বিশেষ শিশুদের ভুবনজয়ী কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি গান গাইতে ভীষণ ভালোবাসি। যেকোনো ধরনের গানই আমার পছন্দ। অনেক বড় শিল্পী হতে চাই।’ নিজের স্বপ্নের কথা এভাবেই জানাল প্রতিবন্ধী শিশু আইনীনা আজিজ। বুদ্ধিপ্রতিবন্ধীদের জাতীয় সংগঠন সুইড বাংলাদেশ কর্তৃক পরিচালিত ল্যাবরেটরি মডেল স্কুলে ভোকেশনাল বালিকা শাখার শিক্ষার্থী সে। প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুরা সমাজে আজও অবহেলিত। তাদের প্রতি নেতিবাচক ধারণা রয়ে গেছে সমাজের অধিকাংশ মানুষের মধ্যে। আর অন্যদিকে শিশুর জন্য যে অধিকারগুলো রয়েছে, সেগুলোও তারা পায় না। তবুও এই অধিকারবঞ্চিত শিশুরা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাচ্ছে। নিজেদের মেধার স্বাক্ষর রাখছে বিভিন্ন অঙ্গনে। এ রকম কিছু প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুর সঙ্গে কথা হলো ২২ এপ্রিল রমনার ইস্কাটন গার্ডেনের বুদ্ধিপ্রতিবন্ধীদের জাতীয় সংগঠন সুইড বাংলাদেশে।আইনীনা তাদেরই একজন। সে শুধু ভালো গান গাইতে পারে তা-ই নয়, তাকে সবাই চেনে অ্যাথলেট হিসেবে। ২০০৫ সালে ব্রুনাইয়ের এশিয়া প্যাসিফিক স্পেশাল অলিম্পিকে সোনা, রুপা, ব্রোঞ্জ—তিনটি পদকই পেয়েছে। এরপর ২০০৭ সালে চীনের সাংহাইয়ে স্পেশাল অলিম্পিকে ব্যাডমিন্টন খেলায় আবার তিনটি পদকই পেয়েছে। চার বছর বিরতি দিয়ে আবার অংশ নিল ২০১১ সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে। আর এবারও জিতে নিল একই রকম তিনটি পদক। পাশের চেয়ারে বসে চুপচাপ কথা শুনছিল রিদওয়ান রেজা। সবাই রাব্বি নামেই চেনে। সে আইনীনার মতো এত কথা বলে না। থেমে থেমে উত্তর দেয়। রাব্বি ২০১১ সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে অংশ নেয় টেবিল টেনিস খেলায়। জিতে নেয় সোনা ও রুপা।শুধু তা-ই নয়,২০০৯ সালে এশিয়া প্যারা আর্ট টোকিও প্রতিযোগিতায়ও তৃতীয় হয়। টোকিও প্রদর্শনী ২০০৯ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিরে রাব্বির বাংলাদেশের ঘূর্ণিঝড় বিষয়ে আঁকা ছবি ছাপানো হয়। শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, রাব্বি দেশেও হইচই ফেলে দেয় গত বছরের এপ্রিলে। বাংলা নববর্ষ ১৪১৯ সনে প্রধানমন্ত্রীর অফিশিয়াল শুভেচ্ছা কার্ডের প্রচ্ছদটি করেছে রাব্বি। আর এ জন্য রাব্বি প্রধানমন্ত্রীর কাছ থেকে তিন লাখ টাকা পুরস্কার পেয়েছে। ওদের সঙ্গে কথা বলতে বলতে আরও কয়েকজন তারকাশিশু এসে হাজির হলো। শিউলি আক্তার ২০১২ সালের ব্রুনাইয়ের স্পেশাল অলিম্পিকে বউচি খেলায় তিনটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। এর আগে ২০০৫ সালে ব্রুনাইয়ের এশিয়া প্যাসিফিক স্পেশাল অলিম্পিক ও ২০০৭ চীনের সাংহাইয়ে স্পেশাল অলিম্পিকে ব্যাডমিন্টন খেলায় সর্বমোট ছয়টি পদক জিতেছে। শিউলি বলে, ‘আমি খেলাধুলা নিয়েই থাকতে চাই। আর বাবা-মায়ের সেবা করতে চাই।’ সুইড বাংলাদেশ শিউলিকে পুনর্বাসিত করেছে। সে সুইড বাংলাদেশে শিক্ষা সহকারী হিসেবে কাজ করছে।