বিশেষ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিসফাসটা আগেই ছিল। ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির আফ্রিকাবিষয়ক উপদেষ্টা রবার্ট বুরগি সেই ফিসফাসটাকে রীতিমতো চিৎকারে পরিণত করেছেন। বুরগি অভিযোগ করেছেন, আফ্রিকার অনেক নেতার সঙ্গেই ফ্রান্সের নেতৃস্থানীয় রাজনীতিকদের আর্থিক লেনদেন আছে। সম্প্রতি গণমাধ্যমে বুরগির এই অভিযোগ সমালোচনা ও বিতর্কের ঝড় তুলেছে।আফ্রিকান নেতাদের সঙ্গে আর্থিক লেনদেন আছে বলে যাঁদের নাম এসেছে তাঁদের মধ্যে রয়েছেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক, প্রধানমন্ত্রী দমিনিক দো ভিলেপাঁ এবং শীর্ষস্থানীয় কট্টর ডানপন্থী দল ন্যাশনাল পার্টির সাবেক প্রধান জঁ মারি লো পেন। তবে তাঁরা সবাই বুরগির এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে যা রটে তা কিছু বটেও—এ প্রবচনকে সত্য করে এর মধ্যে কিছু সত্যতার আভাসও পেয়েছেন অনেকেই। স্বাধীনতা পেয়ে ফ্রান্সের ঔপনিবেশিক বলয় থেকে বেরিয়ে আসার ৫০ বছর পরও আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের অনেক দেশের রাজনৈতিক অঙ্গনে ফ্রান্সের একটি সুস্পষ্ট প্রভাব লক্ষণীয়। এই প্রভাব থেকে জন্ম হয়েছে নানা ধরনের স্বার্থসংশ্লিষ্ট লেনদেনের। অনেকে বলেন, শার্ল দ গল যখন ফ্রান্সের প্রেসিডেন্ট, ঠিক তখন থেকেই সাব-সাহারান দেশগুলোর নেতাদের সঙ্গে ফরাসি রাজনীতিকদের ‘লেনদেনের সম্পর্ক’ গড়ে ওঠে। বুরগি লেনদেনের অভিযোগসংবলিত যে বোমাটি ফাটিয়েছেন, সেটা তাঁর দীর্ঘ পর্যবেক্ষণেরই অংশ। বুরগি লক্ষ করেন, সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর পুত্র এই জ্যাক ফোকার্ট প্রায়ই আফ্রিকান নেতাদের জন্য বিভিন্ন রাজনৈতিক বার্তা বয়ে নিয়ে যান। আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের গণতন্ত্রবিহীন অনেক দেশেরই নানা কারণে সাবেক ‘প্রভু’ ফ্রান্সের শীর্ষ রাজনৈতিক মহলের আশীর্বাদের প্রয়োজন রয়েছে। মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা এই ফ্রান্সের সঙ্গে আফ্রিকার অনেক নেতারই সুসম্পর্ক রয়েছে, যাঁরা নিজ দেশে গণতন্ত্র ও মানবাধিকারের আদর্শকে পদদলিত করে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন। তার পরও ফ্রান্স প্রায়ই এ ধরনের নেতাদের বিরুদ্ধে নানা ধরনের তদন্ত ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। অনেকের মতে, বুরগির অভিযোগকৃত সেই লেনদেনের ব্যাপারটি ঘটেছে সেসব তদন্ত বন্ধ করার জন্যই। বিশ্লেষকেরা মনে করেন, নিজ দেশে দোর্দণ্ড প্রতাপশালী ওই আফ্রিকান নেতারা জনগণের সামনে বিব্রত যেন না হন, সে কারণেই তাঁরা ফ্রান্সের নীতি-নির্ধারকদের ‘ঘুষ’ দিয়ে খুশি করে থাকেন। একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি বোঝানো যায়। ২০০৪ সালে ব্রাজাভিল কঙ্গোর পুলিশপ্রধান জঁ ফ্রাঁসোয়া এদেঁগেতকে ফ্রান্স ভ্রমণের সময় গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৯৯৯ সালে ৩৫৩ জন বিরোধী রাজনৈতিক কর্মী গুমের অভিযোগ আনা হয়। এ ব্যাপারে একটি বিভাগীয় তদন্তও শুরু করে ফ্রান্সের পুলিশ। কিন্তু খুব ঢাকঢোল পিটিয়ে এদেঁগেতকে গ্রেপ্তার করা হলেও আটকের দিন মধ্যরাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি দেশে ফিরে যান। আফ্রিকা এখন ফ্রান্সের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক গন্তব্য না হলেও কূটনৈতিক নানা কারণে আফ্রিকা মহাদেশ ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ। আফ্রিকার দেশগুলোর ভোটের জোরেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক হতে পেরেছেন সাবেক ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টিন লাগার্দ।কাজেই বুরগি যতই অভিযোগ তুলুন আফ্রিকা-ফ্রান্সের মধুর সম্পর্ক তাতে প্রভাবিত হওয়ার সম্ভাবনা কমই। নাইর ইকবাল