বিশদ বাংলায় নজরুল-সংগীতমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুদ্ধ নজরুলসংগীত চর্চা ফোরাম ও বিশদ বাংলার যৌথ আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীতভান্ডার থেকে গৃহীত বিশ্লেষণমুখী কিছু গান নিয়ে ‘নজরুল-সংগীতমালা’ বিশদ বাংলার পরম্পরাকক্ষে অনুষ্ঠিত হয় ২৩ জুন। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশদ বাংলার পরিচালক আলম খোরশেদ। এতে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। দুই পর্বের এ অনুষ্ঠানে প্রথম পর্বে সংক্ষিপ্ত আলোচনার পরপরই শুরু হয় শুদ্ধ নজরুল সংগীতচর্চা ফোরামের ছাত্রীদের পরিবেশনা। মুশতারী নায়লা তাবাসসুমের ‘দোলা লাগিল দখিনার বনে বনে’ ও ‘নিশিপবন’, সুস্মিতা সরকারের ‘কারার ওই লৌহকপাট’ ও ‘এই শিকল পরা ছল’, নাজিফা মোস্তাফিজের ‘লিচু চোর’ কবিতার আবৃত্তি ও রাগপ্রধান গান ‘কাবেরী নদী জলে’, অনামিকা মল্লিকের রাগপ্রধান গান ‘অরুণকান্তি কে গো’, বর্ষা দের ‘গগন সঘন চমকিছে’ এবং দ্বৈত কণ্ঠে রাগপ্রধান গান ‘বাজেরে বাজে’ শ্রোতাদের মনে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়। এরপর দ্বিতীয় পর্বে ছিল একক সংগীত পরিবেশনা। এ পর্বের প্রথম শিল্পী লুপর্ণা মুৎসুদ্দীর দরাজকণ্ঠের পরিবেশনা ‘মুসাফির মোছরে,’ ‘বুলবুলি নীরব’, ‘নহে নহে প্রিয়’ হলভর্তি শ্রোতাদের মুগ্ধ করে। লুপর্ণার পরপরই একক সংগীতে অংশ নেন শুদ্ধ নজরুল সংগীত ফোরামের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিল্পী মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি একে একে পরিবেশন করেন ‘বল সখী বল ওরে’, ‘বরষা ওই এলো বরষা’, ‘ব্রহ্মময়ী জননী মোর’, ‘দোলনচাঁপা বনে দোলে’, ‘সন্ধ্যা গোধূলি লগনে’, ‘উচাটন মনে ঘরে রয়না’, ‘আমার কোন কূলে আজ’, ‘মেঘের হিন্দোলা গায়’, ‘মোর প্রিয়া হবে এসো রানী’, ‘পরান প্রিয়’, ‘জাগো সাকী’ এবং ‘চাঁদ হেরিছে চাঁদ মুখ তার’। উপস্থিত শ্রোতারা প্রতিটি গানই দারুণভাগে উপভোগ করেন। গানের মাঝে মাঝে শিল্পীর বর্ণনা গানগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো অনুষ্ঠানে তবলায় সংগত করেন পলাশ দেব।