বিশেষজ্ঞদের নিয়ে পরিচালনা বোর্ড হোক
চট্টগ্রাম বন্দরের অবনতিশীল পরিস্থিতির কারণ হিসেবে বন্দরের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবকেই দায়ী করেছেন চট্টগ্রাম চেম্বারের জেষ্ঠ্য সহ-সভাপতি এম এ ছালাম। প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বন্দর পরিস্থিতি নিয়ে এ কথা বলেন। তাঁর সাক্ষাৎকার তুলে ধরা হলো।প্রথম আলো: বন্দরের দক্ষতার সব সূচকের অবনতি ঘটছে। এ কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়ছে?এম এ ছালাম: বন্দরের দক্ষতা কমে গেলে পুরো অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব পড়ে। কারণ এ বন্দর দিয়ে সমুদ্রপথের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের হার প্রায় ৯০ শতাংশ। তবে আমি বলব, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত। কারণ রপ্তানি পণ্য নির্ধারিত সময়ে পরিবহন করতে হয়। বন্দরের জাহাজের গড় অবস্থানের সময় বেড়ে যাওয়ায় ঠিক সময়ে পণ্য রপ্তানি করা যাচ্ছে না।প্রথম আলো: বন্দরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে আপনারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন কী?এম এ ছালাম: তিন মাসের বেশি সময় ধরে বন্দর পরিস্থিতি অবনতিশীল। যেহেতু বন্দর ব্যবহারকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে রমজানে আমরা অবস্থান ধর্মঘট করেছি। বন্দর কর্তৃপক্ষকে সমস্যা উত্তরণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছি।প্রথম আলো: বন্দর কর্তৃপক্ষ কিংবা সরকারের উচ্চপর্যায় থেকে কোনো সাড়া পেয়েছেন?এম এ ছালাম: আগে দেখেছি, বন্দর পরিস্থিতি অবনতি হলে কর্তৃপক্ষ ব্যবহারকারীদের নিয়ে বৈঠকে বসে পরিস্থিতি সামাল দিয়েছেন। এখন কিন্তু সেটা হচ্ছে না। মনে হচ্ছে, বন্দর কর্তৃপক্ষ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। অথচ বন্দর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়েছে। সেখান থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে সরকারের উচ্চপর্যায়ও উদ্বিগ্ন।প্রথম আলো: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের পর পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে বলে মনে করেন?এম এ ছালাম: প্রধানমন্ত্রীর কার্যালয়ের বৈঠকের পর এখন আশা করছি, পরিস্থিতির উন্নতি হবে। সেটি দেখার জন্যই এখন অপেক্ষা করছি। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি উন্নয়নের কোনো অবস্থা দেখছি না। প্রথম আলো: বন্দর পরিস্থিতি উন্নয়নে কী করণীয় আছে বলে মনে করেন?এম এ ছালাম: বন্দর পরিস্থিতির অবনতি থেকে উত্তরণ খুব কঠিন বিষয় নয়। কারণ এখন যাঁরা বন্দর চালাচ্ছেন তাঁরাই আগে বন্দরের দক্ষতা বাড়িয়েছেন। আমি মনে করি, বন্দর পরিচালনার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন পরিচালনা বোর্ড থাকলে এ ধরনের পরিস্থিতি সহজে মোকাবিলা করা যেত। পরিস্থিতিও এত খারাপ হতো না।