কয়টা বাজে বলতে পারব না। হঠাৎ ঝনাৎ করে শব্দ হলো। ছিলাম আধঘুমে। ‘ও মা গো, বাবা গো’ বলে লাফ দিয়ে উঠে বউ-বাচ্চাকে মোটামুটি টেনেহিঁচড়ে নিয়ে বের হয়ে গেলাম বাইরে। কিন্তু বাইরে গেলে আর কতটুকুই বা যেতে পারব! গেট তো বন্ধ! দারোয়ানকে বিশাল ধমক দিয়ে বললাম, ‘এই বেটা, গেট খোল। ভূমিকম্পে বিল্ডিং ভাইঙ্গা পড়তেছে, আর তুই নাক ডাকায়া ঘুমাস!’ চোখ কচলাতে কচলাতে দারোয়ান উঠল। আমার চিৎকার শুনে তখন অনেকেই এসে জড়ো হয়েছে। তবে কেউ নাকি ভূমিকম্প টের পায়নি। দিলাম সবাইকে একটা ঝাড়ি, ‘মিয়ারা, আপনারা তো এই দারোয়ানের চাইতেও ঘুমপাগল। এত বড় ভূমিকম্প হইয়া গেল আর আপনেরা কিছুই বলতে পারেন না! যান, গিয়া নাকে তেল দিয়া ঘুমান।’ রেগেমেগে ঘরে ফিরলাম। আবার সেই ঝনাৎ শব্দ। এবার আর বউকে সঙ্গে নেওয়ার সময় পেলাম না। নিজের জানটা নিয়ে এক দৌড়ে চলে গেলাম গেটের বাইরে। বাইরে গিয়ে চোখ বন্ধ করে ফেললাম। কারণ, এই বুঝি আমার চোখের সামনে বিল্ডিংটা ধসে পড়ল। আর শুরু হয়ে গেল মানুষের আর্তচিৎকার। তবে একটু পরেই আমি যে চিৎকারটা শুনতে পেলাম, সেটি আর্তচিৎকার নয়, সাধারণ চিৎকার। আর চিৎকারটা আমার বউয়ের। সে চিৎকার করে যা বলল তার অর্থ হচ্ছ, ভূমিকম্প নয়, বরং ঘরে বিড়াল ঢুকেছে। এই বিড়ালই এটা-ওটা ফেলছে ঝনাৎ ঝনাৎ। বউয়ের কথা শুনে দারোয়ান বেশ উচ্চ আওয়াজেই হেসেছিল, যা আমার কাছে ভূমিকম্পের কাঁপুনির চেয়ে পীড়াদায়ক মনে হয়েছিল। তবে যত পীড়াদায়ক কিংবা লজ্জাদায়কই মনে হোক না কেন, এটা কিন্তু ঠিক যে ভূমিকম্পের আতঙ্কে এর আগেও বেশ কবার আমি এ ধরনের দু-একটা ঘটনার অবতারণা করেছিলাম। তখন আমি হলে থাকি। হলটা ঝুঁকিপূর্ণ ছিল বিধায় হল কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়ে রেখেছিল আমরা যাতে সতর্ক থাকি। কর্তৃপক্ষের এই ঘোষণা অন্যরা কীভাবে নিয়েছিল জানি না, তবে আমি নিয়েছিলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে। সেদিনই নিউমার্কেটে গিয়ে একটা মোটা দড়ি কিনে আনলাম। কাউকে কিছু না বলে দড়িটা ঝোলালাম জানালার কাছে। বিল্ডিং কাঁপতে শুরু করলে সিঁড়ি দিয়ে নামার সুযোগ পাব না। সোজা দড়ি বেয়ে নেমে পড়ব। একদিন ভোররাতে টের পেলাম বিল্ডিং কাঁপছে। রুমমেটদের কাউকে ডাক না দিয়ে ঝুলে পড়লাম দড়িতে। নিচে নেমে গিয়ে নিরাপদ দূরত্বে দাঁড়ালাম। কিন্তু ঘটনা কিংবা দুর্ঘটনা—কিছুই ঘটল না। কেন ঘটল না, সেটা জানার জন্য বিশেষ কোনো তদন্ত করতে হয়নি। এমনিতেই জানতে পেরেছিলাম। পাশের রুমের একজন তার টেবিল টেনে রুমের এক কোনা থেকে অন্য কোনায় নিয়ে গিয়েছিল। এতে গড়গড় শব্দ হয়েছিল। কাঁপুনির সৃষ্টিও হয়েছিল খানিকটা। আর আমি ধরে নিয়েছিলাম, ভূমিকম্পের আলামত শুরু হয়ে গেছে। এই ঘটনার পর আমি একটু বিব্রত বোধ করেছিলাম ঠিক, তবে দড়িটা খুললাম না। কারণ, একদিন কিছু হয়নি বলে যে অন্য দিন কিছু হবে না, তা তো না। সবচেয়ে বড় কথা, বিপদ মিসকল কিংবা ফোন করে আসে না। তার প্রমাণ পেলাম দুই দিন পর, যখন দেখলাম আমার রুমের দেয়ালঘড়ি ও হিটারটা নেই। আমার অনুপস্থিতিতে দড়ি বেয়ে জানালা দিয়ে উঠে চোরেরা আমার এই সর্বনাশ করেছে। আমি মানসিকভাবে কষ্ট পেতে গিয়েও পেলাম না। কারণ, চোরের মনটা আসলেই নরম। সে আর যা-ই হোক, আমার দড়িটা চুরি করেনি। পরে আবার মনে হলো, এমনও হতে পারে, আবার ওঠার আশায় সে দড়িটার কোনো ক্ষতি করেনি। তবে দড়ির মালিক যেহেতু আমি, আমারও তো একটা পছন্দ-অপছন্দ আছে। তাই রুমের অন্যান্য জিনিসের নিরাপত্তার কথা ভেবে সেদিনই দড়িটা খুলে ফেললাম। তবে আমি স্থির থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল, এই বুঝি আমার ওপর বিল্ডিং ভেঙে পড়ল। তাই ঠিক করলাম, আর হলে থাকব না, মেস ভাড়া করে থাকব। ভাড়া নিলাম। কিন্তু ভয় কাটছিল না। বারবার মনে হচ্ছিল, যে বিল্ডিংয়ে থাকছি, এটা যথেষ্ট শক্ত তো? ভেঙে পড়বে না তো? একদিন মেসের মালিককে আমি কথাটা বললাম। উনি কিছু বললেন না। আমার ভয় আরও বেড়ে গেল। এরপর আরও কয়েক দিন বললাম কথাটা। উনি বললেন, ‘আমি বুঝতে পেরেছি, আপনি আমার বিল্ডিংয়ের ওপর ভরসা করতে পারছেন না। ঠিক আছে, আমি আপনাকে এমন ঘর দিচ্ছি, যা কখনোই ভেঙে পড়বে না। আসুন আমার সাথে।’ আমি খুশিতে লাফাতে লাফাতে গেলাম ঘর দেখতে। তবে ঘর দেখে যখন ফিরছিলাম, তখন আমার মুখের মানচিত্র স্বাভাবিক ছিল না। কীভাবে থাকে বলুন। বেটা আমাকে কিনা বস্তির ছাপরা দেখায়! আর বলে, ছালার দেয়াল ছালার ছাদ। ভেঙে পড়ার ভয় নেই। ভাড়াও কম!