বিশেষ অতিথি অসাধারণ অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেল রূপসী বাংলায় তখন ভীষণ ব্যস্ত সময়। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন সামরিক-বেসামরিক নিরাপত্তা বাহিনীর লোকজন—সবাই অপেক্ষা করছিলেন, রাজমাতা বিভূ কুমারী দেবীর জন্য। ভিড়ের মধ্যে ফুল হাতে অপেক্ষা করছিলেন আরও একজন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতিমা ইসলাম। ত্রিপুরার রাজমাতা—এত বড় মাপের মানুষ, নিশ্চয়ই রাশভারী কেউ হবেন! কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হলেন বিভূ কুমারী দেবী। ফুল হাতে তাঁকে স্বাগত জানালেন ফাতিমা। বললেন, ‘আগামী দুই দিন যেকোনো প্রয়োজনে আমি আপনার সঙ্গেই থাকব।’ বিভূ কুমারী দেবী বললেন, ‘ওকে বেটি।’ রাজমাতার মুখে ‘বেটি’ ডাক শুনে শিহরিত ফাতিমা, ততক্ষণে ভয়টা কমে গেছে অনেকখানি।মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর এই বিশাল আয়োজনে অতিথিদের দেখভালের জন্য নিয়োজিত ছিলেন বাংলাদেশি বেশ কিছু তরুণ-তরুণী, ফাতিমা তাঁদেরই একজন। বিশ্ববিদ্যালয়-পড়ুয়া কিংবা সদ্য বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো এই সব তরুণের জন্য সম্মানিত বিদেশি বন্ধুদের কাছাকাছি থাকতে পারাটা ছিল এক বিশাল অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার কিছুটা ভাগ পেতেই কথা হলো তাঁদের কয়েকজনের সঙ্গে।অতিথিদের সফরসূচিতে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখার সুযোগও ছিল। মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, স্মৃতিসৌধ—মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা এই সব জায়গাগুলো তরুণদের দেখা হয়েছে আগেও। তবে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি অতিথিদের সঙ্গে এই জায়গাগুলো ঘুরে দেখার অভিজ্ঞতায় ছিল বাড়তি পাওয়া। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র অনিরুদ্ধ। তিনি ছিলেন আয়ারল্যান্ডের ব্যারিস্টার নোরা শরিফের সঙ্গে। অনিরুদ্ধ বললেন, ‘নোরা শরিফ আয়ারল্যান্ডের অধিবাসী হলেও তিনি নিজেকে বাংলাদেশি বলেই পরিচয় দেন। তাঁর স্বামী সুলতান শরিফ বাংলাদেশি। বর্তমানে এই দম্পতি লন্ডনে থাকেন। নোরা শরিফ ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। নোরা শরিফ বলেছেন, কীভাবে মুক্তিযুদ্ধের সময় লেখালেখি করে তিনি বিদেশি সাহায্য পাওয়ার চেষ্টা করতেন। আমি মুগ্ধ হয়ে ওনাদের গল্প শুনেছি।’নোরা শরিফ ছয় দফা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আয়ারল্যান্ডে বাঙালি জনগোষ্ঠীর মাঝে প্রচারপত্র বিলি করে তাদের সচেতন করার চেষ্টা চালান। একই রকম মুগ্ধতার প্রকাশ দেখা গেল ফাতিমা ইসলামের মাঝেও। ফাতিমা বললেন, ‘বিভূ কুমারী বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান ঘুরে দেখেছেন। তিনি সবচেয়ে মুগ্ধ হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানের জাদুঘরটি দেখে। তিনি ঘুরে ঘুরে দেখছিলেন আর বিভিন্ন জিনিস টুকে নিচ্ছিলেন।’ ফাতিমা আরও বললেন, ‘যুদ্ধের সময় মানুষ যখন দলে দলে ভারতে আশ্রয় নিতে শুরু করল, রাজমাতা বিভূ কুমারী দেবী তখন প্রাসাদের দরজা খুলে দিয়েছিলেন। বলেছিলেন, “ওদের ভেতরে আসতে দাও। ওরা এ বাড়িতেই থাকবে।” বিভূ কুমারী দেবীর বই পড়ার খুব আগ্রহ। এবার বাংলাদেশে এসেও তিনি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বেশ কিছু বই কিনেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই পড়ার প্রতি ওনার আগ্রহ সম্পর্কে জানতেন। তাই প্রধানমন্ত্রী ওনাকে বেশ কিছু বই উপহার দিয়েছেন। উনি খুব খুশি হয়েছেন।’ভিন্ন ধরনের একটা গল্প শোনা হলো আরেক তরুণ আবু সাঈদ চৌধুরীর কাছে। আবু সাঈদ বিমানবন্দরে অতিথিদের অভ্যর্থনার দায়িত্বে ছিলেন। ভারতরত্ন পণ্ডিত রবিশঙ্করের হয়ে সম্মাননা গ্রহণ করতে এসেছিলেন সেতারবাদক কার্তিক কুমার। কার্তিক কুমারের ছেলেবেলা কেটেছে বাংলাদেশে, দেশ বিভাগের সময় তিনি ভারতে পাড়ি জমান। ৬২ বছর পর তিনি বাংলাদেশে এলেন। বিমানবন্দরে নেমেই কার্তিক কুমার আবু সাঈদের কাছে বললেন, ‘আমি আগে আমার মায়ের কাছে যাব।’ আবু সাঈদের চোখেমুখে বিস্ময় দেখে কার্তিক কুমার ভেঙে বলেন, ‘বাংলাদেশে আমাদের যে বাড়ি ছিল, আমি আগে সেই বাড়িটা একবার দেখতে যাব।’ বিমানবন্দর থেকে আবু সাঈদ তখন কার্তিক কুমারকে সঙ্গে নিয়ে সোজা চলে যান রায় সাহেব বাজারে, খুঁজে বের করেন পুরোনো বাড়িটি। কার্তিক কুমার তাঁর ছেলেবেলার বাড়ির ভগ্নাংশ ঘুরে দেখেন, দেখা হয়ে যায় ৬২ বছরের পুরোনো এক বাল্যবন্ধুর সঙ্গেও।কার্তিক কুমার ছাড়াও আবু সাঈদের সুযোগ হয়েছে ত্রিপুরার প্রধানমন্ত্রী মানিক সরকারের কাছাকাছি থাকার। আবু সাঈদ বললেন, ‘উনি তো সব সময় কড়া নিরাপত্তাবলয়ে ছিলেন, খুব বেশি কথা বলার সুযোগ হয়নি। তবে তিনি আমাকে তাঁর একটা কার্ড দিয়েছেন। বলেছেন, ভারতে গেলে আমি যেন ওনার সঙ্গে দেখা করি। তিনি আমাকে আরও বলেছেন, “তোমাদের মধ্যে একটা দেশাত্মবোধ আছে। আমরা তোমাদের স্বাধীনতাযুদ্ধকে খুব সম্মান করি।”