বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এ কারণে হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যায় না। এদিকে, প্রতিদিন হাসপাতালে আসা রোগীর সংখ্যা বাড়ছে। তাই ধারণক্ষমতার অতিরিক্ত হলেও রোগী ভর্তি করতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়তি রোগীদের সঠিক সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে এই হাসপাতালে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের বিপরীতে তিনজন কর্মরত আছেন। আর ৫০ শয্যার হাসপাতালে গত ১৫ দিনে রোগী ছিলেন গড়ে ৮৩ জনের অধিক।হাসপাতালের আবাসিক চিকিৎসক সনজীব ত্রিপুরা বলেন, হাসপাতালের মূল প্রাণ হলো বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাঁদের নেতৃত্বে সাধারণত হাসপাতালের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ হাসপাতালে সাধারণত দূর-দূরান্ত থেকে বিভিন্ন উপজেলার জটিল রোগের রোগীরা আসেন। এসব রোগীকে চিকিৎসা কর্মকর্তারাই সেবা দিচ্ছেন। তিনি আরও বলেন, সম্প্রতি ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন কর্মস্থলে যোগ দিলেও বাকিরা যোগ দেননি। হাসপাতালের অতিরিক্ত রোগী প্রসঙ্গে তিনি বলেন, জটিল রোগী এলে তাদেরকে ভর্তি করা হয়। ধারণক্ষমতার অতিরিক্ত হলেও তাদের ভর্তি করা ছাড়া কোনো উপায় নেই। কারণ, জেলা সদর হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসাসেবা পাওয়া যায় না।খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার থানাপাড়া থেকে কপিল চাকমা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্থান হয়েছে হাসপাতালের বারান্দায় পাতা একটি বিছানায়। সেই বিছানায় বসে তিনি প্রথম আলোকে জানান, দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি কাশি ও বুকের ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা হাসপাতালে তাঁকে ভর্তি করা হলেও রোগী বেশি হওয়ায় তাঁর জন্য বারান্দায় বিছানা পাতানো হয়েছে। তিনি বলেন, ডাক্তাররা ঠিকই পরিদর্শনে আসেন। কিন্তু রোগী বেশি হওয়ায় রোগীদের বেশি সময় দিতে পারেন না।খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরী বলেন, ‘জেলা সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় উপযুক্ত চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখানে আসতে চান না। চিকিৎসা কর্মকর্তাদের দিয়ে হাসপাতাল চলছে। এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি।’ হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ১০০ শয্যা করার সরকারি অনুমোদন আছে। কিন্তু এই ১০০ শয্যা চালু করার জন্য প্রয়োজনীয় জনবল বাড়ানো হয়নি। তাই ১০০ শয্যা হাসপাতালের কার্যক্রম চালু করা যাচ্ছে না।