বাঁশির ধ্রুপদি সুরে বিমোহিত দর্শক-স্রোতারা আরও একবার নতুন করে আবিষ্কার করলেন শিল্পী আজিজুল ইসলামকে। নগরের বিশদ বাঙলার পরম্পরা মিলনায়তনে ২১ নভেম্বর সন্ধ্যায় যেন সুরের ইন্দ্রজাল বুনলেন চট্টগ্রামের প্রখ্যাত এই সংগীতসাধক।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন বিশদ বাঙলার কর্ণধার আলম খোরশেদ। এরপর শিল্পী আজিজুল ইসলাম ভারতীয় শাস্ত্রীয় সংগীত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। কথামালার পর শুরু হয় বাঁশি বাদন। শুরুতে আজিজুল ইসলাম আলাপ, জোড় ও ঝালাসমেত রাগ মারোয়ায় পূর্ণাঙ্গ বাদন উপহার দেন। এরপর তিনি একই ঘরানার রাগ পুরিয়া ও সোহিনী বাজিয়ে শোনান।
সবশেষে মিশ্র খাম্বাজ রাগের একটি গৎ বাজিয়ে তিনি সেদিনের পরিবেশনার সমাপ্তি টানেন। বাঁশি বাজানো শেষে তিনি শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান শেষে বিশদ বাঙলার পক্ষ থেকে মুজিবুল হক শিল্পীকে ধন্যবাদ জানিয়ে তাঁর হাতে একটি শুভেচ্ছাস্মারক তুলে দেন। বিজ্ঞপ্তি।