বিশেষ রেন্ট-এ কারে ঈদযাত্রা
রনি বলল, ‘দোস্ত, স্বপ্নে দেখলাম, আমি নাসার রকেট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আছি। কাউন্টার থেকে বলে দিয়েছে টিকিট শেষ। হতাশায় ক্রিকেটার স্টাইলে ময়দান ছাড়ছি না, এখানে তো আর আম্পায়ার নেই, যদি থাকে, বড়জোর কালোবাজারি থাকবে। হলোও তাই। মহান এক কালোবাজারির সৌজন্যে একটা টিকিটের ব্যবস্থাও হয়ে গেল। আমি টু ব্যাক করে রকেটে উঠে গেলাম। রাস্তায় ধুলাবালি, কিছু কসমিক পাথর, আর ব্ল্যাকহোল নামে পরিচিত খানাখন্দ থাকলেও ঢাকা-ময়মনসিংহ সড়কের মতো এত সমস্যা না থাকায় ঈদের আগেই আমি মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছালাম।’ আমি বললাম, ‘অত্যন্ত বাস্তবসম্মত স্বপ্ন, কিন্তু আমি তো দেখেছি পুরোই অবাস্তব একটা স্বপ্ন।’রনি বলল, ‘কী স্বপ্ন?’আমি বললাম, ‘কী আর? দেখলাম, রংপুরের বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। ছোট্ট লাইন, টিকিট পেতে কোনো সমস্যাই হলো না। বাসও সঠিক সময় চলে এসেছে এবং জীবনে প্রথমবারের মতো আমি বাড়িতে সঠিক সময় পৌঁছে গেলাম।’ রনি হাসি থামাতেই পারছে না, ওকে একা দোষ দিয়ে লাভটা কী, মাকে এই অবাস্তব স্বপ্নের কথা বলতেই মা বললেন, ‘বাবা, এই ঈদটা তুমি ঢাকাতেই করো, বাড়িতে আসার দরকার নাই। স্বপ্নটা সুবিধার মনে হইতাছে না। ঈদ ঢাকা আর রংপুরে একই রকম। ঢাকায় যেমন বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নাটক দেখায়, রংপুরেও একই রকম দেখায়। কোনো পার্থক্য নাই। শুধু শুধু কষ্ট করে বাস জার্নি কেন?’আমি বললাম, ‘জি আম্মা!’মা বললেন, ‘তোমার গলায় মন খারাপ ভাব আছে। এইটা কোনো কথা? ঢাকায় ঈদে কোনো জ্যাম থাকে না, জ্যামহীন ঢাকায় থাকার সুযোগ পেলে আমি ঢাকা থেকে একচুলও নড়তাম না।’ অসাধারণ এক অভিজ্ঞতা, সেই রাতেই মা আবার ফোন দিলেন, ‘বাবা, তোমার মামা আমাকে ঈদের খরচের জন্য কিছু টাকা পাঠাইছেন। তুমি এক কাজ করো, কাল-পরশু রেন্ট-এ কার থেকে একটি ভালো মাইক্রো ভাড়া করে বাড়িতে চলে এসো। এলে আমি ভাড়া দিয়ে দেব।’ আমি বললাম, ‘কী বলো মা, এত টাকা খরচের দরকার কী? ঢাকায় ঈদে নাকি এমনিতেই অনেক মজা হয়।’ মা বললেন, ‘এইটা কোন কথা, আমি বেঁচে থাকতে তুমি আমাকে ছাড়া ঈদ করবা?’কী আর করা? নো অপশন!আমি রেন্ট-এ কারে ফোন দিলাম। ভালো একটা গাড়ি লাগবে। ‘পৌঁছে যাবে, স্যার।’ সকালবেলায় গাড়ি দেখে আমার চোখ তো ছানাবড়া। এই গাড়ি রাস্তায় কেন? এর তো থাকার কথা কটকটিওয়ালার ঘরে। ড্রাইভার সাহেব বয়সে বেশ বাচ্চাকাচ্চা টাইপের। হেভি ভাব। অল্প বয়সেই ড্রাইভার হয়ে গেছে, ভাব তো একটু মারবেই। পান খেয়ে বয়সী হওয়ার বৃথা একটা চেষ্টা আছে বলে মনে হলো। দরজায় টান দিলাম, মচমচ করে খুলতে গিয়েও হঠাৎ আটকে গেল। ড্রাইভার বিরস মুখে নেমে এসে কী একটা কায়দা করে টান দিল, দরজা কষ্টেশিষ্টে খুলল, সঙ্গে লকটাও ভেঙে খুলে পড়ল। মনে মনে বললাম, এই গাড়ির তো দেখি সবই খোলে, কেবল দরজা ছাড়া। ভয়ংকর একটা শব্দ করে গাড়ি চলতে শুরু করল। আবার মনে মনে বললাম, এই গাড়ির মনে হয় সবই বাজবে কেবল হর্ন ছাড়া। ও হ্যাঁ, আরেকটা জিনিসও বাজবে, সেটা হলো আমার বারোটা। বললাম, ‘ড্রাইভার সাহেব, ড্যাশ বোর্ডটায় এত বড় ফাটল যে?’ড্রাইভার বলল, সামনের সিটে এক ভদ্রলোক বসেছিলেন, এটা ওনারই কাজ।’‘কেন তিনি কী করছিলেন?’‘তা তো জানি না। হঠাৎ এক ভাঙা রাস্তায় বিরাট ঝাঁকুনি খেলাম। রাস্তাঘাট ভালো না, ও রকম হতেই পারে। কিন্তু ভদ্রলোকের চিৎকার শুনে চেয়ে দেখি, তাঁর কপালে রক্ত, ড্যাশ বোর্ডটাও ফেটে গেছে।’ আমি ভয়ে ঢোক গিলতে গিলতে বললাম, ‘এত বড় গর্তটা আপনি দেখলেন না। গর্ত দেখব কীভাবে, আমার চোখের অবস্থা খুব একটা ভালো না, ঝাপসা দেখি। ডাক্তার বলেছেন, আমি নাকি কালার ব্লাইন্ড। লাল-সবুজ আলাদা করতে পারি না।’আমি আতঙ্কিত গলায় বললাম, ‘তাহলে সিগন্যালগুলোয় থামেন কী করে?’‘কেন, যাত্রী যখন আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়, তখন থেমে যাই।’ আমি বললাম, ‘ভাই, আপনি লাইসেন্স পেলেন কী করে?’ সে বলল, ‘আপনি তো ভাই দেশের কোনো খবরই রাখেন না। নৌমন্ত্রী না বলেছেন, গরু-ছাগল চিনলেই লাইসেন্স দিয়ে দেওয়া উচিত।’ ড্রাইভার কথা বন্ধ করে মোবাইলে ফোন দিল। আমি যথেষ্ট বিনয় নিয়ে বললাম, ‘ভাই, গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা নিষিদ্ধ।’ ড্রাইভার বলল, ‘কিন্তু মোবাইলে কথা না বললে আমি গাড়ি চালাব কী করে?’আমি বললাম, ‘মানে?’‘মানে হলো, প্রায়ই আমি গাড়ি চালানোর নানা ব্যাপার-স্যাপার ভুলে যাই। তখন ওস্তাদকে ফোন দিতে হয়, জি ওস্তাদ, থার্ড গিয়ারটা কেমনে লমু?’ গিয়ারটা চেঞ্জ করে সে একটু ফাঁকা পেয়েই গাড়ি টান দিল। আমি বললাম, ভাই আস্তে চালান, আপনাকে আপনার মন্ত্রী গাড়ি চালানোর লাইসেন্স দিছে, প্লেন চালানোর না। সে গলার আবেগ চেপে বলতে লাগল, ‘মন্ত্রী সাহেবরে টিজ করেন না, গায়ে লাগে। তাঁর জন্য ২৪ হাজার পরিবার খাইয়া-পইরা বাঁচব। যে আমি লাইসেন্স পাওয়ার আগে রেডিওর নব ছাড়া কিছুই ঘুরাইতে পারতাম না, সেই আমি এখন স্টিয়ারিং হুইল ঘুরাই।’ আমার চোখের সামনে মায়ের চেহারা ভেসে উঠল। মাগো, ঈদটা বোধহয় তোমার সঙ্গে করা হবে না। আমি রাগ সামলাতে পারলেও ভয় সামলাতে পারছি না। ‘ভাই, গাড়ি থামান, আমি আপনার গাড়িতে যাব না।’ দু-এক সেকেন্ড কী জানি চেষ্টা করে বলল, ‘এত কথা বলতেছেন কেন? দেখছেন না ব্রেক কাজ করতেছে না।’