দুর্গম পাহাড়ি এলাকায় আগে পানির উৎস ছিল শুধু ছড়া ও পুকুর। ওই পানিই পান এবং প্রতিদিনের কাজে ব্যবহার করত আদিবাসীরা। কিন্তু সেই দুর্গম রাইনক্ষ্যং ও পাইন্দু এলাকার তিনটি পাড়ায় এখন পাওয়া যাচ্ছে বিশুদ্ধ পানি। আর তা সম্ভব হয়েছে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের (ব্রিগেড) সদস্যদের উদ্যোগের কারণেই। তাঁরা পাইপ লাইনে প্রাকৃতিক পানি প্রবাহ (জিএফএস) কাজে লাগিয়ে উঁচু টিলায় গড়ে তুলেছেন পানি সরবরাহব্যবস্থা এবং জলাধার। এর ফলে উপকৃত হচ্ছে ওই এলাকার ২০০ পরিবার। সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, রাইনক্ষ্যং পুকুরপাড়া ও প্রাঞ্জাপাড়া রাঙামাটি জেলায় পড়েছে। কিন্তু রাঙামাটি থেকে প্রায় ১৫০ কিলোমিটার ও বান্দরবানের রুমা উপজেলা সদর থেকে ৩০-৩৫ কিলোমিটার দূরে এসব পাড়া। সড়ক বা অন্য কোনো মাধ্যম না থাকায় জলাধার নির্মাণসামগ্রী হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে। সাড়ে তিন কিলোমিটার পাহাড়ের ওপর দিয়ে পাইপলাইন টেনে প্রাঞ্জাপাড়ায় পানি সরবরাহ করা হয়েছে।পাইন্দু ইউনিয়নের মুননুয়ামপাড়ার লোকজন জানান, ‘গত গ্রীষ্মে পাড়ার আশপাশের পানির উৎস শুকিয়ে যায়। ছড়ার পানিও ছিল দূষিত। ওই পানি পান করে মানুষ ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হতো। রাইনক্ষ্যং ইউনিয়নের সদস্য জাকোব ত্রিপুরা বলেছেন, ‘পানির জলাধার গড়ে তোলায় শুধু পকুরপাড়ার ৪৭ মারমা ও ত্রিপুরা পরিবার বিশুদ্ধ পানি পাচ্ছে। পাড়ার কেন্দ্রস্থলে জলাধার (রিজার্ভার) হওয়ায় যখন প্রয়োজন তখন পানি নিয়ে যেতে পারছে লোকজন। মুননুয়ামপাড়ার জিরকুম বম জানান, ‘আমাদের পাড়ায় আগে একটি পানির জলাধার ছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। চলতি বর্ষায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে যায় সেটি। সেনাবাহিনী ভেঙে যাওয়া সেই জলাধার তৈরি করে দিয়েছে। এখন পাড়ার ১০০ বম ও তঞ্চঙ্গ্যা পরিবার সহজে পানি পাচ্ছে। ফলে এক কিলোমিটার পাহাড় ভেঙে পানি আনার কষ্ট দূর হয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘এলাকার লোকজন দীর্ঘদিন ধরে পানি সরবরাহের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সরকারি-বেসরকারি সংস্থার পক্ষে সেখানে পানি সরবরাহের কাজ করা সম্ভব ছিল না। এ জন্য সেনাবাহিনী প্রাথমিকভাবে পুকুরপাড়া, প্রাঞ্জাপাড়া ও মুননুয়ামপাড়ায় পানি সরবরাহ দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘সাড়ে তিন কিলোমিটার পাহাড় ও জঙ্গলের ওপর দিয়ে পাইপলাইন টেনে প্রাঞ্জাপাড়ায় পানি সরবরাহ দেওয়া হয়েছে। আর পুকুরপাড়ায় রাইনক্ষ্যং পুকুরের ওপর দিয়ে পাইপলাইন টানা হয়েছে। যোগাযোগব্যবস্থা না থাকায় জলাধার নির্মাণের জন্য ইট, বালু, সিমেন্ট, পাইপ হেলিকপ্টারে করে নিতে হয়েছে।’ এ ব্যাপারে বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল শাহ আতিকুর রহমান বলেন, ‘দুর্গম এলাকার পাড়াগুলোতে আরও পানি সরবরাহব্যবস্থা গড়ে তোলা হবে। সেনাবাহিনী শুধু পানি সরবরাহ নয়, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা, পোলিও টিকা দেওয়া, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন কাজ করে যাচ্ছেন।