মহা ধুমধামের সঙ্গে শেষ হলো ব্রিটিশ রাজপুত্তুর উইলিয়ামের বিয়ে। নেমন্তন্ন পাওয়া অতিথিরা হয়তো ঢেঁকুর তুলছেন এখনো। তবে এই বিয়েবাড়িতে ছিলেন না বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদদের কয়েকজন। তাঁদের মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রিটিশ রাজপরিবার যে নেমন্তন্নই করেনি মার্কিন মুলুকের অধিপতিকে! তবে বিয়েতে উপস্থিত ছিল একটি ঘোড়া! হ্যাঁ, রীতিমতো দাওয়াত দিয়েই ডেকে আনা হয়েছিল চারপেয়ে প্রাণীটিকে, সঙ্গে ছিল তার মনিব নিক জিফোর্ড। ঘোড়াটিকে ডাকা হয়েছিল রয়্যাল ওয়েডিং রেস নাইটে দৌড়ানোর জন্য। আর বিশেষ এই নেমন্তন্নের পেছনে কারণও আছে যথেষ্ট। নয় বছর বয়সী ঘোড়াটি এ পর্যন্ত ৩৯ বার ঘোড়দৌড়ে নেমেছিল। আয় করেছে ২৭ হাজার পাউন্ড! ঘোড়দৌড়ের মাঠে বেশ নামডাক তার।তাহাদের রাজকীয় বিয়েসবার জন্ম তো আর ব্রিটিশ রাজপরিবারে হয় না। তাই সবার কপালে লেখা থাকে না রাজকীয় বিয়ে। কিন্তু জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রিয় মানুষটির সঙ্গে গাঁটছড়া বাঁধার খায়েশ তো কারও না কারও হতেই পারে। যেমনটা হয়েছিল চীনের জিয়াংসু প্রদেশের ওয়াং লু ও ই লিনের। উইলিয়াম-কেটের মতো করেই বিয়ে করতে চেয়েছিলেন তাঁরা, করেছেনও বটে। তবে আনুষ্ঠানিকতায় ব্রিটিশ পতাকা ব্যবহারের একটা রীতি আছে। সে ক্ষেত্রে ওয়াং-লিন ব্যবহার করেছেন ফ্রান্সের পতাকার তিন রঙা এক ঝাণ্ডা। ছিল না গার্ডম্যানদের জন্য ব্রিটিশ হ্যাট। সেটারও ব্যবস্থা করে ফেলেছিলেন এই জুটি। নিজের মতো বানিয়ে নিয়েছিলেন বিশেষ হ্যাট। সবকিছু মনের মতো হওয়ায় তাই আনন্দের সীমা নেই ৩২ বছর বয়সী ওয়াংয়ের, ‘আমরা বিয়ের পোশাক-আশাক, বরযাত্রীদের ঘোড়ার গাড়ি এবং অপেক্ষারত নারীদের ব্যাপারে বেশ ভালোভাবে জেনে রেখেছিলাম। ইন্টারনেটে সত্যিকারের বিয়েটা দেখব, তবে এটা হলফ করে বলতে পারি, আমাদের বিয়েটাও হয়েছে জবরদস্ত!’কচ্ছপছবির ধাঁধা, নিচের প্রাণীটি শনাক্ত করতে পেরেছেন নিশ্চয়ই। তার নাকের ডগায় জিনিসটি কী, বলুন তো? সহজ বিষয়, আঙুর। তবেই বুঝুন, পুঁচকে ওই কচ্ছপটি কতটুকু পুঁচকে! কচ্ছপটির ওজন মোটে ৬ গ্রাম! ১০ বছর বাদে হয়তো তার ওজন দাঁড়াবে সর্বোচ্চ ৫০০ গ্রামে। ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের হুইপসন্যাড চিড়িয়াখানায় বাস এই খুদের। আর সে-ই এখন দুনিয়ার সবচেয়ে ছোট কচ্ছপ।স্বচ্ছ কেদারা!পয়লা দর্শনে ধোঁকাই খেতে হয়। দিব্যি শূন্যে বসে থাকার মতো ব্যাপার-স্যাপার! ভালো করে লক্ষ করলে দেখা যাবে, এ আসলে চেয়ারই। তিন খণ্ড ধাতব দণ্ড বাঁকিয়ে নিচে একটি পাটাতন ব্যবহার করে একসূত্রে গাঁথা হয়েছে। তার ওপর পলিইউরেথেন দিয়ে মুড়িয়ে তৈরি করা হয়েছে এই চেয়ার। জাপানের ডিজাইন ফার্ম নেন্দোর উদ্ভাবন এই স্বচ্ছ চেয়ার সত্যিই আজব!