তারিকুল আলম খন্দকার অটিস্টিক শিশু। সব প্রতিবন্ধকতা জয় করে সে ২০১২ সালে ব্রুনাইয়ের স্পেশাল অলিম্পিকে বোচি খেলায় তিনটি সোনা ও একটি রুপা জিতে নেয়।আরেকজন খুদে চিত্রশিল্পী সাইদুল হুদা ওরফে দোদুল। নিজে কিছুই বলতে পারল না। ওর শিক্ষক মাকসুদুর রহমান জানান, ‘দোদুল ২০০৯ সালে এশিয়া প্যারা আর্ট টোকিও প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে।’আরেক অটিস্টিক শিশু কামরুল হাসান সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ে ওয়ার্ল্ড উইন্টার গেমসে ফ্লোর হকি খেলায় একটি সোনা জিতেছে।কথা হলো সুইড বাংলাদেশের পরিচালক নুরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘জনগণের মধ্যে এখনো বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে নানা নেতিবাচক ধারণা রয়ে গেছে। আমরা চেষ্টা করছি, এই ধারণাগুলো দূর করার জন্য। আমাদের প্রতিষ্ঠান এই শিশুদের জন্য বিশেষ শিক্ষা প্রশিক্ষণ প্রদান করে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিশেষ শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে যতটা সম্ভব বিশেষ শিশুদের সামাজিকী করে পুনর্বাসন করা।’তিনি বলেন, ‘সারা দেশে আমরা ৮১টি স্কুল পরিচালনা করছি। আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে আট হাজার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশু। আমাদের এই প্রতিষ্ঠানেই তিনজন বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এভাবে সবাই এগিয়ে এলে নিশ্চয়ই একদিন ওরা বহু দূর এগিয়ে যাবে।’শুধু সুইড বাংলাদেশই নয়, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়েও অনেকেই এসব বিশেষ শিশু ও তাদের পরিবারের উন্নয়নে কাজ করছে। এরকম একটি সংগঠন ‘প্যারেন্টস ফোরাম ফর ডিফরেন্টলি অ্যাবল।’ এটি এই ধরনের বিশেষ শিশুদের বাবা-মায়ের সমর্থনে ও পরিচালনায় গঠিত একটি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন। এদের উদ্দেশ্য সব বাবা-মাকে একই নেটওয়ার্কে এনে তথ্য আদান-প্রদান করে নিজেদের দুঃখ-কষ্ট ভাগ করা। নিজেদের মধ্যে একটি সমঝোতামূলক বন্ধন তৈরি করার জন্য একটি ভিত্তিভূমি হিসেবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সংগঠনের প্রেসিডেন্ট সাজিদা রহমান ওরফে ড্যানি নিজেও একজন বিশেষ শিশুর মা। তাঁর সন্তান সিয়াম উল করিমের বয়স ১৮ বছর। সিয়ামের সার্বিক উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। ফলে সিয়াম আগে নিজের নামটি বলতে না পারলেও আজ মায়ের চেষ্টার ফলে নিজের অধিকারের কথা বলতে পারছে। সিয়াম এ বছর ও লেভেল পরীক্ষা অংশ নেবে। সাজিদা রহমান তাঁদের সংগঠন সম্পর্কে বলেন, ‘ ২০১১ সালের সেপ্টেম্বর থেকে এই সংগঠনের যাত্রা শুরু। আমরা তিন ধরনের কাজ করে থাকি। প্রথমত, আমরা পরিবারগুলোকে প্রশিক্ষণ দিই। তাদের সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করি। কাউন্সেলিংয়ের ব্যবস্থা করি। দ্বিতীয়ত, সামাজিক পর্যায়ে আমরা বিভিন্ন দাবি তুলে ধরার চেষ্টা করি। আর তৃতীয়ত, আমরা ওদের সব ধরনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছি।’