বিশুদ্ধ পানির সংকট খাগড়াছড়িতে
বিশুদ্ধ পানির চরম সংকট চলছে খাগড়াছড়িতে। জেলা সদরসহ প্রায় সব এলাকার বেশির ভাগ অগভীর নলকূপ ও রিংওয়েল অকেজো হয়ে পড়েছে। বাধ্য হয়ে ঢাকনাবিহীন কুয়ার দূষিত পানি অথবা পাহাড়ি ছরার (ঝরনার) পানি পান করছেন অধিবাসীরা। এতে গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষজনসহ নাগরিকদের একটা বড় অংশের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।খাগড়াছড়ি শহর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত তংথাকপাড়ায় বসবাস করে ৪০টি পরিবার। এ পাড়ায় গত বছর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি রিংওয়েল স্থাপন করা হয়। গত বুধবার (২ মার্চ) সরেজমিনে দেখা যায়, এই রিংওয়েল থেকে ৫-৬ কলসি পানি তোলার পর আর পানি উঠছে না। তবে দু-তিন ঘণ্টা পর আবার ওই পরিমাণ পানি উঠেছে। তংথাকপাড়ার বাসিন্দা উষা মং মারমা অভিযোগ করেন, ৭০ ফুট গভীর করার কথা থাকলেও রিংওয়েলটি ৪৮ ফুট পর্যন্ত খনন করা হয়েছে। এ কারণে শুকনো মৌসুমে পানি পাওয়া যায় না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রিংওয়েলটি শুকিয়ে যাবে বলে তাঁর ধারণা। উষা মং বলেন, রিংওয়েলটি এ পর্যন্ত তিনবার মেরামত করতে হয়েছে। গত বছর রিংওয়েল স্থাপনের সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খাগড়াছড়ি কার্যালয় থেকে বলা হয়েছিল, এক বছর পর্যন্ত কোনো মেরামতের প্রয়োজন হলে তা ঠিক করে দেওয়া হবে। অথচ বিষয়টি তাঁদের জানানোর পরও সাড়া পাওয়া যায়নি।বিশুদ্ধ পানির একমাত্র উৎ স রিংওয়েল নষ্ট থাকায় গ্রামের মানুষ বাধ্য হয়ে কুয়ার পানি ব্যবহার ও পান করছেন। ছাউনি ছাড়া এই কুয়ার চারপাশে জমে থাকে দূষিত পানি। পাড়ার কংজরি মগ (৬২), আব্যেং মারমা (৪১), রেশমী ত্রিপুরা (৩১) বলেন, কুয়ার পানি ব্যবহার ও পান করা ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই।খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের জেরকপাড়ায় কোনো নলকূপ নেই। এ পাড়ার ২৬টি পরিবারের লোকজন যুগ যুগ ধরে ছোট পাহাড়ি ঝরনার পানি ব্যবহার ও পান করছেন। পাড়ার উমে কান্তি ত্রিপুরা (৩৬) জানান, নলকূপ স্থাপনের জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে। এলাকার মাটি পাথুরে হওয়ায় নলকূপ বসানো সম্ভব হয়নি।খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হাসান জানান, জেলায় মাত্র ৪৯ শতাংশ এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা সম্ভব হয়েছে। জেলার বহু এলাকার মাটি পাথুরে হওয়ায় নলকূপ স্থাপন করা সম্ভব হয় না। নলকূপ বসাতে উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রয়োজন। এ ব্যাপারে সহায়তা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান। রিংওয়েলের ব্যাপারে জনসাধারণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে রিংওয়েল বসানোর কাজ হয় বর্ষা মৌসুমে। ফলে অল্প খনন করলেই পানি পাওয়া যায়। শুষ্ক মৌসুমে পানির স্তর নেমে গেলে শুকিয়ে যায় এসব রিংওয়েল।’ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের এক চিকিৎ সক নাম প্রকাশ না করার শর্তে জানান, হাসপাতালে প্রায়ই ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হতে আসেন। তবে আক্রান্ত মানুষের সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেনি বলে তিনি জানান।বিশুদ্ধ পানির সংকট জেলার সর্বত্র তীব্রতর হলেও এর উল্টো চিত্রও রয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পরীক্ষামূলক নলকূপ আশীর্বাদ হয়ে উঠেছে আগাবাড়ি এলাকার মানুষজনের জন্য। ২০০৮-০৯ অর্থবছরে বিএডিসি এই পরীক্ষামূলক কূপ খনন করে। সেই পরীক্ষামূলক কূপ থেকে এখন স্বয়ংক্রিয়ভাবে পানি উঠছে। আগবাড়ি এলাকার ৪৫টি পরিবারের সদস্য এখন এই নলকূপের পানি ব্যবহার করছেন। এর আগে এ গ্রামে বিশুদ্ধ পানির কোনো উৎ স ছিল না। গ্রামের কারবারি (গ্রামপ্রধান) দেব কুমার ত্রিপুরা জানান, ‘বিএডিসির নলকূপের কারণে আমরা এখন বিশুদ্ধ পানি পান করতে পারছি।’