বিশেষ ব্যবস্থায় বন্দরের পণ্য পরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে ট্রাক-কার্ভাড ভ্যানের স্বাভাবিক চলাচল বন্ধ থাকে। এ কারণে চট্টগ্রাম বন্দরের আমদানি পণ্য জেটির বাইরে নিয়ে যাওয়া এবং রপ্তানি পণ্য ঢোকানোর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। বিষয়টি মাথায় রেখে বন্দর কর্তৃপক্ষ হরতালেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থায় দিনের বেলায় সম্ভব না হলে রাতে বন্দর থেকে পণ্য ও কন্টেইনার খালাস নেওয়া এবং ঢোকানো হচ্ছে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বন্দর এবং সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর খোলা রাখা হচ্ছে। এ জন্য হরতাল শুরুর আগে আগে বেশি রপ্তানি পণ্য জেটিতে ঢোকানো হচ্ছে। একইভাবে জেটি থেকে খালাস নেওয়া হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি পণ্য ভর্তি কন্টেইনার । এইসব কর্মকাণ্ড চালানোর প্রয়োজনে বন্দরের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সকল ছুটি-ছাটা বাতিল করা হয়েছে। বন্দরের ট্রাফিক বিভাগে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। কোনো ব্যবসায়ী তাঁর পণ্য পরিবহনের নিরাপত্তাহীনতার কথা মনে করলে এই নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করে সহজেই পুলিশি পাহারা পাবেন। আর আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট ব্যাংক ও কাস্টম হাউসে সার্বক্ষণিক কাজ চালিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের পরিচালকের (পরিবহন) কার্যালয় কক্ষে বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বন্দর কর্মকর্তা ছাড়াও শিপিং এজেন্ট, তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, বেসরকারি অভ্যন্তরীণ পণ্যাগার (আইসিডি), বার্থ অপারেটর, শুল্ক বিভাগ, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান, পুলিশ বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, হরতালের সময় বন্দর শ্রমিকদের যাতে আলাদাভাবে চিহ্নিত করা না যায়, সে জন্য তাদের সাদা পোশাকেই কাজে পাঠানো হয়। স্বাভাবিক নিয়মে বন্দর জেটিতে কর্মরত শ্রমিকদের জন্য নির্ধারিত পোশাক রয়েছে। জানা গেছে, এসব সিদ্ধান্তের সুফল পাওয়া গেছে গত বুধবার ও বৃহস্পতিবারের হরতালে। এই হরতালের রাতে স্বাভাবিকের চেয়ে বেশি পণ্যভর্তি কন্টেইনার জেটিতে ঢোকানো হয়েছে রপ্তানির জন্য। তবে জেটি থেকে খালাস হয়েছে তুলনামূলক কম। বিশেষ করে চট্টগ্রাম শহরের বাইরের এলাকার কোনো পণ্য ওই দুই দিনের হরতালে পরিবহন করা হয়নি। বন্দরের হিসাবে দেখা যায়, দুই দিন হরতালের রাতে চট্টগ্রাম বন্দরের জেটিতে রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনার ঢুকেছে দুই হাজার ৩৪৭ টিইইউএস (প্রতিটি কন্টেইনারের দৈর্ঘ্য ২০ ফুট হিসাবে)। স্বাভাবিক সময়ে দুই দিনে এক থেকে দেড় হাজার টিইইউএস কন্টেইনার জেটিতে ঢোকার কথা। বন্দর কর্মকর্তারা জানান, হরতালের রাতে খালাস না হলেও গত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বন্দরে পণ্য ও কন্টেইনার খালাস হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। এই দুই দিনে গড়ে এক হাজার ৮০০ টিইইউএস কন্টেইনার খালাস হয়, যা স্বাভাবিক সময়ে এক হাজার ৫০০ টিইইউএস কন্টেইনার। বিশেষ ব্যবস্থা গ্রহণের কারণে হরতালের প্রভাব বন্দরের কর্মকাণ্ডে তেমন পড়ছে না বলে জানা গেছে। এ প্রসঙ্গে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরোয়ার প্রথম আলোকে বলেন, ‘বিশেষ ব্যবস্থা নেওয়ার কারণে এখন বন্দরে হরতালের কোনো প্রভাব পড়ছে বলে মনে হয় না। তিনি বলেন, দেশের রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন, বন্দরকে তো বাঁচাতে হবে।