বিশুদ্ধ শৈশব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি আমার পাঁচ বছরের মেয়েকে আমার দুরন্ত শৈশবের গল্প বলি। মফস্বলের মুক্ত বাতাসে বেড়ে ওঠা মানুষ আমি। বাড়ির সামনে দিয়ে গেছে সরু মাটির রাস্তা। তার দুই পাশ ঘিরে জলটলমলে ছোট ছোট দুটি পুকুর। আরও সামনে বিশাল দুটি মাঠ। সে মাঠে পাড়ার সব মেয়ে ছি-বুড়ি, বউচি, দাঁড়িয়াবান্ধা খেলে পুরো বিকেলটা কাটিয়ে দিতাম। বর্ষায় পুকুর দুটি জলে টইটম্বুর হয়ে যেত। রাস্তা ও মাঠগুলো থাকত জলে থইথই। কলাগাছের ভেলায় চড়ে আর পাড়ার ছেলে-বুড়ো সবার নানা জাতের মাছ ধরা দেখতে দেখতে বর্ষার অনিন্দ্যসুন্দর রূপ প্রাণভরে উপভোগ করতাম। মুক্ত বিহঙ্গের মতো, মুক্ত প্রজাপতির মতো, মুক্ত প্রকৃতির প্রতিটি সৌন্দর্যের পরতে পরতে ছোটাছুটি, লুটোপুটি করে স্বাধীনতা আর আনন্দের অপূর্ব মিশ্রণে কাটিয়েছি শৈশবকাল। আমার স্বাধীন দুরন্তপনায় ভরা শৈশবের গল্প শুনে মেয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে, যেন আমি অন্য কোনো রূপকথার দেশের সত্যি কোনো গল্প বলছি। কারণ, তার জীবন তো ঢাকা শহরের ইট-কাঠের চার দেয়ালে বন্দী। তার ছোট্ট জীবন কাটে স্কুলের রাশি রাশি বইয়ের পড়ার চাপে এবং কার্টুন আর কম্পিউটারের বৃত্তের মধ্যে। প্রকৃতির অনাবিল আনন্দে হারিয়ে যাওয়ার সুযোগ কই তার? যান্ত্রিকতার এই ঢাকা শহরে তার জীবন যান্ত্রিক, জটিল এবং বদ্ধ। আমি জানি, আমার মতো ঢাকা শহরের প্রতিটি মায়ের সন্তানের এই করুণ জীবন। ব্যস্ত ঢাকা শহরের দুঃসহ যানজট, ভোরের আলো ফুটতে না ফুটতেই নিজের ওজনের চেয়েও ভারী বিশাল ব্যাগের বোঝা চাপিয়ে স্কুল নামক আরেক বন্দিশালায় প্রবেশ, কোচিং, প্রাইভেট টিউটর, কিংবা অবসর বিনোদন বলতে ফাস্টফুডের বিশাল বার্গারের সুগন্ধ ভক্ষণ, ভর্তিযুদ্ধের ভয়াবহতা—এসব মিলিয়ে বিপর্যস্ত আমাদের শিশুদের শৈশবকালকে পরস্ফুিটনের আগেই গলাটিপে আমরা হত্যা করেছি, করছি। প্রজাপতির মতো ডানা মেলে উড়ে বেড়ানো আর নির্মল বাতাস বুকভরে নেওয়ার কোনো সুযোগ নেই তাদের।তাদের কাছে শৈশবের আনন্দ তো দূর আকাশের তারার মতো। শুধু চোখেই দেখা যায়। দুই হাতে জড়িয়ে সে আনন্দ গায়ে মাখা যায় না। তাই তো প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও’ স্লোগানে আমি শপথ করেছিলাম, আমার জীবনে যদি সুযোগ, অর্থ, শক্তি আর সামর্থ্য আসে, তবে আমি এই বঞ্চিত শিশুদের নির্মল আনন্দের মাধ্যমে শৈশব জীবন কাটিয়ে দেওয়ার জন্য কাজ করব। হয়তো আমি ২০ বছর আগে ফেলে আসা আমার শৈশবের মতো সেই সুন্দর পরিবেশ দিতে পারব না। তার পরও কিছুটা হলেও যাতে তাদের শৈশব চাপমুক্ত এবং আনন্দমুখর হয়, সে চেষ্টা করব। শৈশব যেন শৈশবের ভেতর রয়ে যায়, সে জন্য সাধ্যমতো চেষ্টা করব। মুক্ত পরিবেশের, মুক্ত সৌন্দর্যে শৈশবটা কাটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আমার সে শপথ, সে প্রতিজ্ঞা আমি এখনো পূরণ করতে পারিনি। কারণ, আমার এ স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের সবারই কিন্তু সাহায্য প্রয়োজন। আপনারা কি সবাই সহযোগিতা করবেন আমাকে? আমাদের সবার সন্তানদের শৈশবকে হাসি, আনন্দে আর উচ্ছলতায় ভরিয়ে তুলতে এগিয়ে কি আসবেন আমার সঙ্গে।মোর্শেদা বেগমবর্ধিত পল্লবী, ঢাকা।