বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মাত্র তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ৫০ শয্যায় উন্নীত করা হয় ২০০৯ সালের জুনে। ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর বাড়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পদও। কিন্তু পদ বাড়লেও পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের স্থলে কর্মরত আছেন মাত্র তিনজন। তা-ও গাইনি বিভাগের কনসালটেন্ট ছুটিতে। হাসপাতাল সূত্র জানায়, গাইনি বিভাগের চিকিৎসক শায়েরা শরীফা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি শেষে গত ১৯ জুলাই যোগদান করেন। এরপর ১ আগস্ট থেকে আবারও তিন মাসের ছুটিতে চলে গেছেন। বর্তমানে কর্মরত আছেন শিশু বিশেষজ্ঞ গোলাম মোস্তফা এবং সার্জারি বিশেষজ্ঞ শেখ আবদুল্লাহ। শূন্য রয়েছে মেডিসিন, অবেদনবিদ (অ্যানেসথ্যাটিস্ট), অর্থোপেডিক, ডেন্টাল, চক্ষু, চর্ম ও যৌনরোগ, হূদেরাগ ও ইএনটি কনসালটেন্টের পদ। এ ছাড়া সেবিকা ১৫ জনের মধ্যে কর্মরত আছেন সাতজন, তৃতীয় শ্রেণীর কর্মচারীর ৬৬টি পদের বিপরীতে ১৮ জন এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর ২৫টি পদের মধ্যে কর্মরত আছেন ১৬ জন। এমনকি পরিছন্নতাকর্মীর পাঁচটি পদ থাকলেও আছেন মাত্র একজন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাবিবুল করিম বলেন, নির্ধারিত শয্যার চেয়ে দ্বিগুণেরও বেশি রোগী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন চার শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে আসে। কিন্তু সে অনুযায়ী চিকিৎসক নেই। এতে কর্মরত চিকিৎসকদের হিমশিম খেতে হয়।৮ আগস্ট সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের এক্স-রে যন্ত্রটি নষ্ট হয়ে পড়ে আছে। এদিকে বহির্বিভাগে রোগীর ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। আবার বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগী ফিরে যাচ্ছেন। তাঁদের সেবা নিতে হচ্ছে প্রাইভেট ক্লিনিকে।চিকিৎসাসেবা নিতে আসা পৌর এলাকার বাসিন্দা সায়েদুল হক (৩২) বলেন, ‘আমি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে এসেছিলাম। কিন্তু হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ নেই। একজন মেডিকেল কর্মকর্তাকে দেখালে তিনি ফেনী সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।’ একটি বেসরকারি উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক অরূপ চৌধুরী (৩৫) জানান, তিনি দাঁতের সমস্যা নিয়ে আসেন। কিন্তু ডেন্টাল চিকিৎসক না থাকায় তাঁকে প্রাইভেট ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।এ প্রসঙ্গে উপজেলা স্থাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সাজেদা খাতুন বলেন, হাসপাতালের চিকিৎসকদের শূন্য পদ পূরণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আর এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে আছে এক বছর ধরে।