বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে অগ্রগতি নেই
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মুহুরী নদীর চরাঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ থেমে আছে। চরাঞ্চলের আট হাজার একর জমিকে প্রাথমিকভাবে প্রকল্পের জন্য বাছাই করা হলেও প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি নেই। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম জানান, প্রায় তিন মাস আগে ঢাকায় অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মিরসরাইয়ের চরাঞ্চলে জরিপকাজ সম্পন্ন করে প্রয়োজনীয় নকশা (ট্রেসম্যাপ) পাঠানো হয়েছিল। কিন্তু এরপর এ বিষয়ে আর কোনো নির্দেশনা বা চিঠি তাঁরা পাননি বলে জানান।প্রকল্পটি কবে নাগাদ বাস্তবায়ন হবে এ সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। এ বিষয়ে জানতে চাইলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে জানান, এটি প্রধানমন্ত্রীর একটি বিশেষ প্রকল্প। প্রধানমন্ত্রীর দপ্তর এই প্রকল্পের তদারকি করছে।মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, ‘যাঁদের এই বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা প্রকল্প বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না।’ তিনি আরও বলেন, ‘সরকারের উচিত অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে যথেষ্ট প্রচারণা চালিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি করা। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বেড়ে যাবে।’ জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংসদ মোশাররফ হোসেন, মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেন।ইতিমধ্যে কয়েক দফায় মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া চীন, মালয়েশিয়া, জাপান ও সিঙ্গাপুরের প্রতিনিধি দলের সঙ্গে মিরসরাইয়ের চরাঞ্চল সফর করেছেন। উপজেলা প্রশাসন চরাঞ্চলে প্রয়োজনীয় জরিপও করেছিল। এরপর তৎপরতা থেমে গেছে। মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন বলেন, ‘মিরসরাইয়ের চরাঞ্চল বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার যথেষ্ট উপযোগী। কারণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, রেলপথ চরাঞ্চলের অনেক কাছে। পাওয়া যাবে বন্দর সুবিধাও। তা ছাড়া এত খাস জমি আর কোথাও নেই।’সংসদে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল পাশ হয় ২০১০ সালের আগস্ট মাসে। একই বছরের ২৯ ডিসেম্বর মিরসরাইয়ের মহামায়া সেচ প্রকল্পের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, মিরসরাইয়ের চরাঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। তাঁর ঘোষণার পর প্রায় ২২ মাস অতিক্রান্ত হলেও প্রকল্প বাস্তবায়নে এখনো তেমন অগ্রগতি নেই।